০৪:৫৮ পি.এম
বরিশালে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।
সোমবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার উল্লেখ করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যের কথা বলেছেন। তিনি বলেন, তাঁর ‘মানুষ’ কবিতায় ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান গাওয়া হয়েছে। নজরুলের নীতি, আদর্শ ও সাম্যের চেতনা সমাজ ও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তিনি আরও বলেন, “সমতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে।” নতুন প্রজন্মকে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত করে নজরুলচর্চায় উদ্বুদ্ধ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী হোসনে আরা, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল জব্বার, জেলা কালচারাল কর্মকর্তা তানভীর রহমানসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জাতীয় কবির কালজয়ী তিনটি গান—‘চল চল চল’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘একি অপরূপ রূপে মা তোমার’—সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকেরা জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
আয়োজকদের প্রত্যাশা, এই সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও সাম্যের দর্শন ছড়িয়ে পড়বে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চার প্রতি নতুন আগ্রহ তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন