১১:৫৬ এম
চট্টগ্রামের প্রায় ৭০টি আদালতে অঘোষিতভাবে ৩ শতাধিক উমেদার কাজ করছেন। আদালতের নথি সংরক্ষণসহ বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসহকারী, পেশকার, সেঁরেস্তাদারদের অধীনে থাকা উমেদারদের মধ্যে অনেকেই বিচারপ্রার্থীদের হয়রানি করার অভিযোগের সম্মুখীন হয়েছেন। কিছু উমেদার ১৫-২০ বছর ধরে একেকটি আদালতে কর্মরত রয়েছেন। তারা বিচারপ্রার্থীদের জিম্মি করে অর্থ আদায় করে বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছেন। আবার কিছু উমেদার সকাল থেকে রাত অবধি কাজ করেও নামেমাত্র টাকা পান। চাকরির বাজারের এই সংকটে তাদের পক্ষে ‘পেটে-ভাতে’ থাকতে হচ্ছে।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, আদালতে কর্মী সংকটের কারণে উমেদারদের মাধ্যমে কাজ করানোর রীতি দীর্ঘদিনের। আদালতের সংখ্যা ও মামলার সংখ্যা বৃদ্ধি পেলেও কর্মচারির সংখ্যা বাড়েনি। তাই বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার লক্ষ্যে অঘোষিতভাবে উমেদারদের দিয়ে কাজ করানো হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত যুবক মোহন বড়ুয়া হাসপাতালে মারা গেলেন
কিন্তু নিয়োগ বা বৈধতা না থাকার কারণে তাদের বিরুদ্ধে কোনো জবাবদিহিতা নেই। কোনো অপকর্ম ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই। আইনজীবী, বিচারপ্রার্থীসহ আদালত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানাচ্ছেন, উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
তবে চট্টগ্রাম জেলা জজশিপের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন যুগান্তরকে জানিয়েছেন, জেলার আদালতগুলোতে কর্মচারী সংকট নেই। তাই উমেদারের প্রয়োজনীয়তাও নেই। তবে কোনো আদালতে উমেদার কাজ করলেও তা আমাদের নলেজের বাইরে।
মহানগর জজ শিপের প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত যুগান্তরকে বলেন, উমেদারদের নিয়ে সুবিধা-অসুবিধা দুটোই বিদ্যমান। লোকবল সংকটের কারণে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বা পেশকাররা নিজেদের সুবিধার্থে তাদের দিয়ে কাজ করান। এতে বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পেয়ে থাকেন। তবে কিছু ক্ষেত্রে তাদের দ্বারা বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। এই সীমাবদ্ধতা ও সংকট চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে।
সূত্র জানাচ্ছে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পারিবারিক আদালত, পরিবেশ আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ নগরী ও জেলায় ৭০টির মতো আদালত রয়েছে। এসব আদালতের অধীনে ৩ শতাধিক উমেদার কাজ করছেন। তারা মূলত সংশ্লিষ্ট আদালতের পেশকার, সেরেঁস্তাদার, বেঞ্চসহকারিদের কাজে সহায়তা করেন। মামলার নথি সংরক্ষণ, বিচারপ্রার্থীদের তারিখ প্রদান, সমন ও ওয়ারেন্ট পাঠানোর প্রসেসিংসহ নানা কাজ করে থাকেন। অভিযোগ রয়েছে, অনেক উমেদার ১৫-২০ বছর ধরে কাজ করার কারণে তাদের আদালতের নিয়মিত কর্মচারী মনে করেন অনেকে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু উমেদাররা বিচারপ্রার্থীদের জিম্মি করে টাকা আদায় করেন। আবার তাদের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার নথি গায়েব করে ফেলা, নথি টেম্পারিং করা, হারিয়ে যাওয়া নথি ঘষা-মাজা করে পরিবর্তন করাসহ বিচারিক গোপনীয়তা ফাঁস করার ঘটনা ঘটছে। এই অবস্থায় বহিরাগত ও অননুমোদিত উমেদাররা অনেক সময় বিচারপ্রার্থীদের ঝুঁকির মুখে ফেলছেন।
আরও পড়ুন: কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত
জানা গেছে, পটিয়া ১ম সিনিয়র সিভিল জাজ আদালতে উমেদার হিসেবে নূর উদ্দিন কর্মরত আছেন। ১ম যুগ্ম জজ আদালত, চট্টগ্রামে শংকর, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মিন্টু এবং পরিবেশ আদালতে পিন্টু উমেদার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই তিনজন সহোদর। ২য় যুগ্ম জজ আদালতে মো. আরিফ, মহিউদ্দিন, ৩য় যুগ্ম জজ আদালতে করিম, ৩য় সহকারীর জজ আদালতের শহীদ, ৫ম সহকারী জজ আদালতের মাকসুদ ও মো. আজাদ, মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রামে শিবু উমেদার হিসেবে কর্মরত আছেন। এদের বিরুদ্ধে বিচারপ্রার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে। এদের প্রত্যেকে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২০-২৫ বছর ধরে কাজ করছেন।
এছাড়া বিভিন্ন আদালতে কর্মরত আরও যেসব উমেদারের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন: সমীর, আবদুল হক, শান্তিপদ, আরিফ, জনি, মাঈনুদ্দিন, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, খসরু, অনিক, রূপম, লিটন, টিপু, শাহাদাত, বাবুল, ইলিয়াছ, মহিউদ্দিন, নাছির, তুহিন, আবদুস সাত্তার, করিমন, তালেব, মাঈনুল, জিহান, বাবুল, ফজল, মনি, জুহি, ছোটন, মহিউদ্দিন, শহীদ, জিয়া, নেপাল, মাকছুদ, আজাদ খান, রাসেল, শাহ আলম, শহীদ, সজল, উজ্জ্বল, পারভেজ, ইমন, আলম, সাকিব, রাকিব, নয়ন, শওকত, সিদ্দিক, জনি, উত্তম, তপন প্রমুখ।
বহিরাগত উমেদার প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার যুগান্তরকে বলেন, চট্টগ্রামের প্রায় প্রতিটি আদালতে একজন পেশকারের অধীনে একাধিক উমেদার রয়েছেন। লোকবল সংকটের কারণেই এদের রাখা হয়েছে। মামলার যে জট তাতে দেখা যায় একজনের পক্ষে একটি আদালতে মামলার নথি লেখা থেকে শুরু করে সার্বিক প্রসেস করা সম্ভব হয় না। তাই লোকবল সংকট নিরসন করাই উমেদার অপসারণের একমাত্র পথ। তাছাড়া অবৈধ উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের একটি নির্দেশনাও ছিল।
চট্টগ্রামী নারী ও শশু নির্যাতন দমন ট্রাইব্যুাল-৭-এর পিপি অ্যাডভোকেট শফিউল মোরশেদ চৌধুরী যুগান্তরকে বলেন, উমেদাররা কোর্টে কাজ করেন ঠিকই; কিন্তু অনেক উমেদার মামলার রেকর্ড নিয়ে বিচারপ্রার্থীদের জিম্মি করে অকাজটাই বেশি করেন। এদের দ্বারা সেবার চেয়ে ঝুঁকিটাই বেশি থাকে। এ বিষয়ে সরকারের ভাবা উচিৎ।
আরও পড়ুন: টেকনাফে অভিযান, উদ্ধার হলো ১০০টির বেশি আইইডি বোমা ও বিপুল অস্ত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন