০৮:৪৮ পি.এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
আজ এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর, প্রতিমন্ত্রী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে তদন্তগুলি দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগ সত্য প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপদ, মানসম্মত ও নির্ধারিত পরিমাণ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’
তিনি আরো বলেন, স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’র মাধ্যমে নিয়মিত তদারকি, আকস্মিক পরিদর্শন এবং অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক তদন্তসহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত স্কুল ফিডিং কর্মসূচির মান ও কার্যকারিতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন