১০:৫৩ পি.এম
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থায় অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে হবে। যাতে সব অংশীজন সহজে নিবন্ধন করতে পারে এবং সরকারি ক্রয় কার্যক্রমে কোনো ধরনের জটিলতা ছাড়াই অংশ নিতে পারে।
আজ বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবনের সম্মেলন কক্ষে, বিপিপিএ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
বিপিপিএর ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী এবং বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঝিনাইদহে পারিবারিক বিরোধে দুই আপন ভাই নিহত
সভায় বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কারের পটভূমি, ডিজিটাল রূপান্তর, বিদ্যমান আইন ও বিধিমালা, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, বিপিপিএর সাংগঠনিক কাঠামো, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বিপিপিএকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানার জন্য পরামর্শমূলক সভা আয়োজনের নির্দেশনা দেন।
তিনি বলেন, এ ধরনের সভা বিপিপিএর জনবল ও সক্ষমতা উন্নয়ন, ই-জিপি প্ল্যাটফর্মকে আরও সহজীকরণ এবং এর আওতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিরূপণে সহায়ক হবে।
তিনি সরকারি ক্রয়ে দরপত্রদাতাদের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: কক্সবাজারের অগ্নিকাণ্ডে তিন বান্ধবীর মধ্যে বেঁচে ফিরলেন ২ জন
পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই একটি অংশীজন পরামর্শ সভার আয়োজন করা হবে। এসব সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিপিপিএ এবং ই-জিপি ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন