প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রশাসন একটি ৬৩৬ বছরের পুরোনো মসজিদ, ঐতিহাসিক সমাধিসৌধ এবং এক ডজনের বেশি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া সিমহস্থ মহাকুম্ভের প্রস্তুতির উদ্দেশ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এই ঘটনার নিন্দা করে বলেছে, এটি বেআইনি, অন্যায় এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। সংগঠনটি ক্ষতিগ্রস্তদের আইনি ও নৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে পাঠানো এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস এ বিষয়ে কথা বলেন। তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন হিসেবে অভিহিত করেন। খবরটি মাকতুব মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৫টার দিকে রেলওয়ে প্রশাসনের কর্মকর্তারা বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে উজ্জয়িনীর মাধব নগর রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত হন। এ সময় আধাসামরিক বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। পরে বুলডোজার দিয়ে ঐতিহাসিক সমাধিসৌধ, মসজিদ এবং মাজারগুলো ভেঙে ফেলা হয়। একই অভিযানে মসজিদ কালান্দারি এবং মুতাওয়াল্লির (ওয়াক্ফ সম্পত্তির তত্ত্বাবধায়ক) বাসভবনও গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
ওয়াক্ফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভী জানান, জমিটি নিয়ে বিরোধের বিষয়টি বর্তমানে ভোপালের ওয়াক্ফ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, এক ব্যক্তিকে কাল্পনিক ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে ভোরে স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। বোর্ডের মতে, ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের জবরদস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত হয়নি। অভিযানে পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মসজিদ কমিটির দাবি, ১৩৯০ সালে নির্মিত মসজিদটির বয়স প্রায় ৬৩৬ বছর। মহাকুম্ভ আয়োজন এবং অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। তবে ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করার অজুহাত গ্রহণযোগ্য নয়।
বোর্ডের মুখপাত্র জানান, কাজী মওলানা আরিফ নদভী ও স্থানীয় দায়িত্বশীলদের আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন। ক্ষতিগ্রস্ত কমিটিকে প্রয়োজনীয় আইনি ও নৈতিক সহায়তা দেওয়া হবে। বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করার উদ্যোগেও বোর্ড সমর্থন জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে ভারতের সংবিধানের ১৪, ২৫, ২৬ ও ৩০০-এ অনুচ্ছেদে স্বীকৃত আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার ও সুরক্ষার নীতি লঙ্ঘিত হয়েছে।
ড. ইলিয়াস অভিযোগ করেছেন, বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাত ও প্রশাসনিক পদক্ষেপের আড়ালে ঐতিহাসিক মসজিদ, সমাধিসৌধ ও মাজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন