ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে আবারও ডেঙ্গু রোগীর মৃত্যু, সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ২২৬ জন


ভৈরবে আবারও ডেঙ্গু রোগীর মৃত্যু, সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ২২৬ জন

স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি, বেসরকারি হাসপাতালেও শতাধিক রোগী; মশক নিধন ও ময়লা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

কিশোরগঞ্জের ভৈরবে আবারও ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে লায়লা মাহাবুবা মিতা (৪৮) নামে ওই নারী মারা যান। তিনি পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বিল্লাল মিয়ার মেয়ে। এ নিয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী-পুরুষ মিলিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন শিশু, ৯ জন নারী ও ১৩ জন পুরুষ। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬০ জন রোগী ভর্তি হয়েছিলেন। আর সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ২২৬ জন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও ডেঙ্গু রোগীর চাপ রয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব হাসপাতালে প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক রোগী। ফলে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হচ্ছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি বলে দাবি করছেন স্থানীয়রা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকা এবং মশক নিধন কার্যক্রম যথেষ্ট না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত। আমার আত্মীয় লায়লা মাহাবুবা মিতাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ সেপ্টেম্বর মারা গেছেন। আমরা নিজেদের মতো করে সচেতন হওয়ার চেষ্টা করছি। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ছোট-বড় ময়লার স্তূপের পাশাপাশি দুটি বড় ময়লার ভাগাড় রয়েছে। এসব জায়গা দ্রুত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

এর আগে গত ২৬ সেপ্টেম্বর ময়লা অপসারণের দাবিতে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভৈরবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ বলেন, ভৈরবে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চেম্বারের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ২ নম্বর ওয়ার্ডে ছোট-বড় অনেক ময়লার স্তূপ রয়েছে। পাশাপাশি দুটি বড় ময়লার ভাগাড়ও আছে। ময়লা ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান না হলে ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য রোগও ছড়িয়ে পড়তে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক ডেঙ্গু রোগীর স্বামী জসিম উদ্দিন বলেন, চার-পাঁচ দিন ধরে জ্বর থাকার পর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছি। আজ তিন দিন ধরে চিকিৎসা চলছে। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। সিট না থাকায় মেঝেতেও রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

আরেক রোগীর বাবা হাজিফ মিয়া বলেন, কয়েক দিন আগে আমার ছেলের জ্বর অনেক বেড়ে যায়। হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষা করে জানতে পারি, সে ডেঙ্গুতে আক্রান্ত। তার প্লাটিলেটও কমে গিয়েছিল। আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ আছে। আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও প্রয়োজনীয় সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কিশোর কুমার ধর বলেন, তাঁর স্ত্রীও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, শুধু একজন ব্যক্তি সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

ডা. কিশোর কুমার ধর জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বহির্বিভাগেও প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছেন। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

ভৈরবের ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে বর্তমানে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের পরিচালক চিকিৎসক ফরহাদ আহমেদ বলেন, “ডেঙ্গু মোকাবিলায় মানুষের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত তরল খাবার খেতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।”

আরও পড়ুন: টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ বলেন, ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার পক্ষ থেকে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ময়লা ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণসহ বিকল্প ব্যবস্থার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, দ্রুত ময়লা অপসারণ এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে চিকিৎসা ও পরীক্ষার সুযোগ বাড়ানোরও দাবি রয়েছে

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালক সাদেক মিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন টঙ্গী (গাজীপুর)

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

জমজমাট লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অঞ্চল-৬ বাসনকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে অঞ্চল-১ টঙ্গী। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আহসানউল্লাহ মাস্টার (টিআইসি) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টঙ্গী অঞ্চল-১। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের আটটি অঞ্চলের অংশগ্রহণে পর্যায়ক্রমে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলা চলাকালে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। দুই দলের খেলোয়াড়েরা গোলের সুযোগ তৈরিতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত অঞ্চল-১ টঙ্গী ১-০ গোলের জয় নিশ্চিত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহবুব আলম শুকুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল এবং টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব আবুল কালাম। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী অঞ্চল-১-এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলামসহ সিটি করপোরেশনের আটটি অঞ্চলের প্রধান প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনা ও উপস্থাপনায় ছিলেন আব্দুর রহিম কালা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমোদিত স্থান ছাড়া ফুটপাতে হকার বসলে মামলা : ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


অনুমোদিত স্থান ছাড়া ফুটপাতে হকার বসলে মামলা : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম হুঁশিয়ারি দিয়েছেন যে, সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে তাদের উচ্ছেদ করা হবে। এছাড়া, তাদের মালামাল ক্রোক করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানী ঢাকার কোথাও কোনো হকার বসতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করা হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, শহরের সকল হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকা শহরের কোথাও কোনো হকার বসতে পারবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখলের বিষয়ে তিনি বলেন, এখন থেকে উচ্ছেদের সঙ্গে সঙ্গে মালামাল জব্দ ও সরাসরি মামলা দায়ের করা হবে।

মহেশ

হকারদের নোটিশ প্রদান ও পুনর্বাসন প্রশ্নে প্রশাসক বলেন, সরকার দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন করে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুনর্বাসনের প্রশ্নে প্রশাসক বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান করেন, তারা কি চান সেই বিষয়টি সামনে রেখে আপনাদের প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি।

পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রী কাজের কারণে সৃষ্টি হওয়া জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ওয়াসা কর্তৃপক্ষের কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ওয়াসাসহ অন্যান্য সেবামূলক সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিশেষে স্থায়ী সমাধানের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পর পর নিয়মিত বৈঠক হচ্ছে। দীর্ঘদিনের এসব জটিলতা নিরসনে ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ বছর পর ইংল্যান্ডের দলে ডাক পেলেন স্পিনার ম্যাসন ক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


৯ বছর পর ইংল্যান্ডের দলে ডাক পেলেন স্পিনার ম্যাসন ক্রেন

দীর্ঘ নয় বছর পর আবারও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার ম্যাসন ক্রেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগামী অক্টোবর মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৮ সালের জানুয়ারি মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে তিনি আবার ওয়ানডে দলে ডাক পেলেন। ক্রেন, যিনি এখনো কোনো ওয়ানডে খেলেননি, এই সফরের মাধ্যমে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের সম্ভাবনা তৈরি করেছেন।

ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামারগনের হয়ে বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ক্রেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৩৪টি উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম দুটি শতরানও রয়েছে। এই সাফল্যের জন্য গ্ল্যামারগনের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি। মূলত তরুণ স্পিনার রেহান আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাসন ক্রেন।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হ্যারি ব্রুকের দল ১৫ অক্টোবর ইসলামাবাদে উড়ে যাবে। গ্রুপ পর্বে তিনটি দল একে অপরের সাথে দুইবার খেলবে এবং পরে শীর্ষ দুই দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের নির্বাচক মার্কাস নর্থ মন্তব্য করেন, ‘ম্যাসন ক্রেন গেল গ্রীষ্মকালে গ্ল্যামারগানের হয়ে উভয় ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তিনি একজন অভিজ্ঞ লেগ-স্পিনার, যিনি আন্তর্জাতিক পর্যায়ে আরো একটি সুযোগ পাওয়ার যোগ্য।’

সাম্প্রতিক হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জস বাটলার এই সফরে যেতে পারছেন না এবং ব্যস্ত শীতকালীন মৌসুমের শুরুতে জোফ্রা আর্চারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন আদিল রশিদ ও স্যাম কারান, এবং দলে জায়গা পেয়েছেন জেমস কোল্সও। সবচেয়ে নজরকাড়া পরিবর্তন হলো, স্কোয়াডে ব্যাক-আপ স্পিনার হিসেবে রেহান আহমেদের জায়গায় ক্রেনের অন্তর্ভুক্তি।

ইংল্যান্ড ওডিআই স্কোয়াড : জনি বেয়ারস্টো (ইয়র্কশায়ার অধিনায়ক), অ্যাটকিনসন (সারে), বেকার (হ্যাম্পশায়ার), ব্যান্টন (সমারসেট), কোল্স (সাসেক্স), কক্স (এসেক্স), ক্রেন (গ্ল্যামারগান), ক্রোকোম্ব (সাসেক্স), এস কারান (সারে), ডসন (হ্যাম্পশায়ার), ডাকেট (নটিংহ্যামশায়ার), জ্যাকস (সারে), জে ওভারটন (সারে), রশিদ (ইয়র্কশায়ার), রুট (ইয়র্কশায়ার), টাং (নটিংহ্যামশায়ার)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারেের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারেের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভোলার চরফ্যাশনে ভূমি বিরোধকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন ইমাম হোসেন পাটোয়ারী।এসব তথ্যের কারণে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমাম হোসেন পাটোয়ারী।

তিনি বলেন, দক্ষিণ চর মাদ্রাজ, পশ্চিম এওয়াজপুর ও উত্তর ফ্যাশন মৌজার কয়েকটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। তার দাবি, ল্যান্ড সার্ভে মামলায় রায় ও ডিক্রি পাওয়ার পর সংশ্লিষ্ট জমি ক্রয় করে তারা নিজেদের নামে নামজারি করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

ইমাম হোসেন পাটোয়ারীর অভিযোগ,মুনছুর আহম্মদ গং ওই জমি নিয়ে বিভিন্ন আদালতে মামলা করেছেন। কয়েকটি মামলায় স্থগিতাদেশ ও খারিজের আদেশ হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া কথিত নোটারি পাবলিক আম-মোক্তারনামা নিয়ে ঢাকার আদালতে একটি মামলা চলমান রয়েছে উক্ত মামলায় নোটারী পাবলিক আম মোক্তার নামার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তার আরও অভিযোগ, তাদের ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে ভোগ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করা হলে স্থানীয় প্রিন্স মহাজন ও হাজী জাহিদুল ইসলাম রাসেল কমিশনারকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমাম হোসেন পাটোয়ারী বলেন ২৩ সেপ্টেম্বরের মানববন্ধন এবং ২৬ সেপ্টেম্বর দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় প্রকাশিত সংবাদে তাকে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে করা বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে ‘আজমত খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের প্রতি কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। ইতোমধ্যে প্রকাশিত কোনো সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধনেরও অনুরোধ করেন।

প্রয়োজনে ভূমি বিরোধসংক্রান্ত দলিলপত্র ও অন্যান্য প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইমাম হোসেন পাটোয়ারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%