ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স বন্ধ, কারণ ক্রেতা সংকট


কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স বন্ধ, কারণ ক্রেতা সংকট

রাজধানীর কাকরাইলে গত শতাব্দীর শেষের দিকে যাত্রা শুরু করেছিল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। একসময় এই বিপণিবিতানে জামা, জুতা, প্রসাধনী, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য কিনতে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত শ্রেণির ক্রেতাদের ভিড় লেগে থাকত। তবে সময়ের সাথে সাথে নানা কারণে ক্রেতা হারাতে শুরু করে বিপণিবিতানটি। এক পর্যায়ে বেচাকেনা এতটাই কমে যায় যে, দোকানমালিকেরা গত ১ অক্টোবর সম্পূর্ণভাবে বিপণিবিতানটি বন্ধ করে দেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকালে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মূল ফটকের শাটার বন্ধ রয়েছে। তার ওপরে একটি পিভিসি ব্যানার ঝুলছে, ‘১ অক্টোবর হতে শপিং কমপ্লেক্স বন্ধ থাকিবে’। যদিও বিপণিবিতানের ফটক বন্ধ, তবে দুই পাশের ছয়–সাতটি দোকান ও একটি এটিএম বুথ চালু রয়েছে। এর মধ্যে দুটি ফুড কোর্টে চার–পাঁচজন ক্রেতা দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৮ সালে ২০তলা ভবনের বেজমেন্ট ও ৪ তলা নিয়ে শুরু হয় কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। ভবনের বাকি তলায় ছিল অ্যাপার্টমেন্ট। কর্ণফুলী গ্রুপের নির্মাণ করা এই বিপণিবিতানের ১৯৮টি দোকানের মালিকানা কিনে নিয়েছিলেন ১২৫ জন ব্যবসায়ী। বর্তমানে ক্রেতা না থাকায় দোকানমালিকেরা একসাথে বিপণিবিতানটি বন্ধ করার পাশাপাশি মালিকানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতির নেতারা জানান, বিপণিবিতানটিতে শুরুতে তৈরি পোশাক, জুতা, প্রসাধনী, টেইলার্স, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য বিক্রির দোকান ছিল। চতুর্থ তলায় ছিল ফুড কোর্ট। ১৯৮টি দোকান থাকলেও বন্ধ হওয়ার আগে ২৫টি দোকান চালু ছিল।

যে কারণে বন্ধ হলো বিপণিবিতানটি

দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাকীবিল্লাহ ওসমানী জানান, ১০ বছরের বেশি সময় ধরে বিপণিবিতানটির বেচাবিক্রি ধীরে ধীরে কমতে থাকে। তিনি বলেন, মূলত তিন–চারটি কারণে শপিং মলটি ক্রেতাশূন্য হয়ে পড়েছিল। তাই দোকানমালিকেরা সবাই মিলেই মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

বাকীবিল্লাহ ওসমানী আরও জানান, গত দশকে মগবাজার–মালিবাগ উড়ালসড়ক নির্মাণের সময় তীব্র যানজটের কারণে বিপণিবিতানটিতে ক্রেতাসমাগম ব্যাপকভাবে কমে যায়। তখন বেশ কয়েকজন দোকানমালিক আশপাশের বিভিন্ন মার্কেটে অস্থায়ীভাবে দোকান সরিয়ে নেন। তবে উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার পর তারা নতুন জায়গা ছেড়ে আর ফেরেননি। পরবর্তী সময়ে মহামারি করোনাভাইরাসের ধাক্কায় শতাধিক দোকান বন্ধ হয়ে যায়। সেগুলোও পরে আর চালু হয়নি। তা ছাড়া মার্কেটে থাকা বেশ কিছু প্রসাধনীর দোকানে মানহীন পণ্য বিক্রির অভিযোগেও বিপণিবিতানের সুনাম নষ্ট হয়।

আরও পড়ুন: দুবাই থেকে আসা দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

দোকানমালিক সমিতির এই নেতা বলেন, আমরা মার্কেটের জায়গা বিক্রি করতে হাসপাতাল, ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছি। শিগগিরই বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ এম


ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফুটবলের সর্বাধিক মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ২০২৬ সালের এই পুরস্কার জিতে ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে কেইনের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

এর আগে ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের মাইকেল ওয়েন। দীর্ঘ বিরতির পর আবারও ইংল্যান্ডের কোনো ফুটবলারের হাতে উঠল ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। বায়ার্ন মিউনিখের জার্সিতে ধারাবাহিকভাবে গোল করে দলকে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি এবং আক্রমণ সাজানোর দক্ষতাও তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

জাতীয় দলের হয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থান অর্জনে নেতৃত্ব দেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর এটিই ইংল্যান্ডের বিশ্বকাপে সেরা ফল।

ব্যালন ডি’অর জয়ের পথে কেইনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত মৌসুমজুড়ে গোলের ধারাবাহিকতা ও দলীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি জিতে নেন কেইন।

কেইনের এই অর্জন তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক। টটেনহাম হটস্পারে দীর্ঘ সময় কাটানোর পর বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে তিনি ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। এবার ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত অর্জনের তালিকায় যোগ হলো ফুটবলের সবচেয়ে আলোচিত পুরস্কারগুলোর একটি।

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানটি ছিল পুরস্কারটির ৭০তম আসর। লন্ডনে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে কেইনের জয় ইংলিশ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হলেন উনাই সিমন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ এম


বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হলেন উনাই সিমন

উনাই সিমন, যিনি স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেছেন। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই স্প্যানিশ গোলরক্ষক তিবো কোর্তোয়া এবং এমিলিয়ানো মার্তিনেসকে পিছনে ফেলে এই সম্মান নিজের করে নিয়েছেন।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জমকালো অনুষ্ঠানে সিমনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মোট ১০ জন প্রতিযোগী ছিলেন। এই তালিকায় কেইপ ভার্ডের ভজিনিয়া স্থান পেয়েছিলেন, যিনি প্রথম বিশ্বকাপ অভিযানে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তবে, সিমন সকলকে পেছনে ফেলে এই সম্মাননা জিতে নিয়েছেন।

বিশ্বকাপে সিমন মাত্র একটি গোল হজম করেছেন। সব মিলিয়ে, আথলেতিক বিলবাওয়ের এই গোলরক্ষক গত মৌসুমে ৬২ ম্যাচ খেলে ২২টিতে জাল অক্ষত রাখতে সক্ষম হন।

নারী বিভাগের সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াশিন ট্রফি অর্জন করেছেন বার্সেলোনার গোলরক্ষক কাতা কোল। তিনি ক্লাবের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ জিতেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার পরিস্থিতির মধ্যে ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান আতঙ্ক ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর জন্য ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ প্রয়োগের খবরও প্রকাশিত হয়েছে।

আগামী মঙ্গলবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রাক্কালে, নেতানিয়াহু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ছবি প্রকাশ করেন, যেখানে তেল আবিবের ধ্বংসকারী পারমাণবিক বিস্ফোরণের মাশরুম মেঘ দেখা যাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, "যদি তাকে ভোট না দেওয়া হয়, তাহলে দেশটি পারমাণবিক ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে।"

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নেতানিয়াহু উল্লেখ করেন, "যারা নিজেদের অস্তিত্ব, পরিবার ও প্রিয়জনদের নিয়ে চিন্তা করেন, বিরোধীদের ভোট দেওয়ার আগে তাদের হাত কাঁপা উচিত।"

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে সেনাবাহিনীকে দেওয়া একটি নির্দেশনা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এই নির্দেশনার ফলে সংবেদনশীল সময়ে ইরানের ভুল হিসাব-নিকাশ থেকে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জামির নির্দেশনার বিস্তারিত উল্লেখ না করে সেটি লিখিতভাবে তার কাছে উপস্থাপনের অনুরোধ করেছিলেন। তবে নেতানিয়াহু এই খবর অস্বীকার করেন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে।

তবে সোমবার সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছেন। এর আগে ফিন্যান্সিয়াল টাইমসেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছিল। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ট্রাম্প এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার সংবাদমাধ্যমের প্রতিবেদনের সরাসরি অস্বীকার করেনি। তারা শুধু বলেছে, বাহিনীর সিদ্ধান্তগুলো একান্তভাবে নিরাপত্তা, পেশাগত, বস্তুনিষ্ঠ ও জাতীয় বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর গত বছর ও চলতি বসন্তে নেতানিয়াহু যে বিজয়ী মনোভাব প্রকাশ করেছিলেন, বর্তমানে তার বক্তব্য স্পষ্টতই ভিন্ন। গত মার্চে তিনি দাবি করেছিলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়েছে। ২০২৫ সালে ইরানের বিরুদ্ধে অর্জিত সাফল্যকে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে এমন ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবেও বর্ণনা করেছিলেন।

নেতানিয়াহুর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেনাপ্রধান জামিরের প্রতি আস্থা প্রকাশ করেছেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, "নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার অভিযানে আইডিএফকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামাল-এমবাপ্পেকে হারিয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


ইয়ামাল-এমবাপ্পেকে হারিয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন কেইন

ফুটবলবিশ্বের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অরের মুকুট জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি লাভ করেছেন। অন্যদিকে, নারী ফুটবলে সেরার মুকুট উঠেছে স্পেনের তারকা অ্যালেক্সিয়া পুতেয়াসের মাথায়।

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কেইনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কারটি প্রতিবছর ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রদান করে। ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডের হাতে এবার ব্যালন ডি’অর তুলে দেন দুইবারের এই পুরস্কারজয়ী ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।

কেইনের এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন কোনো ইংলিশ খেলোয়াড়। সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন।

সব মিলিয়ে কেইন হলেন ব্যালন ডি’অরজয়ী পঞ্চম ইংলিশ ফুটবলার। এর আগে ১৯৫৬ সালে পুরস্কারটির প্রথম আসরে বিজয়ী হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউস। এরপর ১৯৬৬ সালে স্যার ববি চার্লটন এবং ১৯৭৮ সালে কেভিন কিগান এই সম্মান অর্জন করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো হ্যারি কেইনের নাম।

মেয়েদের ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। অনুষ্ঠানে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন ২০০১ সালের ব্যালন ডি’অরজয়ী মাইকেল ওয়েন। পুতেয়াসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল।

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার এর আগে ২০২১ ও ২০২২ সালে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতে নারী ফুটবলে নিজের অবস্থান আরো সুদৃঢ় করলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%