প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুটিং সেটে অভিনেত্রীদের যৌন হেনস্তার ঘটনা প্রায়শই আলোচনায় উঠে আসে। এবার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের একটি তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ২০১১ সালে একটি সিনেমার শুটিং চলাকালীন তিনি পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তবে সেই সময় ঘটনাটিকে যৌন হেনস্তা হিসেবে তিনি বুঝতে পারেননি। বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে তিনি নিজের ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা তার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রী জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলাকালে পরিচালক তাকে যৌন হেনস্তা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাকে শারীরিকভাবে স্পর্শ না করায় তখন বিষয়টির গুরুত্ব তিনি বুঝতে পারেননি।
স্বরা সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’ অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই শারীরিক নির্যাতন কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক নয়। মৌখিক আচরণসহ বিভিন্নভাবেও একজন নারীকে হেনস্তার শিকার হতে হয়। সেই সময়ের পরিস্থিতির কথা মনে করলে এখনো তিনি অস্বস্তি বোধ করেন।
বিশেষ করে ‘মিটু’ আন্দোলনের সময় যখন একের পর এক নারী কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখন স্বরা নিজের অতীতের ঘটনাটিও নতুন করে বুঝতে সক্ষম হন। তার ভাষায়, ‘তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’
‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের সময় ঘটনাটি ঘটেছিল। তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করার কঠিন লড়াইয়ে ব্যস্ত ছিলেন স্বরা। তার বয়সও ছিল কম। ইন্ডাস্ট্রিতে তেমন পরিচিতি না থাকায় ব্যক্তিগত কোনো দল কিংবা পাশে দাঁড়ানোর মতো পরিচিত মানুষও ছিলেন না। ফলে পুরো পরিস্থিতিতে তিনি নিজেকে বেশ অসহায় মনে করেছিলেন।
তবে সেই কঠিন সময়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক তার পাশে দাঁড়িয়েছিলেন। স্বরা পুরো ঘটনা খুলে বলেছিলেন। অভিনেত্রীর দাবি, তার সহযোগিতার কারণেই শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।
বহু বছর পর নিজের অভিজ্ঞতা প্রকাশ করে স্বরা আবারও মনে করিয়ে দিলেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা শুধুমাত্র শারীরিক স্পর্শের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর নানা রূপ রয়েছে, যা অনেক সময় ভুক্তভোগী নিজেও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন