০৫:০১ পি.এম
মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে একজন রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুনপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা পশ্চিম পাড়া গ্রামের রহম আলী ভয়ের ছেলে। পুলিশ এবং স্থানীয়দের ধারণা অনুসারে, পূর্বশত্রুতার কারণে বা কোনো ছিনতাইচক্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামের একজন কাঠমিস্ত্রিকে আটক করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুনপাড়া এলাকায় একটি পাকা রাস্তার ওপর একটি রিকশা ও পাশেই পাটক্ষেতে মরদেহ দেখতে পান শাউন মোল্লা নামে এক পথচারী।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
শাউন মোল্লা তার মোবাইল ফোনে বিষয়টি থানার পুলিশকে জানান। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা পাওয়া যায়। মোবাইল ফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির নাম পরিচয় বের করা সম্ভব হয়।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম নিহতের পরিবার এবং সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে জানান, ‘মঙ্গলবার দুপুরে পরিচিত এক প্রতিবেশীকে নিয়ে সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদরে যান। সন্ধ্যার দিকে তিনি দুজন যাত্রী নিয়ে সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা বাজারের দিকে রওনা দেন। পথিমধ্যে গোলাই নতুন পাড়া এলাকায় এসে রিকশাটি থেমে যায়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাটি ঘটনাস্থলে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে হত্যা করে। তখন মানুষের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামের কাঠমিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন