০৯:৪৬ পি.এম
যশোরের মণিরামপুরে ছয় বছর বয়সী একটি শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে তার বাবা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত শান্ত ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার আগে শান্ত ইসলাম জামজামিয়া মাদরাসার পেছনের একটি সেচপাম্প ঘরে শিশুটিকে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তৎক্ষণাৎ এগিয়ে এসে শান্তকে হাতেনাতে ধরেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শান্তর বাবা নিজেই এগিয়ে এসে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন বলেন, ‘অভিযুক্ত যুবকের আচরণ আগে থেকেই খারাপ ছিল। রোববারের এ ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পেরেছি, আগেও ওই তরুণ আরও দুটি শিশুর ওপর নির্যাতন চালিয়েছিল। তবে সে সময় বিষয়টি স্থানীয়ভাবে ঢেকে ফেলেছিল।’
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘এ ঘটনার সাথে যুক্ত শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারागারে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন