মোঃসজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৬ এম
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের খোকড়া গ্রামে বসতবাড়ির সিঁড়িঘরের নিচে রাখা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া মোটরসাইকেলটি বাজাজ কোম্পানির ডিসকভার ১২৫ সিসি, লাল ও কালো রঙের। মোটরসাইকেলটির ডিজিটাল নম্বর প্লেট পাবনা-হ-১৭১৬৯৬। এর মালিক মোঃ কাওছার হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কাওছার হোসেন মোটরসাইকেলটি নিজ বাড়ির সিঁড়িঘরের নিচে রেখে ঘরের ভেতরে যান। পরে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে বাইরে এসে মোটরসাইকেলটি সেখানে দেখতে পাননি।
এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি। পরে এ বিষয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মালিক কাওছার হোসেন। কারও কাছে মোটরসাইকেলটির বিষয়ে কোনো তথ্য থাকলে তাকে অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরে শ্রমিক আন্দোলনের নামে সড়ক অবরোধ, পোশাক কারখানায় ভাঙচুর এবং নাশকতা ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর যুবদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ছাত্রদল নেতা মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে সাজেদুল ইসলাম বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো বহিরাগত কিংবা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিরোধে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। পরে গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গাজীপুরা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকার যাত্রী ছাউনিতে অবৈধ দখল উচ্ছেদ করে তা দখলমুক্ত করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। একই সঙ্গে যাত্রী ছাউনিতে অবৈধভাবে স্থাপন করা গ্রিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার যাত্রী ছাউনিটি পরিদর্শন করেন। এ সময় ছাউনির জায়গা দখল করে বিভিন্ন সরঞ্জাম রাখার বিষয়টি দেখতে পান তিনি। পরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ছাউনিটি যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয়।
পুলিশ সুপারের নির্দেশে অবৈধভাবে স্থাপিত গ্রিল ও অন্যান্য সরঞ্জাম জব্দের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে যাত্রী ছাউনিটি পুনরায় দখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনিটির একটি অংশ দখল হয়ে থাকায় সাধারণ যাত্রীদের সেখানে বসার ও অপেক্ষা করার সুযোগ কমে গিয়েছিল। পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে ছাউনিটি দখলমুক্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা বলছেন, জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনা অবৈধভাবে দখল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে তা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ ধরনের দখলের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ