ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের


১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের

মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ Bangladesh এর টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। এজন্য তারা ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে ওই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

সোমবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে, ফাবিলার নেতৃত্বে একটি দল সাক্ষাৎ করে বিনিয়োগের এ প্রস্তাব দেন।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশ সম্ভাবনাময় এবং এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা বিদ্যমান। বিশেষ করে টেলিকম এবং ডিজিটাল ব্যাংকসহ অন্যান্য খাতে বিনিয়োগ করা সম্ভব, যাতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে চলে যেতে পারে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

বৈঠকে ভিওন বাংলাদেশের আগামীর ডিজিটাল অর্থনীতির একটি রূপ তুলে ধরে ব্যাখ্যা করে বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্যে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন খাতে সেবা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এজন্য ভিওনের নেতৃত্বে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এই উদ্যোগে ভিওন নিজেই ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ডিজিটাল অবকাঠামো নির্মাণ, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

এ সময় টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির, টেলিযোগাযোগবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ, কপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, এর আগে ভিওন সরকারি মোবাইল অপারেটর টেলিটক কেনার প্রস্তাব দিয়েছিল। এছাড়া মোবাইল ফিন্যান্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ কেনার ব্যাপারে আলাপ-আলোচনা করেছিল ভিওন। বাংলালিংকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১৩ এম


মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আজ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন। এর আগে প্রসিকিউশন এবং আসামিপক্ষের দীর্ঘ শুনানির পর গত ১৪ মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং ফারুক আহাম্মদ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।

প্রসিকিউশন আদালতে দাবি করেছেন যে, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। অন্যদিকে, আসামিপক্ষ বলছে, অভিযোগ প্রমাণিত হয়নি এবং তারা ইনুর খালাস চেয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি এবং প্ররোচনা দিয়েছিলেন হাসানুল হক ইনু। প্রসিকিউশনের দাবি, ইনুর প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেন। পাশাপাশি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্তর্ভুক্ত শীর্ষ নেতা হিসেবে সংঘটিত অপরাধের জন্য ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ও ইনুর ওপর বর্তায় বলে প্রসিকিউশন যুক্তি প্রদর্শন করেছেন।

শুনানির সময় প্রসিকিউশন আদালতে শেখ হাসিনা এবং ইনুর মধ্যে টেলিফোনে কথোপকথনের একটি রেকর্ড উপস্থাপন করেন। সেখানে জাসদ সভাপতি গণআন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে দমনের কথা বলেছেন।

তবে, আসামিপক্ষ বলছেন যে ওই কথোপকথনে আন্দোলন দমনে গুলি চালানো, বোমাবর্ষণ করা কিংবা নির্যাতনের নির্দেশ দেওয়ার কথা নেই। তাদের দাবি, প্রসিকিউশনের দাখিলকৃত নথিতেও এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইনু আন্দোলন দমনে গুলি বা নির্যাতনের নির্দেশ দিয়েছেন, উসকানি দিয়েছেন অথবা কোনো ষড়যন্ত্রের অংশগ্রহণ করেছেন।

মামলাটিতে গত ১ ডিসেম্বর প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে একই বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট আটটি অভিযোগ দাখিল করে। সেদিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

২০২৪ সালের ২৬ আগস্ট হাসানুল হক ইনু গ্রেপ্তার হন। পরে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আওয়ামী লীগ সরকারের সময় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইনু। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজের আসনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১৫ এম


প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয়ে ব্রাজিল যখন শেষ ষোলো নিশ্চিত করল, তখন কাসেমিরো ম্যাচ সেরার পুরস্কার হাতে উল্লাসে মাতলেন। কিন্তু হিউস্টনের এই ম্যাচের প্রথম অর্ধের চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল।

ম্যাচের শুরুতে ১৫ মিনিটে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড পেয়ে যান কাসেমিরো। এছাড়া মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারানোর জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের তীব্র সমালোচনার শিকার হচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘটে সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন! নিজের পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের মুখে ছাই দিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা ফিফার 'ম্যান অব দ্য ম্যাচ' পুরস্কার জিতে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কার্লো আনচেলত্তির পদ্ধতির নির্দেশনা অনুযায়ী খোলস ছেড়ে বের হন এই ব্রাজিলের ৫ নম্বর জার্সিধারী লড়াকু ফুটবলার। ৫৬ মিনিটে গাব্রিয়েল মাগালাইয়েসের চমৎকার ক্রস থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে এক চোখধাঁধানো হেডে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো।

কাসেমিরোর গোলেই মূলত ম্যাচে ফেরে সেলেসাওরা, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোলটি করেন। ম্যাচের পরিসংখ্যান বোঝায় কাসেমিরোর দুর্দান্ত প্রত্যাবর্তন। পুরো ম্যাচে তার পাসিং ছিল ৮৯ শতাংশ নিখুঁত। এর পাশাপাশি রক্ষণভাগকে সাহায্য করতে তিনি করেছেন ৪টি ক্লিয়ারেন্স, ১টি সফল ট্যাকল এবং ১টি ইন্টারসেপশন।

ফুটবল বিশ্ববাসীর সামনে পুরোনো শত্রু নরওয়ে অথবা চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি হবে ব্রাজিল? গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা কাসেমিরোর পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা এই অভিজ্ঞ সেনানী প্রমাণ করেছেন, চাপের মুখে কীভাবে ঘুরে দাঁড়িয়ে দলের জয়ের নায়ক হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১০ জেলে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১৬ এম


গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ১০ জেলে উদ্ধার

কক্সবাজারের সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে এটি সাগরে ভাসতে থাকে।

পরে দুপুর ১টার দিকে বোটে থাকা একজন মাঝি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডের শাহপরী স্টেশনে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এই অভিযানে বিকল ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের এবং ওই ফিশিং বোটটি পরবর্তীতে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মশতবর্ষে রশীদ করীম, সুকান্ত ও মুনীর চৌধুরীকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আবু তালেব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:২১ এম


জন্মশতবর্ষে রশীদ করীম, সুকান্ত ও মুনীর চৌধুরীকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
 
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে 'জন্মশতবর্ষে রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য এবং মুনীর চৌধুরী: জীবন ও সাহিত্য পাঠ' শীর্ষক বার্ষিক সেমিনার-২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের 'তরুণর সাধনা' সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "মানুষের সকল কিছু আবেগ দিয়ে না চললেও সাহিত্যের অনেকটা জুড়েই আছে আবেগ। সেই আবেগকে কাজে লাগিয়েই মনের বিকাশ সাধন করতে হবে।" তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের এ উদ্যোগের প্রশংসা করেন এবং গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামের আয়োজন আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
 
সেমিনারের প্রথম অধিবেশনে 'রশীদ করীমের "বিদায়বেলার মালাখানি": সভ্যতার সংকটভাবনার নানামাত্রা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি। এ অধিবেশনের আলোচক ছিলেন ড. অনিরুদ্ধ কাহালি।
 
দ্বিতীয় অধিবেশনে 'সুকান্ত ভট্টাচার্যের কবিতা: শৈলী পর্যালোচনা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আহমেদুল বারী।
 
তৃতীয় অধিবেশনে 'মুনীর চৌধুরীর "কবর" এবং আরউইন শ-এর "ব্যরি দ্য ডেড": তুলনামূলক আলোচনা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তারানা নূপুর। এ অধিবেশনের আলোচক ছিলেন শিক্ষাবিদ ও মুনীর চৌধুরী গবেষক ড. মোহাম্মদ জয়নুদ্দীন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জুয়েনা জাহান এ্যানি এবং সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফারহানা শাহরিন এবং বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনিস হাসিনাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। সেমিনারে কথাসাহিত্যিক রশীদ করীম, কবি সুকান্ত ভট্টাচার্য এবং নাট্যকার মুনীর চৌধুরী-এর জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
 
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জীবনগঠন, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে। একই সঙ্গে রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও মুনীর চৌধুরীর মতো মনীষীদের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে গবেষণা ও সৃষ্টিশীল চর্চার অনুপ্রেরণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%