০৮:১১ পি.এম
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে মেয়ের বিয়ের মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। বাড়িতে চলছে কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি। এর মধ্যেই ওমান থেকে বাবার মৃত্যুর খবর এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ আজমির উদ্দিন স্ট্রোক করে মারা গেছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।
আজমির উদ্দিন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মৃত নবির উদ্দিনের পুত্র। পাঁচ বছর আগে তিনি পরিবারের ভাগ্য পরিবর্তন এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে ওমানে পাড়ি জমান। সেখানে তিনি জেলে হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু
ওমানে অবস্থানরত প্রবাসী রাজু উদ্দিন জানান, বসে থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান আজমির উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. সমির উদ্দিন জানান, আজমির উদ্দিনের বড় মেয়ে নিপা আক্তারের বিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে কেনাকাটা এবং প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিঝুমদ্বীপের বাসিন্দা কেফায়েত হোসেন নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় ২০২৪ সালের বাদপড়া ব্যক্তিরা অগ্রাধিকার চান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন