০১:৪৯ পি.এম
"নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, বাজারের পরিবেশ সুন্দর রাখুন, আমাদের বাজার—আমরাই রাখব পরিষ্কার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’।
বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজার প্রাঙ্গণে বাজারের ব্যবসায়ী, বাজারের ইজারাদার এবং সামাজিক সংগঠন বিডি ক্লিন-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাজার গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান দর্জী বলেন, একটি পরিচ্ছন্ন বাজার শুধু ব্যবসায়ীদের নয়, ক্রেতাদের জন্যও নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। তিনি বাজারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বাজারের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন: আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন':ঠাকুরগাঁওয়ে ইউএনওর বিতর্কিত বক্তব্য
গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং টুবিয়া বাজারের ইজারাদার ও সাংবাদিক ইমদাদুল হক মিলন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস্কান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খান মাসুদ রানা, স্থানীয় ব্যবসায়ী আ. ছালাম খান, আ. জব্বার মাতুব্বর, হানিফ তালুকদার, ইদ্রিস মোল্লা, শেরজামাল ফকির, এনামুল মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে বাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং উপস্থিত সবাই টুবিয়া বাজারকে প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে টুবিয়া বাজারকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।
শাওন বল
মাদারীপুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন