শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২০ এম
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর কৃষিজমির চিত্র পরিবর্তিত হচ্ছে। বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে তিন-চারতলা বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অধিকাংশ ভবন জনশূন্য ও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সংযোগ নেই, চলাচলের জন্য উপযোগী রাস্তা নেই। এসব ভবনে যেতে হলে জমির আইল ধরে হাঁটতে হয়। ভবনের চারপাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা বা নাগরিক সুবিধার অভাব রয়েছে। তবুও নির্মাণকাজ অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় পরিকল্পিতভাবে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। কয়লা খনির কিছু কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, খনির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জমির মালিকদের সঙ্গে যোগসাজশ করে বেনামে বা দালালের মাধ্যমে এসব নির্মাণকাজে বিনিয়োগ করছেন। সাংবাদিকরা ভবনগুলোর তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে কৃষিজমির মধ্যে গড়ে ওঠা এসব বহুতল ভবনের পেছনে কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে অর্থায়ন করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট অফিসের এক কর্মকর্তা জানান, মূলত জমির মালিকরা খনির কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে কৃষিজমিতে কোনো নকশা বা ডিজাইন ছাড়াই দুই থেকে চারতলা পর্যন্ত ভবন নির্মাণ করছেন। তাদের উদ্দেশ্য হল, জমি অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ আদায় করা। অভিযোগ রয়েছে, বাড়তি আয়ের আশায় খনির কিছু কর্মকর্তা জমির মালিকদের এভাবে ব্যবহার করে নিজেদের লাভবান করছেন।
১৯৮৫ সালে এখানে কয়লা খনি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত খনির জন্য ৭৯২.৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খনি সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর উত্তর দিকে আরো ৩০০ একর এবং চলতি বছরের ২০ মে পূর্ব-দক্ষিণ দিকে আরো ১.৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)।
জমি অধিগ্রহণের আগে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। স্থানীয়দের দাবি, অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই খনির উত্তরাঞ্চলীয় গ্রামগুলোতে কৃষিজমি ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রবণতা বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, অধিগ্রহণের সময় বসতবাড়ি ও স্থাপনার বিপরীতে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই কৃষিজমিতে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে বিল্ডিং কোড, নকশা অনুমোদন ও নিরাপত্তাবিধি উপেক্ষা করে দুই শতাধিক তিন-চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবনের মালিকদের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আন্দোলনের নেতা, বর্তমান ইউপি চেয়ারম্যান, কয়লা খনির ২২ কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালীরাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, তিন-চারতলা ভবন নির্মাণের জন্য পার্বতীপুর উপজেলা ইমারত ভবন নকশা কমিটি এবং হামিদপুর ইউনিয়ন পরিষদের অনুমোদন প্রয়োজন। উপজেলা ইমারত ভবন নকশা কমিটির সদস্যরা হলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তবে উপজেলা ইমারত ভবন নকশা কমিটির সদস্যদের দাবি, এসব ভবন নির্মাণের অনুমোদনের জন্য কেউ আবেদন করেননি। হামিদপুর ইউনিয়ন পরিষদ জানিয়েছে, ২০২৪ সালে সীমিত পরিসরে কিছু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও এরপর আর কোনো অনুমোদন দেওয়া হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি গ্রামে সারি সারি বহুতল ভবন গড়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হবে কোনো শহরের আবাসিক এলাকা। অথচ এসব ভবন বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। অধিকাংশ ভবনই জনশূন্য, বিদ্যুৎ সংযোগ নেই, চলাচলের উপযোগী রাস্তা নেই এবং নাগরিক সুবিধার অভাব রয়েছে।
বাঁশপুকুর ও কাজীপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তিন-চারতলা ভবনের অধিকাংশেই কেউ বসবাস করেন না। শুধুমাত্র ক্ষতিপূরণের আশায় এসব ভবন তৈরি করে রাখা হয়েছে। সরকারের উচিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিচিত কেউ ছবি বা ভিডিও ধারণ করতে গেলেই বাধা দেওয়া হয়। এমনকি সাংবাদিকদের তথ্য সংগ্রহেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, জমি অধিগ্রহণের নামে কেউ যেন অবৈধভাবে বাড়তি সুবিধা নিতে না পারেন, আবার প্রকৃত ক্ষতিগ্রস্তরাও যেন ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি কৃষিজমিতে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ তদন্তে খনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফারাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলমসহ জেলা প্রশাসন ও খনির কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। এ সময় ড্রোনের মাধ্যমে ভবনগুলোর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হলেও ভবন মালিকদের বাধার কারণে তা সম্ভব হয়নি।
চলমান একটি নির্মাণকাজে নিয়োজিত এক রাজমিস্ত্রি জানান, প্রায় ৩০ শতক জমির ওপর একটি দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির মালিক কয়লা খনির একজন কর্মকর্তা।
পার্বতীপুর উপজেলা প্রশাসনের দাবি, সাম্প্রতিক জরিপে খনির ২২ কর্মকর্তা-কর্মচারীর ভবনের অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয় দালালচক্রের সহায়তায় এসব বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) আবুল কালাম মুহাম্মদ বদরুল আলমের বিরুদ্ধে কয়েকটি ভবন ও গুদামঘর নির্মাণের অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, "আমি কোনো বিল্ডিং বা গুদাম করিনি। আমার স্ত্রীর নামে ওই এলাকায় জমি ছিল। সেখানে তার নামে একটি গুদামঘর রয়েছে।"
হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, ভবন নির্মাণে অনুমতি প্রয়োজন হলেও গ্রামের মানুষ অনেক সময় তা মানেন না। বর্তমানে তিন-চারতলা ভবনের অনুমোদন উপজেলা কমিটির মাধ্যমে দেওয়া হয়।
তিনি জানান, বাঁশপুকুর ও কাজীপাড়া গ্রামে প্রায় ১৫০টি এবং চৌহাটি মৌজায় প্রায় ৫০টি ভবন নির্মাণ করা হয়েছে। মোট প্রায় ২০০টি ভবনের মধ্যে মাত্র ৪০ থেকে ৫০টির হোল্ডিং রয়েছে। প্রায় দুই বছর ধরে এ ধরনের নির্মাণকাজ চলছে।
হামিদপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জাহেদুজ্জামান জানান, ইউনিয়নের ২৮টি মৌজায় মোট ৯,৫০২ একর জমি রয়েছে। এর মধ্যে কৃষিজমি ৮,৪৯৯ একর এবং অকৃষি জমি ১,০০৩ একর। বহুতল ভবন নির্মাণের কারণে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে।
পার্বতীপুর উপজেলা প্রকৌশলী ও ইমারত ভবন নকশা কমিটির সদস্য মানিক মিঞা বলেন, বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি এলাকায় বহুতল ভবন নির্মাণের অনুমতির জন্য এখন পর্যন্ত কেউ আবেদন করেননি। সবাই নিজেদের ইচ্ছামতো ভবন নির্মাণ করছেন।
বাংলাদেশ পরিবেশ সংগঠন মাপার নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম বলেন, দেশে ছোট-বড় বিভিন্ন ধরনের ভবন ও শিল্পকারখানা নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম উপেক্ষা করে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। বিষয়টি সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জানান, কৃষিজমিতে অপরিকল্পিতভাবে ভবন বা অবকাঠামো নির্মাণ আইনবহির্ভূত। বর্তমান সরকার কৃষিজমি রক্ষায় গুরুত্ব দিচ্ছে। দেশের জনসংখ্যা বাড়ছে, অথচ আবাদযোগ্য জমির পরিমাণ সীমিত। তাই কৃষিজমি নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধ করা জরুরি। বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় যেসব কৃষিজমিতে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলমের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের দিন উদারপন্থী, অভিবাসী এবং একটি সরকারি সংস্থার বিরুদ্ধে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি এসব পক্ষের বিরুদ্ধে প্রতারণা, অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করেন, যা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৪৬১ শব্দের বার্তায় ছুটির শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘যারা আমাদের দেশকে উগ্র বামপন্থার দিকে নিয়ে যেতে এত কঠোর পরিশ্রম করেছেন, তাদের সবাইকে থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে পরিবারের সঙ্গে সময় কাটানোর এই ছুটির দিনটি তিনি উপভোগ করেন। পরে মার-এ-লাগোতে তার বাসভবন থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা ছিল।
বার্তায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য জাল করার অভিযোগে নিজের সরকারের একটি সংস্থার বিরুদ্ধে কথা বলেন। তিনি নাম উল্লেখ না করে কয়েকজনের বিরুদ্ধে মুসলিম ধর্মীয় আইন চালু এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি অন্যদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করার অভিযোগও তোলেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালি বংশোদ্ভূত মানুষকে বেকার ও অপরাধী বলেও মন্তব্য করেন।
তবে তিনি এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। উল্লেখ্য, এর মধ্যে কয়েকটি অভিযোগ তিনি আগেও একাধিকবার করেছেন। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে, হোয়াইট হাউসের সংস্কারকাজের পক্ষেও কথা বলেন ট্রাম্প। তার দাবি, সাংবাদিক ও সাধারণ মানুষ এই সংস্কারকাজের বিষয়টি ভুলভাবে বুঝেছেন। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা রয়েছে দলের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের পতাকা উড়ানোর ঘটনায় জর্জিয়ার পুলিশের সঙ্গে তুরস্কের ফুটবল ক্লাব বেসিকতাসের সমর্থকদের সংঘর্ষ ঘটে।
বৃহস্পতিবার, জর্জিয়ার বাতুমি শহরে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইসরাইলের ক্লাব হাপোয়েল বেয়ারশেভার বিরুদ্ধে খেলতে নামে বেসিকতাস। ম্যাচের ২৬ মিনিটের সময় গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়ানোর কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৩০ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। পরে খেলা পুনরায় শুরু হয় এবং শেষ পর্যন্ত বেসিকতাস ২-১ গোলে জয়লাভ করে।
তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জর্জিয়ার পুলিশ গ্যালারিতে প্রবেশ করে বেসিকতাস সমর্থকদের দিকে মরিচের গুঁড়া স্প্রে করে। এই পরিস্থিতিতে ম্যাচের ডেনিশ রেফারি মর্টেন ক্রগ খেলা বন্ধ করে দেন। তখন দুই দলের কেউ গোল করতে পারেনি এবং স্কোর ছিল ০-০।
নিরাপত্তার কারণে ইস্তাম্বুলে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে তুরস্কের কর্তৃপক্ষ জানালে উয়েফা খেলাটি বাতুমি শহরে স্থানান্তর করে। হাপোয়েল বেয়ারশেভার আগের দুটি অ্যাওয়ে ম্যাচে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বেসিকতাসের বিপক্ষে ম্যাচে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ ছিল।
ম্যাচের আগে এবং চলাকালে সমর্থকদের ওপর জর্জিয়ার নিরাপত্তা বাহিনী ‘মাত্রাতিরিক্ত’ বলপ্রয়োগের অভিযোগ করেছে বেসিকতাস। তুরস্কের ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব সমর্থকের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তুরস্কের ফুটবল ফেডারেশনও বেসিকতাস সমর্থকদের সঙ্গে পুলিশের আচরণের তীব্র নিন্দা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বেসিকতাস সমর্থকদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে তুরস্কের সুপার লিগের আরও কয়েকটি ক্লাব, যার মধ্যে রয়েছে ট্রাবজনস্পোর, ফেনেরবাচে, গালাতাসারাই, এরজুরুমস্পোর, বাসাকশেহির ও সামসুনস্পোর।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে বেসিকতাসের খেলোয়াড়েরা হাপোয়েল বেয়ারশেভার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান।
ম্যাচ শেষে বেসিকতাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় গ্যালারিতে সমর্থকদের হাতে একটি ব্যানার নিয়ে খেলোয়াড়েরা ছবি তুলছেন। ব্যানারে লেখা ছিল, ‘দখলদারত্বের বিরুদ্ধে জেগে ওঠো। ফিলিস্তিনের স্বাধীনতা চাই।’
কূটনৈতিক পর্যায়ে আলোচনা
ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক ও জর্জিয়ার মধ্যে কূটনৈতিক পর্যায়েও আলোচনা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি এ বিষয়ে জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সমর্থকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুস্তাফা চিফচি তুরস্কের সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সমর্থকদের নিরাপদে তুর্কিতে ফিরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি জানান, উয়েফার কর্মকর্তারা সমর্থকদের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা জব্দ করেছিলেন। তিনি দাবি করেন যে, এ ক্ষেত্রে জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি, যা ভক্তির একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২০৬ কোটি রুপি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দম্পতি এই অলংকার মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দানকারী দম্পতি হলেন বর্ধমান জৈন ও রাধিকা জৈন। তারা তিরুমালা তিরুপতি দেবস্থানমের পুরোহিত ও প্রতিনিধিদের হাতে মূল্যবান এই অলংকার তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে রয়েছে হীরাখচিত স্বর্ণালংকারও।
বর্ধমান জৈন, যিনি চেন্নাইভিত্তিক প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘অ্যাক্সেস হেলথকেয়ার’-এর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান, সাধারণত প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন। তিনি এর আগে তিরুপতি মন্দিরে নীরবে বিভিন্ন অনুদান প্রদান করেছেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে দম্পতি জানান, প্রায় ১৫ মাস আগে বর্ধমান জৈন এক ধরনের ‘ঐশ্বরিক নির্দেশনা’ বা অন্তর্দৃষ্টি অনুভব করেন। সেই অনুপ্রেরণা থেকেই তারা ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে স্বর্ণালংকার দানের সিদ্ধান্ত নেন।
দম্পতির ইচ্ছা ছিল, তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের বিগ্রহে প্রতিদিন যে পরিমাণ স্বর্ণালংকার পরানো হয়, তার সমপরিমাণ সোনা দান করা। উল্লেখ্য, বিগ্রহে প্রতিদিন প্রায় ১২০ কেজি স্বর্ণালংকার ব্যবহৃত হয়।
এই লক্ষ্য সামনে রেখে বিশেষ নকশায় মোট ৪৬টি স্বর্ণালংকার তৈরি করেন তারা। এর মধ্যে ১০৬ কেজি সোনা তিরুমালা মন্দিরের জন্য এবং বাকি ১৫ কেজি তিরুচানুর মন্দিরের জন্য দান করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক জীবনে উল্লেখযোগ্য সাফল্য ও উন্নতির জন্য করা মানত পূরণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেও এই দান করেছেন দম্পতি।
অনুষ্ঠান শেষে দম্পতির প্রতি কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি এই দানকে গভীর ধর্মীয় বিশ্বাস ও ভক্তির অসাধারণ বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
নাইডু বলেন, ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে ২০৬ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার দান করা একটি ব্যতিক্রমী কাজ। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই এই জৈন দম্পতি এমন নৈবেদ্য নিয়ে এগিয়ে এসেছেন। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
এ সময় তিনি আরও বলেন, তার সরকার খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক কার্যক্রম জোরদার করবে। মানুষের সেবা করাকে ঈশ্বরের সেবা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্ববোধও ভক্তির গুরুত্বপূর্ণ অংশ।
একই সঙ্গে বিত্তশালী ব্যক্তিদের এই দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ব্যক্তিগত সম্পদের একটি অংশ সমাজকল্যাণ, আধ্যাত্মিক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করে।
এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।
এখন পর্যন্ত চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের মোট ৯টি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগে কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুইবার জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করেছে। এটি বাণিজ্যিক উৎপাদনের আগের ধাপে রয়েছে। ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট। ইউনিটটি দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তারা জানান, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন পরিচালনগত প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে।
এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছিল।
প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট (প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট)। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ