ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটে


দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটে

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে বন্দুক হামলার একটি ঘটনা ঘটেছে। একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলির মাধ্যমে অন্তত ১২ জনকে হত্যা করেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার পরে শহরের ক্লিভল্যান্ড এলাকায় একটি বস্তিতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করে এবং স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ কর্মকর্তা কর্নেল ডিমাকাতসো নেভহুলুই বলেছেন, ‘হামলায় ঘটনাস্থলে আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। হামলাকারীরা দুটি প্রবেশপথ দিয়ে বস্তিটিতে প্রবেশ করে এবং এলাকার মধ্যদিয়ে অগ্রসর হচ্ছিল, সেই সময় তারা বিভিন্ন স্থানে বাসিন্দা ও সমাজের সদস্যদের ওপর গুলি চালায়। এরপর তারা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

আরও পড়ুন: ট্রাম্পের ভরাডুবিতে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ বদলেছে

পরে হাসপাতালে আরো একজন মারা যান। পুলিশ জানিয়েছে, জাম্পার্স নামে ওই বস্তিতে হামলার ঘটনার পরপরই তারা সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। হামলাটি জোহানেসবার্গ শহর কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার (চার মাইলেরও কম) পূর্বে ক্লিভল্যান্ড নামক একটি এলাকায় সংঘটিত হয়েছিল।

বিশ্বের যেসব দেশে সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটে, সেগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়। এই দেশে বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্রে পরিপূর্ণ, এবং সেখানে গোলাগুলির ঘটনা নিয়মিত হয়ে থাকে, যা প্রায়শই গ্যাংগুলোর মধ্যে শত্রুতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতার কারণে ঘটে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


শরীয়তপুরে রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে যুবদল নেতার মৃত্যু ঘটে।

বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাসির উদ্দিন। এর আগে মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামে এটি ঘটে।

মৃত খোরশেদ বালা চরসেনসাস বালা কান্দি গ্রামের মৃত নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বালা দোকানের কাজ শেষে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথে রাস্তার পাশে একটি খড়ের স্তূপ থেকে বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও, তার অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে।

আরএমও নাসির উদ্দিন বলেন, রাসেল ভাইপারের কামড়ে কাটা একজন রোগী হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে আনতে তাঁদের অনেক দেরি হয়ে গিয়েছিল।

সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা জানান, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরেই তাকে বিষধর সাপে কামড় দেয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুর্দশতম বারের মতো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধশিল্পে নারী কৃষকদের অবদান উদযাপন’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও আশপাশের আটটি বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিশুকে দুধ পান করানো হয়। একই সঙ্গে দুগ্ধশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো একজন নারী দুগ্ধ খামারি ও একজন নারী দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দুগ্ধশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১০ টায় অ্যানিমেল হাজবেড্রি অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, দুগ্ধ খামারি ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরপর দুপুর তিনটায় ওই অনুষদের শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেমিনার ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‎বাকৃবির ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য  অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. সাইফুর রহমান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিল, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  ইলিয়াস মৃধা এবং নেসলে বাংলাদেশের রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্সের প্রধান রেবেকা শারমিন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ডেইরি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. সামাদ খান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম।
‎
এসময় সম্মাননাপ্রাপ্ত দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উম্মে আতিয়া বলেন, 'প্রায় ৬ বছর ধরে বগুড়ায় নিজস্ব উদ্যোগে দুগ্ধজাত পন্যের একটি কারখানা নিয়ে কাজ করছি। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৪ মন দুধ থেকে মিষ্টি, ছানা ও দই তৈরি করি আমরা। খামারিদের কাছে থেকে সরাসরি দুধ সংগ্রহ করার পর সেটিকে পাস্তুরিত করে এসকল পণ্য তৈরী করা হয়। এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় থেকে এভাবে সম্মাননা পেলাম। কাজের স্বীকৃতি আমার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।'

সম্মাননাপ্রাপ্ত আরেক খামারি জনি আক্তার বলেন, 'আমার বাড়িতে মোট ১৫ টি গরুর দেখাশোনা করি। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লিটার দুধ উৎপন্ন হয়। গরুর দেখাশোনা থেকে শুরু করে দুগ্ধ দোহন ও বিক্রি সব ই একহাতে করি। গ্রামের এক প্রান্তিক খামারি হিসেবে এভাবে সম্মাননা পাবো এটা কখনও ভাবিনি। খুবই ভালো লাগছে।'
‎
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, প্রথমেই আমি ডেয়রি বিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। এতে আন্তর্জাতিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি পেয়েছে। আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। কেননা দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের অবদান অস্বীকার করে দেশ, জাতি এগিয়ে যেতে পারবে না। দেশের দুগ্ধ শিল্পের উন্নতিতে উৎপাদন বাড়াতে কাজ করতে হবে, একই সাথে প্রান্তিক খামারিদের প্রতি দৃষ্টি রাখতে হবে। আজকে অনুষ্ঠান আয়োজনের জন্য যেসব প্রতিষ্ঠান সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

এছাড়াও দিবসটি উপলক্ষে আগের দিন শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হোম কিচেন ডেইরি রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা সাক্ষাৎকারের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা সাক্ষাৎকারের সুযোগ

যুক্তরাষ্ট্রে ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার সাক্ষাৎকারের দীর্ঘ অপেক্ষা কমানোর জন্য একটি নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই নতুন কার্যক্রমের আওতায় বি-১/বি-২ ভিসা আবেদনকারীরা যদি অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করেন, তাহলে তারা দ্রুত সাক্ষাৎকারের তারিখ পাওয়ার সুযোগ পাবেন। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে, এই অর্থ পরিশোধ করার পরেও ভিসার অনুমোদনের কোনো নিশ্চয়তা থাকবে না।

মার্কিন পররাষ্ট্র দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হতে যাওয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিশ্বের কিছু নির্বাচিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে।

নতুন ব্যবস্থার আওতায় অতিরিক্ত ফি প্রদানকারী আবেদনকারীরা ১০ কর্মদিবসের মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি পেতে পারবেন। তবে, এই সুবিধা শুধুমাত্র সাক্ষাৎকারের তারিখ দ্রুত পাওয়ার জন্য প্রযোজ্য হবে। সাক্ষাৎকারের পর ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত হবে না এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে না।

অর্থাৎ, আবেদনকারীরা দ্রুত সাক্ষাৎকারের জন্য একটি সুযোগ কিনতে পারবেন, কিন্তু দ্রুত সিদ্ধান্ত বা নিশ্চিত ভিসা নয়। পররাষ্ট্র দফতর জানায়, দ্রুত সাক্ষাৎকারের এই সুবিধা সব মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটে পাওয়া যাবে না। শুধুমাত্র নির্বাচিত কিছু কনস্যুলেটে এটি শুরু করা হবে।

প্রতিটি লকেশন কতটি প্রিমিয়াম সাক্ষাৎকারের সময় থাকবে তা স্থানীয় সক্ষমতার ওপর নির্ভর করবে। ফলে বিভিন্ন দেশের জন্য এই সুবিধার ভিন্নতা থাকতে পারে এবং চাহিদা বেশি হলে সুযোগ সীমাবদ্ধ হতে পারে। নতুন ৭৫০ ডলারের ফি বিদ্যমান ভিসা আবেদন ফির বিকল্প হিসাবে গণ্য হবে না। আবেদনকারীদের প্রচলিত নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি পরিশোধের পাশাপাশি এই অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে।

অর্থাৎ, দ্রুত সাক্ষাৎকারের সুযোগ পেতে আবেদনকারীদের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মার্কিন পররাষ্ট্র দফতরের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে ভিসা সাক্ষাৎকারের দীর্ঘ জট এবং ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলার অংশ হিসাবে এই কর্মসূচিটি চালু করা হচ্ছে।

কর্তৃপক্ষ দেখতে চায়, দ্রুত সাক্ষাৎকারের বিনিময়ে অতিরিক্ত অর্থ দিতে আগ্রহী হবে কিনা আবেদনকারী ও ব্যবসায়িক ভ্রমণকারীরা এবং এর মাধ্যমে সাক্ষাৎকার ব্যবস্থার ওপর চাপ কমানোর কতটা সম্ভব হয় কিনা। পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচিটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।

এই সময়ের মধ্যে কতজন আবেদনকারী সুবিধাটি ব্যবহার করেন, এর কার্যকারিতা এবং ভিসা ব্যবস্থাপনায় কী প্রভাব পড়ে, তা মূল্যায়ন করা হবে মার্কিন পররাষ্ট্র দফতর দ্বারা। পাশাপাশি জনমতও সংগ্রহ করা হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পরে অভিবাসন এবং ভিসা নীতিতে ধারাবাহিকভাবে কঠোরতা আরোপ করছে। নতুন দ্রুত সাক্ষাৎকার কর্মসূচিটি সেই বৃহত্তর নীতিগত পরিবর্তনের সময়েই চালু করা হচ্ছে।

সম্প্রতি কিছু দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ডের শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি, আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, অতীত ইতিহাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবও বিস্তারিতভাবে যাচাই করার প্রক্রিয়া চলছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিসা প্রক্রিয়াকরণের সময় বৃদ্ধি পেয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগার থেকে হাসিনা-মুজিবের বই জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগার থেকে হাসিনা-মুজিবের বই জব্দ

রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সম্পর্কিত বই জব্দ করেছে জেলা প্রশাসন।

পাঠাগারে তল্লাশি চালিয়ে মোট প্রায় তিনশো বই জব্দ করা হয়।

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এই বই জব্দের ঘটনা ঘটে।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত ভ্রাম্যমাণ পাঠাগারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা বই পাওয়া গেলে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাগারে তল্লাশি করে বইগুলো জব্দ করেন।

এছাড়া জানা গেছে, বই জব্দের সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শেখ মুজিব এবং স্বৈরাচারী হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোনো গ্রন্থ, সাময়িকী অথবা প্রবন্ধ রাখা হবে না মর্মে মুচলেকা দেয়া হয়েছিল।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ওই দিন ছাত্রদলের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে যান। এ সময় বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া গেলে বাসটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, ‘স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভূত রয়েছে। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে।’ তিনি আরও জানান, ‘আমরা বইগুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।’

এ বিষয়ে ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেয়া হতো না।’

বই জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদফতর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশব্যাপী এই ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রমটি প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রেখে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%