বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৮:২১ পি.এম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল প্রকৃতি-পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠন।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন খুলনা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং পরিবেশ সংরক্ষণ কমিটি যৌথভাবে করে।
বিশ্ব পরিবেশ দিবসে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট একটি আশীর্বাদ, তবে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে।"
এসময় বক্তারা বলেন, "ডিজিটাল ডিভাইসের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে। শিক্ষার্থীরা যেন ডিজিটাল আসক্তিতে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে।"
অতিথিরা আরও উল্লেখ করেন, "প্রতিনিয়ত আমাদের জলবায়ু এবং পরিবেশ পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের বছরে একটি করে হলেও গাছ লাগানো উচিত।"
খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি।
প্রধান আলোচক হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন শেখ মনিরুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন এবং মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রেস কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান। প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানানো হয়, এ কর্মসূচি সফলভাবে পালনের জন্য জেলার বিভিন্ন কেন্দ্রে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১০৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারা আরও বলেন, কোনো শিশুকে খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো খাবার খাওয়ানোর পর ক্যাপসুল খাওয়াতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে চিহ্নিত দুই নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে ও একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তিনজনকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সাতটি মাদক মামলার আসামি রাবেয়া আক্তার সাথীকে (৩০) গ্রেপ্তার করা হয়। একই দিনে স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনটি মাদক মামলার আসামি শিল্পী বেগমকে (৩৮) আটক করে পুলিশ। একই রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়ী গ্রামের হুলা এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মো. কাওসার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। সাথী ও শিল্পী দু’জনই উপজেলার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার রাবেয়া আক্তার সাথী উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের মো. জলিল মিয়ার মেয়ে। শিল্পী বেগম স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আফজাল হোসেনের মেয়ে। কাওসার হোসেন উপজেলার দৈহারী ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া আক্তার সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও থানায় অভিযোগ করলেও অতীতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে মাদকসহ আটক করে গণধোলাই দিয়ে এলাকা থেকে বিতাড়িত করেছিল। পরে কিছুদিন আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন তিনি।
এদিকে শিল্পী বেগম স্বরূপকাঠি পৌরসভার উত্তর স্বরূপকাঠি এলাকায় নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি যে ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লক্ষ্মীরহাট গ্রামের কাঁচা রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা। কাদা-পানি এবং বড় বড় গর্তে ভরা রাস্তাটিতে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, বৃদ্ধ ব্যক্তিরা, নারী এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এই ওয়ার্ডে চেয়ারম্যানসহ তিনজন জনপ্রতিনিধি থাকলেও রাস্তাটির উন্নয়নে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, তারা বহুবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও রাস্তা সংস্কার বা চলাচলের উপযোগী করার কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গ্রামবাসীরা জানায়, প্রায় ৩৭ বছর ধরে রাস্তাটি পাকা করার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। গত বছর স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাবিশ ফেলে রাস্তা মেরামতের চেষ্টা করেছিলেন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে রাস্তার এমন অবস্থা হয়েছে যে, অনেক মানুষ মোটরসাইকেল এবং বাইসাইকেল নিয়ে চলাচল করতে পারছেন না। বহু লোক বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন। এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত রাস্তাটি সংস্কার এবং পাকা করার দাবি জানিয়েছেন। তারা ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুদৃষ্টি কামনা করে রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গ্রামবাসীর প্রত্যাশা, যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তবে শিক্ষার্থীসহ হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক, মোঃ রায়হান কবির, আড়াইহাজারে ভূমি অফিস পরিদর্শন করেন।
আজ তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আড়াইহাজার; উপজেলাবিষয়ক ভূমি অফিস, আড়াইহাজার; আড়াইহাজার থানা; মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার; মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস, আড়াইহাজার; মাহমুদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তরগুলোকেও পরিদর্শন করেন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রয়হান কবিরের এ সফরে তিনি আড়াইহাজার উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মকর্তাগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি উক্ত পরিদর্শনকালে সরকারি দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এছাড়া, তিনি জনগণ যাতে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পেতে পারে, সেই লক্ষ্যেই দপ্তরগুলোর সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
আড়াইহাজার উপজেলা, নারায়ণগঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ