ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানবিক সংগঠন HOOD- এর অর্থায়নে বৃদ্ধের চোখে আনন্দাশ্রু


মানবিক সংগঠন HOOD- এর অর্থায়নে বৃদ্ধের চোখে আনন্দাশ্রু

দীর্ঘ ২০ বছর ধরে স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা হারিয়ে ৭৯ বছর বয়সী দিনমজুর মো. খোরশেদ প্রামাণিক অনেকটা ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। জীবনের শেষ প্রান্তে এসে সামান্য পথ চলতেও তিনি অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অন্যদিকে, জন্মলগ্ন থেকেই পরিবারের সদস্যদের সহযোগিতায় জীবন কাটাচ্ছে ১২ বছর বয়সী শিশু সোহাগ। একা একা সময় কাটাতে সে গান শুনে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারলেও গানই যেন তার একাকিত্বের সঙ্গী। এই বৃদ্ধ ও শিশুর মুখে এবার ফুটেছে আনন্দের হাসি। তাঁদের চলাচলের কষ্ট কিছুটা লাঘব করতে পাশে দাঁড়িয়েছে মেরিন ইঞ্জিনিয়ারদের মানবিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে দুজনের হাতে তুলে দেওয়া হয়েছে দুটি হুইলচেয়ার।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে খোরশেদ প্রামাণিকের হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের চলাফেরার কষ্টের পর এমন উপহার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দে তাঁর চোখ ভিজে আসে। কথা বলার ফাঁকে বারবার চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে। যেন দীর্ঘদিনের কষ্টের মাঝে কিছুটা স্বস্তি খুঁজে পেলেন এই বৃদ্ধ।

একই দিন উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামের দিনমজুর গিয়াস উদ্দিন ও বুলবুলি বেগম দম্পতির ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহাগের হাতেও তুলে দেওয়া হয় আরেকটি হুইলচেয়ার। জন্মের পর থেকেই চলাফেরায় পরিবারের সহযোগিতার ওপর নির্ভর করতে হয় তাকে। কথা বলতে পারে না সোহাগ, তবে কিছুটা বুঝতে পারে। দিনের বড় একটি সময় সাউন্ড সিস্টেমের বক্সে গান শুনেই কাটে তার।

আরও পড়ুন: বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

নতুন হুইলচেয়ারে বসতেই আনন্দে হেসে ওঠে সোহাগ। তার সেই হাসি ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য ও আশপাশে থাকা স্থানীয় মানুষের মধ্যেও। শিশুটির মুখে এমন আনন্দ দেখে আবেগাপ্লুত হন উপস্থিত সবাই। পরিবারের সদস্যদের কাছেও এটি ছিল স্বস্তি ও আনন্দের মুহূর্ত।

মানবিক সংগঠন ‘হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর দ্য ওল্ড অ্যান্ড ডিস্ট্রেসড’ (ঐঙঙউ)-এর অর্থায়নে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রসিদ পাপ্পু, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম, কচুয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন এবং কাউছার আলম মুকুল।

এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সংগঠনের সদস্য মেরিন ইঞ্জিনিয়ার মুনতাসির মামুন মিঠু ও নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন বাবু। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ

উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে এর আগেও লালপুরের বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও অসহায় বয়স্ক মানুষের চলাচলের সুবিধার্থে ১৫ থেকে ২০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

একটি হুইলচেয়ার কারও কাছে শুধু চলাচলের উপকরণ নয়, এটি হতে পারে দীর্ঘদিনের অসহায়ত্ব থেকে কিছুটা মুক্তি, পরিবারের ওপর নির্ভরশীলতা কমানোর উপায় কিংবা নিজের মতো করে একটু এগিয়ে যাওয়ার সুযোগ। খোরশেদ প্রামাণিকের চোখের জল আর শিশু সোহাগের মুখের হাসি যেন সেই মানবিকতারই দুটি আলাদা ছবি। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাঁদের জীবনযাপনের কষ্ট অনেকটাই লাঘব হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগম-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাট-বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ ও দোয়া কামনা করা হয়। প্রচারণাকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থী ও তাঁর সমর্থকরা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
"এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে এবং ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।" — সেলিনা বেগম


লিফলেট বিতরণ কর্মসূচিতে কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অংশ নেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে সেলিনা বেগমকে বিজয়ী করার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিককে দেখতে হাসপাতালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


শফিককে দেখতে হাসপাতালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন

রাজধানীর মেরুল-বাড্ডায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের ১ নং সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। তাকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

বর্তমানে শফিক চিকিৎসাধীন রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)। গত বুধবার (১৮ নভেম্বর) সকালে মেরুল-বাড্ডা বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তার বাম হাতের দুটি স্থানের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিটোরে নিয়ে যান। হাসপাতালের সহকারী সার্জন ডা. ইমরান হোসেন জানান, প্রাথমিক চিকিৎসার পর বুধবার দুপুরের দিকে শফিকুল ইসলামের বাম হাতে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং একই হাতে আরও একটি অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের অন্য কোথাও বড় ধরনের কোনো আঘাত না থাকায় আপাতত তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার পর আহত শফিকুল ইসলাম শফিকের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি শফিকের শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি তিনি শফিকের দ্রুত আরোগ্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা পেলেন সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক আফরোজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা পেলেন সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক আফরোজা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সূর্যসন্তানরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। তাঁরা জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সাতক্ষীরায় তাঁকে স্বাগত জানান এবং তাঁর দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেন।

মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন, সাতক্ষীরা একটি উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জেলা। এখানকার জনগণের উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, যুবসমাজকে সঠিক পথে অনুপ্রাণিত করা, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা-এসব ক্ষেত্রে নতুন ডিসির নেতৃত্বে ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা আশাবাদী।

জেলা প্রশাসক আফরোজা আখতার শুভেচ্ছা গ্রহণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই দেশের শ্রেষ্ঠ সন্তান আপনাদের প্রতি সম্মান জানাতেই আমার সবচেয়ে বড় গর্ব। সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও সেবা প্রদানে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রফিকুজ্জামান খোকন, সদর উপজেলা শাখার আহ্বায়ক শফিক আহমেদ, জেলা শাখার সাংগঠনিক সচিব মিজানুর রহমান, জেলা শাখার সদস্য আব্দুল মোমেন, আব্দুল গণি, কামরুজ্জামান বাবু, জিল্লুর করিম, সিদ্দিকুর রহমান, কালিদাস রায়, কাজী নাসির উদ্দীন, শামসুল আলম, ইসাহাক গাজী, মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, নজির আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর মুক্তিযোদ্ধাদের এই শুভেচ্ছা সাতক্ষীরায় একটি উষ্ণ ও ইতিবাচক পরিবেশ তৈরি করেছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে এলজিইডি'র সড়ক নির্মাণে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


কালীগঞ্জে এলজিইডি

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের(এলজিইডি) আওতাধীন সড়ক নির্মাণের কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের মাটি, বালি, ইট এবং খোয়া। সংশ্লিষ্ট বিভাগের নিয়ম অনুসারে সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। রাতের অন্ধকারে বালির পরিবর্তে মাটি, পুরোনো নিম্নমানের ইটের খোয়া ও তার অবশিষ্ট অংশের ধুলোবালি দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজের তদারকিতে উপজেলা এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

কালীগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪৪০ মিটার পিচ সড়কের কাজ চলমান রয়েছে। এই সড়কটি কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের রোকনপুর গ্রাম থেকে বাবরা দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। ঠিকাদারী প্রতিষ্ঠান এ,টি,এস, ট্রেডার্স ব্যাপারিপাড়া ঝিনাইদহ এই কাজটি করছে। রোকনপুর গ্রামের শরিফুল ইসলাম বলেন, "যেভাবে নিম্নমানের মাটি, বালি ও ইটের খোয়া ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং এর উপর যদি পিচ দেওয়া হয়, তাহলে সড়কটি অল্পদিনেই নষ্ট হয়ে ভেঙে খানাখন্দে পরিণত হবে।"

নির্মাণ কাজে অতি নিম্নমানের বালি, মাটি ও ইটের খোয়া ব্যবহারের কারণে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, "একেবারেই নিম্নমানের বালি, ইট ও খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সড়কের কাজ যে ভাবে করা হচ্ছে, সবই সিডিউল অনুযায়ী হচ্ছে না।" সড়কটিতে সিডিউলে উল্লেখিত বক্সের মাপ সঠিকভাবে করা হয়নি এবং সঠিক বালি ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের কাদামাটিযুক্ত বালি ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ বলেন, "বর্তমানে বালির খুব সংকট থাকায় বাওড় থেকে উত্তোলন করা বালি রাস্তায় দেওয়া হয়েছে। সড়কে যে মালামাল দেওয়া হচ্ছে, সব মালামাল এসও সাহেবের কথামতো ব্যবহার করেছি।"

সড়কটির কাজের তদারকি করছেন কালীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুজাইফা হক। তিনি জানান, "রাস্তাটি নির্মাণের জন্য ঠিকাদার কাজের সাইটে যে নিম্নমানের নির্মাণ সামগ্রী রেখেছেন এবং রাস্তায় যা ফেলেছেন, তা অতিসত্বর অপসারণ করার জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে।"

উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহরিয়ার আকাশ বলেন, "আমি রাস্তাটি দেখতে যাব। নিয়ম বহির্ভূতভাবে কাজ করলে অবশ্যই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, "আমি কাজের একটি ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে দেখে কাজটি আপাতত বন্ধ রাখার জন্য বলেছি। তদন্ত করে কাজ নিয়ম অনুযায়ী ভালোভাবে না করলে ব্যবস্থা নেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%