০৯:৪২ পি.এম
ফরিদপুরে শিশু সাব্বির হত্যা মামলায় আদালত আরফিন মোল্লা (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার (০৩ আগস্ট) বিকালে বিশেষ জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দিন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আরফিন মোল্লা পলাতক ছিলেন এবং আদালত তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় নাজমা বেগম ও তার ছেলে সাব্বির (১৪) ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। একই বাড়িতে রয়েছে আরফিন মোল্লা নামে এক যুবক।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
আরফিন মোল্লা মাদকাসক্ত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন আরফিন মোল্লার বাসায় অভিযান চালান, সে সময় তিনি সন্দেহ করেন যে নাজমা বেগমের ছেলে সাব্বির পুলিশকে মাদক সেবনের বিষয়ে জানিয়েছে।
এরই জের ধরে ২০২০ সালের ১৭ আগস্ট সাব্বিরকে খাবার খাওয়ানোর প্রলোভন দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যান আরফিন মোল্লা। এরপর ঝিলটুলী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১২ তলায় নিয়ে গিয়ে সাব্বিরকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে মরদেহ ফেলে রেখে চলে যান আরফিন মোল্লা।
পরদিন সকালে নির্মাণাধীন ভবনের শ্রমিকরা কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মা নাজমা বেগম কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে, আদালতের বিচারক সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ বিষয়ে বিশেষ জজ আদালতের পিপি এস এম আজিজুর রহমান বিকু জানান, শিশু সাব্বির হত্যা মামলায় আরফিন মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। তিনি উল্লেখ করেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আরফিন মোল্লা পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন