ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মোংলায় গ্রামবাসী-কোস্ট গার্ড সংঘর্ষে আহত ১০


মোংলায় গ্রামবাসী-কোস্ট গার্ড সংঘর্ষে আহত ১০

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোঠা এলাকায় জেলে মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গ্রামবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জয়মনি ঠোঠা এলাকায় নিখোঁজ মিরাজ শেখের বিষয়ে জানার জন্য স্থানীয়রা কোস্ট গার্ড ক্যাম্পের দিকে এগোলে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিখোঁজ মিরাজ শেখের খোঁজ নিতে আসার সময় গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের সংঘর্ষ সংঘটিত হয়। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার জন্য কোস্ট গার্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়।

 ঘটনার পর নিখোঁজ মিরাজ শেখের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম এবং বোন লিজা ইসলামকে কোস্ট গার্ড হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে বলে স্থানীয়দের দাবি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোংলা থানা পুলিশের, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

আরও পড়ুন: হেমন্তের শুরুতে ময়মনসিংহে শীতের আমেজ

 এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে জয়মনি ঠোঠা এলাকায় পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান রয়েছে বলে জানা যাচ্ছে।

 মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

 উল্লেখযোগ্য যে, জেলে মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরা ছাড়াও ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পরিবারের সদস্যদের দাবি, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জয়মনি ঠোঠা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সাদা পোশাক পরা দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। খবর পেয়ে মিরাজের স্ত্রী মুক্তা বেগম সেখানে গিয়ে দেখেন, কোস্ট গার্ডের একটি স্পিডবোটে করে মিরাজকে মোংলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

 এরপর থেকেই মিরাজ শেখ নিখোঁজ রয়েছেন। এরপর মিরাজের সন্ধানে তার পরিবার মোংলা ও বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে দীর্ঘ দুই মাস অতিবাহিত হওয়ার পরও তার কোন সন্ধান মেলেনি।

আরও পড়ুন: গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি বড় সুখবর

২০২৮ সালে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের অধীনে বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় যেকোনো একটি ভাষা শেখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। সেই ভাষা শিখে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ইচ্ছা পোষণকারী শিক্ষার্থীদেরকে ১০ লাখ টাকা ঋণ সুবিধা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এই ঋণ সুবিধার প্রস্তাব রেখেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা; যেমন-জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে। সরকার তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে চান, তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার প্রস্তাব করেছে।

এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।

বক্তব্যে মিড ডে মিলের আওতা বাড়ানোর পরিকল্পনাও প্রকাশ করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটানো ও সুস্বাস্থ্য নিশ্চিতের উদ্দেশ্যে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণ ঘটানো হবে। এতে ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিতেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রযুক্তিশিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিতকল্পে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।

প্রসঙ্গত, ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি পেয়েছে, উন্নয়ন কর্মসূচি ও রাষ্ট্রীয় ব্যয়ের আকারও বেড়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এটি। বিশাল নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রতিগুলি পূরণে এবার সরকার দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট তৈরি করেছে। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এই বিশাল বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে। বাজেট ঘাটতি ২ লাখ ৫১ হাজার কোটি টাকা দাঁড়াতে পারে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩.৬ শতাংশ।

বাজেটের এই বিশাল ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

নতুন এ বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউটিউব নির্মাতা থেকে হলিউড সেনসেশন ‘অবসেশন’র ক্যারি বারকার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


ইউটিউব নির্মাতা থেকে হলিউড সেনসেশন ‘অবসেশন’র ক্যারি বারকার

মুক্তির তিন সপ্তাহ পরেও থামে না হলিউডের হরর সিনেমা ‘অবসেশন’ এর ঝড়। মাত্র ৯ কোটি বাজেট দিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন ডলার বা ২ হাজার ৪০০ কোটি টাকার আয় করেছে। বক্স অফিস কাঁপানো এই সিনেমার নির্মাতা ক্যারি বারকার বর্তমানে হলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।

স্বল্প বাজেটে নির্মিত ‘অবসেশন’ এত আয় করে অনেকের মনে বিস্ময় তৈরি করেছে। সিনেমার এই সাফল্য ও দর্শকপ্রিয়তা নির্মাতা প্রতিষ্ঠান ফোকাস ফিচারের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের মর্যাদা এনে দিয়েছে।

বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, ‘অবসেশন’ ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে একের পর এক চমক দেখাতে শুরু করে। শুধু উত্তর আমেরিকায় এর আয় প্রায় ১৬১ মিলিয়ন ডলার।

ভৌতিক বা হরর ঘরানার সিনেমার ক্ষেত্রে এমন রেকর্ড বিরল ঘটনা। এর আগে ১৯৯৯ সালের কাল্ট ক্ল্যাসিক ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’ এর দখলে ছিল এমন রেকর্ড। অবাক করা বিষয় হলো, ১৯৮২ সালের ‘ই.টি. দ্য এক্সট্রা–টেরেসট্রিরিয়াল’ এর পর ‘অবসেশন’ই প্রথম সিনেমা, যার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের তুলনায় উল্টো বেড়েছে।

সিনেমাটির নির্মাতা ক্যারি বারকারও হলিউডের আরেক বিস্ময়। হলিউডের সিনেমা জগতে তার নাম তেমন পরিচিত নয়। ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যে তার পরিচিতি সীমাবদ্ধ ছিল। পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণে ক্যারি বারকারের প্রথম বড় পরীক্ষা ছিল ২০২৪ সালে, যখন তিনি চলচ্চিত্র ‘মিল্ক অ্যান্ড সেরিয়াল’ নির্মাণ করেন। এই সিনেমার বাজেট ছিল মাত্র ৮০০ ডলার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।

বন্ধুদের নিয়ে প্রথম একটি সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাণ করার পর সিনেমাটি সরাসরি ইউটিউবে প্রকাশ করেন ক্যারি বারকার। মুক্তির পরপরই এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। দর্শক একে অপরকে বোঝাতে থাকে যে, এই তরুণ নির্মাতার মধ্যে আলাদা কিছু আছে। সীমিত সম্পদ নিয়েও তিনি ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করার সক্ষমতা রাখেন।

তাহলে ‘মিল্ক অ্যান্ড সেরিয়াল’ ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি গড়ে দেয় ক্যারি বারকারের। এরপরেই ‘অবসেশন’ তার ক্যারিয়ার বদলে দিয়েছে। সিনেমাটি নির্মাণের পর ক্যারি বারকারকে হলিউডের নতুন প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় হরর নির্মাতাদের একজন হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের একটি নাম ছিলেন চিত্রনায়ক সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুর প্রায় ৩০ বছর পর আদালত মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হবে, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন নায়কের মা নীলা চৌধুরী। তিনি সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন।

নীলা চৌধুরী বলেন, দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হলো, সেখানে লেখা রয়েছে ডাক্তার, পুলিশ, সাংবাদিকরা দেখেছেন মরদেহ ঠিক ছিল। কিন্তু এখানে বলা হয়েছে, বডি ওয়াজ ডিকম্পোজড। এ থেকেই বোঝা যায় এটি সত্য। এখন আবার এই প্রহসন কেন? এসবের কোনো অর্থ হয় না।

সালমান শাহর মা অভিযোগ করেন, বিভিন্ন পর্যায়ে তদন্তে অনিয়ম হয়েছে এবং চাপের মুখে নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি এ প্রসঙ্গে বলেন, পুলিশ কিছু করল না, পরে সিআইডিকে দেয়া হলো। আমরা সিআইডির ওপর আশাবাদী। অপেক্ষা করি তারা কী করে। দুইবার মরদেহ উত্তোলন করা হয়েছে এবং দ্বিতীয়বার সব পরিষ্কার ছিল।

এছাড়াও, তিনি দাবি করেন, তদন্তের সঙ্গে যুক্ত কিছু চিকিৎসক বিভিন্নভাবে চাপের মুখে কাজ করেছেন বলে তার কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, আমি আইনের বিরুদ্ধে কিছু বলি না। আদালতের রায় এসেছে, এখন দেখি কী হয়।

নায়কের মা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকা শহরের ইস্কাটনের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে থেকে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সে সময়ে অপমৃত্যু মামলা হলেও পরে সেটি হত্যা মামলায় পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কনটেন্ট তৈরিতে কর মওকুফের প্রস্তাব দিয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


কনটেন্ট তৈরিতে কর মওকুফের প্রস্তাব দিয়েছে সরকার

সরকার কনটেন্ট তৈরিতে কর মওকুফের প্রস্তাব দিয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে যখন বাজেট অধিবেশন চলছে, অর্থমন্ত্রী এই প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, "দেশের লাখ লাখ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কনটেন্ট তৈরি করে আয় করছেন, তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।" তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করতে স্টার্ট-আপ প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে মওকুফের প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, "মানুষের কাছে মোবাইল সেবা আরো সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।" ফলশ্রুতিতে আগামী অর্থবছরে মোট ১২০০ কোটি টাকা রাজস্ব হ্রাস হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%