১০:০৫ পি.এম
অপরাধপ্রবণতার কারণে নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের নাম শুনলেই অন্য এলাকার মানুষ ছেলে-মেয়ের বিয়ে দিতে চাইতেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আন্ডারচর ইউনিয়ন পরিষদে ক্যাম্পটির উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছরে আন্ডারচরে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা বেড়েছে। এতে এলাকার মানুষ সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনকি আন্ডারচরের নাম শুনে অনেকে আত্মীয়তা করতেও রাজি হতেন না।
আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র্যালি
স্থানীয়দের দাবি, সম্প্রতি আন্ডারচরের এক যুবকের পাশের ইউনিয়নে বিয়ে হওয়ার পর মেয়েপক্ষ ছেলের বাড়ি আন্ডারচর এলাকায় জানতে পেরে সেই বিয়ে বিচ্ছেদ করে দেয়।
তারা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর দাবি ছিল এলাকায় একটি পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের। প্রাথমিকভাবে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে। এই ক্যাম্পের মাধ্যমে দ্রুত পুলিশি সেবা পাওয়া যাবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করছেন তাঁরা।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির প্রত্যয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করছে। আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। ইতোমধ্যে আন্ডারচরে একটি তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন