ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির সামনে আবেগাপ্লুত হুম্মাম কাদের


পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির সামনে আবেগাপ্লুত হুম্মাম কাদের

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তানের সংসদ ভবনে গিয়ে নিজের দাদার ছবির সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী এক সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংসদ ভবন পরিদর্শনের সময় তোলা একটি ছবি তিনি নিজের ফেসবুকে শেয়ার করেন। ছবিটি দিয়ে তিনি জানান, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়িয়ে থাকা তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনীতির কাহিনী মনে করিয়ে দেয়।

ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, "ইতিহাসের পাতা যখন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন অনুভূতিটা অন্যরকম হয়।" দাদার ছবির নিচে দাঁড়ানোর সেই মুহূর্তটি তার জন্য ছিল অত্যন্ত আবেগময় এবং গর্বের।

আরও পড়ুন: ইশরাক: আলেম সমাজের ওপর নির্যাতন ভুলে যাওয়ার নয়

হুম্মাম কাদের আরও উল্লেখ করেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে এই ভবনে এসে তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কথা মনে পড়ছে। তার মতে, ইতিহাস কেবল অতীতের কথা মনে করায় না, বরং ভবিষ্যতের দায়িত্বের কথাও বুঝিয়ে দেয়। এই ছবি তার কাছে শুধুমাত্র একটি স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের আত্মার সংযোগ, পারিবারিক রাজনীতির ধারাবাহিকতা এবং মানুষের সেবা করার দায়িত্ববোধের একটি বিশেষ চিহ্ন। ছবির স্থান হিসেবে তিনি পাকিস্তানের ইসলামাবাদের সংসদ ভবনকে উল্লেখ করেন।

এদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে একটি সংসদীয় দল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। এই সফরের অংশ হিসেবে বুধবার তারা পাকিস্তানের সংসদ ভবন পরিদর্শন করেন এবং জাতীয় পরিষদের মূল কক্ষ ঘুরে দেখেন। সে সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদের কাছে ঐ কক্ষের ঐতিহাসিক গুরুত্ব এবং সেখানে আইন প্রণয়নের প্রক্রিয়া তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য তহুরুল ইসলামের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ এম


চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য তহুরুল ইসলামের প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন তহুরুল ইসলাম (৫৬) নামে একজন ইউপি সদস্য।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের ধোপপুকুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন শিবগঞ্জের শ্যামপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য তহুরুল। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঘটনার পর মোটরসাইকেলটি পালিয়ে যায়।

তহুরুল শ্যামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কয়লার দিয়াড় গ্রামের মৃত কফিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সড়কের একপাশে একটি অটোরিকশা থেকে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তহুরুলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশের হাতে সোপর্দ করলেন রবিউল ইসলাম নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশের হাতে সোপর্দ করলেন রবিউল ইসলাম নয়ন

নাশকতার ছক কষার অভিযোগে পুরান ঢাকার চকবাজার থেকে এক যুবলীগ নেতাকে আটক করার পর পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আটক যুবলীগ নেতাকে পুলিশে দেওয়ার আগে পুরান ঢাকার প্রসিদ্ধ পনির ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

এই ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে নয়ন জানান, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য পেয়ে তারা দ্রুত গিয়ে তাকে হাতেনাতে ধরেন। এরপর তাকে ফল খাইয়ে নাশকতার চেষ্টার কারণ জানতে চান এবং যে নেতা চলে গেছেন, তার কথায় আর দেশে অরাজকতা না ছড়াতে বোঝান।

ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি লেখেন, সমালোচক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার ছড়াচ্ছে যে তিনি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। অথচ আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন যখন তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল, তখন এরা চুপ ছিল এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল; এখন তাদের বিবেক জেগে উঠেছে। তবে নাশকতার কোনো চেষ্টা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, এর ঠিক আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন নয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রশাসন একটি ৬৩৬ বছরের পুরোনো মসজিদ, ঐতিহাসিক সমাধিসৌধ এবং এক ডজনের বেশি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া সিমহস্থ মহাকুম্ভের প্রস্তুতির উদ্দেশ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এই ঘটনার নিন্দা করে বলেছে, এটি বেআইনি, অন্যায় এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। সংগঠনটি ক্ষতিগ্রস্তদের আইনি ও নৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে পাঠানো এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস এ বিষয়ে কথা বলেন। তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন হিসেবে অভিহিত করেন। খবরটি মাকতুব মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৫টার দিকে রেলওয়ে প্রশাসনের কর্মকর্তারা বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে উজ্জয়িনীর মাধব নগর রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত হন। এ সময় আধাসামরিক বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। পরে বুলডোজার দিয়ে ঐতিহাসিক সমাধিসৌধ, মসজিদ এবং মাজারগুলো ভেঙে ফেলা হয়। একই অভিযানে মসজিদ কালান্দারি এবং মুতাওয়াল্লির (ওয়াক্‌ফ সম্পত্তির তত্ত্বাবধায়ক) বাসভবনও গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

ওয়াক্‌ফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভী জানান, জমিটি নিয়ে বিরোধের বিষয়টি বর্তমানে ভোপালের ওয়াক্‌ফ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, এক ব্যক্তিকে কাল্পনিক ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে ভোরে স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। বোর্ডের মতে, ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের জবরদস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত হয়নি। অভিযানে পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মসজিদ কমিটির দাবি, ১৩৯০ সালে নির্মিত মসজিদটির বয়স প্রায় ৬৩৬ বছর। মহাকুম্ভ আয়োজন এবং অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। তবে ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করার অজুহাত গ্রহণযোগ্য নয়।

বোর্ডের মুখপাত্র জানান, কাজী মওলানা আরিফ নদভী ও স্থানীয় দায়িত্বশীলদের আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন। ক্ষতিগ্রস্ত কমিটিকে প্রয়োজনীয় আইনি ও নৈতিক সহায়তা দেওয়া হবে। বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করার উদ্যোগেও বোর্ড সমর্থন জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে ভারতের সংবিধানের ১৪, ২৫, ২৬ ও ৩০০-এ অনুচ্ছেদে স্বীকৃত আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার ও সুরক্ষার নীতি লঙ্ঘিত হয়েছে।

ড. ইলিয়াস অভিযোগ করেছেন, বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাত ও প্রশাসনিক পদক্ষেপের আড়ালে ঐতিহাসিক মসজিদ, সমাধিসৌধ ও মাজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
১৪ ঘণ্টা অবরুদ্ধ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদ শিক্ষার্থীদের বিক্ষোভের চাপে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন। প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ডিবি পুলিশের প্রহরায় তিনি কক্ষ ত্যাগ করার সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা চালায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও নগর কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় তিনি পুলিশকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ক্যাম্পাস ও পুলিশ সূত্রে জানা যায়, অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তুলে শিক্ষার্থীরা দুই দিন ধরে আন্দোলন করছিলেন। মঙ্গলবার সকাল থেকে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর আন্দোলনকারীরা মারমুখী হয়ে ওঠে এবং রাত ১১টার দিকে তাকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করে।

সংঘর্ষের ঘটনায় পালটাপালটি অভিযোগ করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন ছিল; কিন্তু শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে তাণ্ডব চালিয়েছে। রাতে ডিবি পুলিশ অধ্যক্ষকে সরিয়ে নেওয়ার সময় শিবিরের কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতা করতে গেলে আমাদের ও স্থানীয় সাতজন আহত হন।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিবিরের নীতিগত সমর্থন ছিল; কিন্তু ক্যাম্পাসে যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার সঙ্গে ছাত্রদলের সন্ত্রাসী ও বিএনপি-সমর্থিত বহিরাগতরা জড়িত। বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষার্থীরা তা প্রতিহত করে। এতে সাধারণ শিক্ষার্থীদের প্রায় ১৫ জন আহত হয়েছেন। শিবিরের কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন।’

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দিনভর শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা হয়। রাতে ক্যাম্পাসে কিছু অচেনা মুখ সশস্ত্র অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অধ্যক্ষকে নিরাপদে সরিয়ে আনতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ক্যাম্পাসে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%