সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের তৃতীয় ড্রোন ভূপাতিত করেছে।
পার্সটুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়াহিয়া সারিয়ি সোমবার ঘোষণা করেন যে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের মালিকানাধীন একটি সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি ইয়েমেনের আল-বাইদা প্রদেশে শত্রুতামূলক সামরিক অভিযান পরিচালনা করছিল।
ইয়াহিয়া সারিয়ি বলেন, এটি গত ২৪ ঘণ্টায় ভূপাতিত হওয়া তৃতীয় ড্রোন।
ইয়েমেনের আনসারুল্লাহ গত জুলাই মাসে বাব আল-মান্দাব প্রণালিতে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করে। তারা এই পদক্ষেপকে ইয়েমেনের ওপর সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের জবাব হিসেবে অভিহিত করে।- পার্সটুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরী (১৪) সাত দিন পর উদ্ধার হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামি এবং ওই কিশোরীর গৃহশিক্ষক জাহিদ হাসান রাজকে (২৫) গ্রেপ্তার করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার হওয়া রাজকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং জাহিদ হাসান রাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাজ কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের দক্ষিণ পানজোড়া গ্রামের জামান রাজের পুত্র।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ এবং মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। স্থানীয় একটি বিদ্যালয়ে তার পড়াশোনা চলছিল। জাহিদ হাসান রাজ নিয়মিতভাবে তাদের বাড়িতে গিয়ে তাকে পড়াতেন। ঘটনার দিন সকালে বিদ্যালয়ের পোশাক পরে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী।
সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, জাহিদ হাসান রাজসহ কয়েকজন ওই কিশোরীকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে গেছেন। মেয়ের সন্ধান না পেয়ে ওই রাতেই কিশোরীর মা জাহিদ হাসান রাজসহ চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা রুজু করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন বলেন, মামলা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পূর্বাচল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদীয় আসন ৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
নিয়োগ পাওয়ার পরদিনই তিনি ঢাকার জিয়া উদ্যানে যান। সেখানে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একসময় তাঁর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা শিমুল বিশ্বাস জানান, তিনি বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথচলা শুরু করেন।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে এবং তারা এমপি শিমুল বিশ্বাসের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজ পালনকারীদের গাইড হিসেবে সরকারি ব্যবস্থাপনায় নিয়োগের জন্য আবেদনের সময় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২০২৭ সালে এই নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হলে, আগ্রহীদের অনলাইনে হজ পোর্টাল wwwh.aji.gov.bd এ গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
আজ সোমবার এক তথ্য বিবরণীতে এ বিষয়টি জানানো হয়েছে
এতে উল্লেখ করা হয়েছে যে, সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানার জন্য ১৬১৩৬ নম্বরে কল করা যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ
রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং শাহ তাহমিদ আহমদ (৩৩)।
গ্রেফতারকৃত চারজনই সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) জানান, গ্রেফতারকৃতরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ