ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জিওব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না পায়রার ভাঙন, বিলীন হচ্ছে মির্জাগঞ্জ


জিওব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না পায়রার ভাঙন, বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙনে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনা, ফসলি জমি এবং বসতবাড়ি। বিভিন্ন এলাকায় জিওব্যাগ ফেলেও ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি উপজেলার রামপুর, ভিকাখালী, পিঁপড়াখালী, হাজিখালী ও কাঁকড়াবুনিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে পিঁপড়াখালী গ্রামের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও কাঁকড়াবুনিয়া লঞ্চঘাট ও বাজারও ভাঙনের মুখে পড়েছে।

জমিজমা ও বসতবাড়ি হারিয়ে এসব গ্রামের বাসিন্দারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তারা ঘরবাড়ি, ফসলের খেত এবং গাছপালা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নদীগর্ভে চলে গেছে এখানকার হাজারো মানুষের সাজানো স্বপ্ন। এই ভাঙনের ফলে অনেকের স্মৃতি চিরতরে মুছে গেছে। এলাকা বাসী সহায়তা বা আশ্বাসের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামের খান বাড়ির পাকা মসজিদটি ভাঙনের মুখে রয়েছে এবং তার আশপাশের এলাকার বসতঘর ও ফসলি জমি বিলীনের পথে যাচ্ছে। মসজিদ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলেছে। কিন্তু ভাঙনের তীব্রতার কারণে জিওব্যাগও কোনো কাজে আসছে না। গত বছর পায়রা নদীর পাশ থেকে অর্ধশতাধিক বসতভিটা সরানো হয়েছে।

৮০ বছর বয়সী বৃদ্ধ মো. হাবিবুর রহমান খান বলেছেন, ‘এক এক করে পায়রা নদী আমার তিনটি ঘর নিয়ে গেছে। শেষ এক টুকরা জমি ছিল, সেটিও নদী গিলে খেয়েছে। এখন আমার থাকার মতো কিছুই নেই।’ এ কথা বলেই তিনি পায়রা নদীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলেন।

ভুক্তভোগী রাবেয়া বেগম বলছেন, ‘আমি যখন এই এলাকায় নতুন বউ হয়ে আসি, তখন দেখেছি এখানে সবকিছুই রয়েছে। বাজার, স্কুল, বড় বড় ঘরবাড়ি ছিল। পায়রা নদী সবকিছু কেড়ে নিয়ে গেছে।’

আরেক বাসিন্দা সামসু মুন্সী বলেন, ‘এক এক করে আমাগো দুইটা ঘর এই নদীতে নিয়া গেছে। এখন কিছুই নাই, পরের জায়গায় ঘর করে মোরা থাকি।’

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেছেন, ‘মির্জাগঞ্জে পায়রা নদীর প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার জুড়ে ভাঙন রয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নই পায়রা নদী তীরবর্তী। পিঁপড়াখালী এলাকার ভাঙনকবলিত মসজিদটি রক্ষায় জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ এবং ভাঙা বাঁধগুলো মেরামতের কাজ শুরু করা হবে।’

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে মোট ১ হাজার ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত ২২ কিলোমিটার এবং পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে ৬ কিলোমিটার বেড়িবাঁধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মাহ্দী আমিনের সঙ্গে অস্ট্রেলীয় সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগরি শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়া প্রকাশ করেছে। সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান দেশটির নাগরিকত্ব, শুল্ক ও বহুসাংস্কৃতিক বিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি। এই সময়ে উপস্থিত ছিলেন অস্ট্রেলীয় প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান টাইল।

সাক্ষাতে আলোচনা করা হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সংযোগ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে। বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহ্দী আমিন তরুণদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বাধ্যতামূলক কারিগরি শিক্ষা, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির সংযুক্তি, নতুন কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি, আনন্দময় শিক্ষার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগ।

এসময় আলোচনা হয় বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর উপস্থিতি ও কার্যক্রম সম্প্রসারণ, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশের শক্তিশালী প্রবাসী কমিউনিটির ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র নিয়ে। উভয়পক্ষ শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। তিনি বাংলাদেশের শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এছাড়া আলোচনা হয় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, শ্রমিক চলাচল, দক্ষ জনশক্তির আন্তর্জাতিক চলাচল, শ্রমবাজার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো বিভিন্ন বিষয়ে। তিনি সরকারের শিক্ষা খাতে গৃহীত উদ্যোগগুলো মনোযোগসহকারে শোনেন এবং সহযোগিতা জোরদারের আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

অস্ট্রেলীয় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের চিফ অব স্টাফ ক্যামেরন গ্রিন, অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের আন্তর্জাতিক বিভাগের ভারপ্রাপ্ত ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. ড্যামিয়ান অলিভার, অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের মিনিস্টার-কাউন্সেলর (শিক্ষা ও গবেষণা) জর্জ থিভিওস, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক স্টিভেন বিডল, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের কাউন্সেলর রিউবেন গ্রে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সেকেন্ড সেক্রেটারি (উন্নয়ন) জ্যাকব ডি লিওন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সিনিয়র ম্যানেজার (নিরাপত্তা) মাহমুদুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে শিশু সাব্বির হত্যা মামলায় যুবক আরফিন মোল্লার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


ফরিদপুরে শিশু সাব্বির হত্যা মামলায় যুবক আরফিন মোল্লার মৃত্যুদণ্ড

ফরিদপুরে শিশু সাব্বির হত্যা মামলায় আদালত আরফিন মোল্লা (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার (০৩ আগস্ট) বিকালে বিশেষ জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দিন এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আরফিন মোল্লা পলাতক ছিলেন এবং আদালত তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় নাজমা বেগম ও তার ছেলে সাব্বির (১৪) ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। একই বাড়িতে রয়েছে আরফিন মোল্লা নামে এক যুবক।

আরফিন মোল্লা মাদকাসক্ত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন আরফিন মোল্লার বাসায় অভিযান চালান, সে সময় তিনি সন্দেহ করেন যে নাজমা বেগমের ছেলে সাব্বির পুলিশকে মাদক সেবনের বিষয়ে জানিয়েছে।

এরই জের ধরে ২০২০ সালের ১৭ আগস্ট সাব্বিরকে খাবার খাওয়ানোর প্রলোভন দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যান আরফিন মোল্লা। এরপর ঝিলটুলী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১২ তলায় নিয়ে গিয়ে সাব্বিরকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে মরদেহ ফেলে রেখে চলে যান আরফিন মোল্লা।

পরদিন সকালে নির্মাণাধীন ভবনের শ্রমিকরা কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মা নাজমা বেগম কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে, আদালতের বিচারক সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে বিশেষ জজ আদালতের পিপি এস এম আজিজুর রহমান বিকু জানান, শিশু সাব্বির হত্যা মামলায় আরফিন মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। তিনি উল্লেখ করেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আরফিন মোল্লা পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশব্যাপী আবারও ইন্টেরিয়র ডিজাইনারদের প্রতিযোগিতা, আবেদন শুরু ৫ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


দেশব্যাপী আবারও ইন্টেরিয়র ডিজাইনারদের প্রতিযোগিতা, আবেদন শুরু ৫ আগস্ট

 

বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেওয়ার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬।

এ উপলক্ষ্যে রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে এবং অংশগ্রহণ, মূল্যায়ন ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি- এই চারটি বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের ব্যাপক সাড়া এবং অংশগ্রহণের অভিজ্ঞতার ভিত্তিতে এবার প্রতিযোগিতাটিকে আরও বৃহত্তর পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম আসরের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু সীমাবদ্ধতা দূর করে বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা এবং সামগ্রিক আয়োজনকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশে যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার এবং স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়নের ধাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য একটি বিশদ বিবরণে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, আইডেব-এর নির্বাহী কমিটির সদস্য, সংগঠনের সদস্য, ইন্টেরিয়র ডিজাইন খাতের পেশাজীবী, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা।

সংবাদ সম্মেলনে আইডেব সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, 'বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করুন। পাশাপাশি এই প্রতিযোগিতা পেশাগত মানোন্নয়ন এবং ক্লায়েন্টদের কাছে গুণগত ডিজাইনের গুরুত্ব তুলে ধরতেও ভূমিকা রাখবে।'

অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ভাইস প্রেসিডেন্ট ও স্থপতি সজীব জাহান জানান, দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই আয়োজন শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন চর্চাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, 'বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন শিল্পের পরিধি ও সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। গত এক দশক ধরে আমরা এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ দেশের ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডেব-এর উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সদস্য, দেশের ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, সংশ্লিষ্ট নির্মাণ ও ইন্টেরিয়র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রসঙ্গত, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬- এর সার্বিক আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) এবং আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: বাবার হাতে পুলিশের কাছে তুলে দেওয়া হল ছেলেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: বাবার হাতে পুলিশের কাছে তুলে দেওয়া হল ছেলেকে

যশোরের মণিরামপুরে ছয় বছর বয়সী একটি শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে তার বাবা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত শান্ত ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার আগে শান্ত ইসলাম জামজামিয়া মাদরাসার পেছনের একটি সেচপাম্প ঘরে শিশুটিকে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তৎক্ষণাৎ এগিয়ে এসে শান্তকে হাতেনাতে ধরেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শান্তর বাবা নিজেই এগিয়ে এসে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন বলেন, ‘অভিযুক্ত যুবকের আচরণ আগে থেকেই খারাপ ছিল। রোববারের এ ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পেরেছি, আগেও ওই তরুণ আরও দুটি শিশুর ওপর নির্যাতন চালিয়েছিল। তবে সে সময় বিষয়টি স্থানীয়ভাবে ঢেকে ফেলেছিল।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘এ ঘটনার সাথে যুক্ত শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারागারে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%