ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রিটিশ উপকূলে রুশ যুদ্ধজাহাজের বিরুদ্ধে বিমানের জিপিএস সিগন্যাল জ্যাম করার অভিযোগ


ব্রিটিশ উপকূলে রুশ যুদ্ধজাহাজের বিরুদ্ধে বিমানের জিপিএস সিগন্যাল জ্যাম করার অভিযোগ

যুক্তরাজ্যের উপকূলের নিকটবর্তী একটি রুশ যুদ্ধজাহাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, এটি কয়েক ডজন বাণিজ্যিক ফ্লাইটের জিপিএস (GPS) সিগন্যাল জ্যাম বা অকার্যকর করে দিয়েছে।

গত ৯ নভেম্বর ইংলিশ চ্যানেল উপকূলে নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ পণ্যবাহী জাহাজের একটি বহরকে পাহারা দিতে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গোলভকো’ ছিল। ঠিক সেই সময় এডিনবরা, ম্যানচেস্টার এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রায় ১৪০টি ফ্লাইটের নেভিগেশন ব্যবস্থায় রহস্যজনক বিপর্যয় দেখা দেয়। এতে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে এডিনবরা থেকে রোমগামী রায়ানএয়ার, ম্যানচেস্টার থেকে মিশরের হুরগাদাগামী ইজিজেট এবং লন্ডন থেকে স্টকহোমগামী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটও অন্তর্ভুক্ত ছিল।

বিশেষজ্ঞদের মতে, ৪৪৩ ফুট দীর্ঘ এই রুশ ফ্রিগেটটিতে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে, যা যেকোনো রাডার এবং জিপিএস সিগন্যাল জ্যাম করতে সক্ষম। যুক্তরাষ্ট্রভিত্তিক এভিয়েশন ইন্টেলিজেন্স গ্রুপ ‘হেক্সবার্ড’ জানায়, ব্রিটিশ উপকূল থেকে প্রায় ১৯০ মাইল দূরে উত্তর সাগরে অবস্থিত একটি রেডিও ট্রান্সমিটার থেকে এই সিগন্যাল বিপর্যয়ের উৎপত্তি হয়েছিল, যেখানে রুশ নৌবাহিনীর জাহাজটি অবস্থান করছিল।

আরও পড়ুন: সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

সাবেক ব্রিটিশ নৌ-গোয়েন্দা কর্মকর্তা জেমস ড্রক্সফোর্ডের মতে, ন্যাটোর নজরদারির প্রতিশোধ হিসেবে রুশ যুদ্ধজাহাজটি ইচ্ছাকৃতভাবে এই জিপিএস জ্যামিং ঘটিয়ে থাকতে পারে। রয়্যাল ইনস্টিটিউট অব নেভিগেশনের প্রধান নির্বাহী রামসে ফারাঘার জানান, এটি কোনো সামরিক প্ল্যাটফর্ম থেকেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি উপকূল থেকে অনেক দূরে থাকায় যুক্তরাজ্যের মোবাইল ফোন নেটওয়ার্ক ও রেডিও স্টেশনগুলো বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।

যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি জ্যেষ্ঠ সূত্র এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি জানায়, রাশিয়ার তাত্ত্বিকভাবে এমন সক্ষমতা থাকলেও ওই সময় সেখানে থাকা জাহাজগুলোর পক্ষে বাণিজ্যিক বিমানের জিপিএস জ্যাম করা কোনোভাবেই সম্ভব ছিল না।

যুক্তরাজ্য সরকার এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ বিমান চলাচল ব্যবস্থা বিশ্বের অন্যতম নিরাপদ এবং যেকোনো জিপিএস বিভ্রাট সামাল দেওয়ার জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। অন্যদিকে, লন্ডনের রুশ দূতাবাস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এটি উল্লেখযোগ্য যে, রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গোলভকো’ সামরিক সরঞ্জাম বহনকারী সন্দেহভাজন তিনটি রুশ জাহাজকে (লেডি আর, লেডি ডি এবং মাইয়া-১) পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস আয়রন ডিউক এবং আরএফএ টাইডফোর্স রুশ বহরটিকে অনুসরণ করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বহরটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর তিউনিসিয়া উপকূলের কাছে অবস্থান করছিল। সূত্র: ডেইলি মেইল।

আরও পড়ুন: হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত দিল স্পষ্ট বার্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


ভারত থেকে প্রেমের টানে গৌরনদীতে বিয়ে করলেন ফাইজান শাহ

প্রেমের

বাংলাদেশের বরিশালের গৌরনদীতে প্রেমের টানে ভারতের গুজরাট থেকে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। এরপর তিনি পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীর সঙ্গে। ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

বুধবার (২৫ নভেম্বর) মাহির পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরের দিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভীকে ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে জামাতা হিসেবে ফাইজানকে বাড়িতে নিয়ে আসেন মাহির পরিবারের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। তারই ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশে গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে। ফলে তাদের মধ্যে এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও মাহি জানিয়েছে।

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানায়, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। ফলে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও সে উল্লেখ করেন।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি। স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে হুট করে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেনÑবিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ বিষয়টি তাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মেয়েটির বয়স ১৭ বছর হওয়ায় বিয়ের আইনগত বৈধতা এবং নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আইনগত প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী শওকত আলী এবং সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের কন্যা নাছিমা খাতুনের সাথে মাধবকাটির আবুল কাশেমের পুত্র শওকত আলীর বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরপর শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের জন্য নাছিমা খাতুনকে নির্যাতন করতে শুরু করেন। বাধ্য হয়ে নাছিমা তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেন। কিন্তু এরপরও তার ওপর নির্যাতন অব্যাহত থাকে। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের কন্যা হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় নাছিমা খাতুন এবং তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে, শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। ২০১২ সালের ৩০ আগস্ট তাদের পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

এর একদিন আগে, ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮ টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, শ্যালক শফিকুল ইসলাম এবং হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। নাছিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত্যুর পূর্বে নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাস করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ১৪ বছরের স্কুলছাত্রীকে আটকে রেখে চীনা নাগরিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


ঢাকায় ১৪ বছরের স্কুলছাত্রীকে আটকে রেখে চীনা নাগরিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয় হওয়ার পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী জানিয়েছে। এ ঘটনায় তার বাবার করা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

বরিশালের বাবুগঞ্জে উপজেলা বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এ কর্মসূচির আয়োজন করা হয় ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে। এতে অংশগ্রহণ করে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক, যা একটি বড় জনসমাগমে পরিণত হয়।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। পরে সেখান থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ পায়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আগরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর আল মামুন, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগির হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মিল্টন, আগরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোশারেফ হোসেন খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার মনিরুজ্জামান খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারি, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ফরিদ হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু।

যুবদল নেতা মো. শাখাওয়াত হোসেন, সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল আহসান সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ জসিম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান ও ছাত্রদল নেতা পলাশও উপস্থিত ছিলেন।

শ্রমিকদল নেতা মনিরুজ্জামান সৌরভ, মো. রিপন, মিল্টন, মো. সোহেল মোল্লা, সদস্য সচিব মো. পাভেল ও কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. জাফর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, "আওয়ামী লীগের একটি দুষ্টচক্র দেশে নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার অপচেষ্টা চালাচ্ছে।" তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, "এলাকার কিছু নেতাকর্মীকে দূর থেকে এসে প্রলোভন দেখিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।" তিনি বলেন, এসব প্ররোচনায় পা না দিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি বড় ধরনের জনসমাগমে রূপ নেয়। ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সম্মিলিত উপস্থিতিতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য ও সক্রিয়তার চিত্র ফুটে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%