০৪:৫৬ পি.এম
সড়কবাতির আধুনিক এবং বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জানতে ফ্রান্স যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এই সফরে তার সঙ্গে রয়েছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট।
তাদের ফ্রান্সে থাকার সময়কাল ২০ থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে।
এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আলোকসজ্জা প্রযুক্তি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে তারা ফ্রান্স সফরে যাচ্ছেন। সফরকালে রাসিকের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন।
সেখানে তারা সড়কবাতির সর্বাধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করবেন বলে সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় government বিভাগে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, এ সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। সরকারি অর্থ ব্যয় ছাড়াই এ সফর অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে নিয়ে আসি।
আরও পড়ুন: নোয়াখালী সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বিভিন্ন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়। কোনো ক্রেতা প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ দেখালে আমরা তাদের ফ্রান্সে নিয়ে গিয়ে কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দিই।’
তবে বর্তমানে রাজশাহী সিটি করপোরেশন কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি সংগ্রহ করছে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। মেহেদী হাসান বলেন, ‘আমাদের কয়েকজন ডিলার রয়েছে। এই মুহূর্তে ঠিক কোন ডিলার রাসিককে পণ্য সরবরাহ করছে তা বলতে পারছি না।’
সফর প্রসঙ্গে বক্তব্য জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সরাসরি মন্তব্য না করে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ সংক্রান্ত বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াত প্রার্থীর
এদিকে একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সড়কবাতি বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য বিদেশ সফর কতটা প্রয়োজনীয় এবং এর বাস্তব সুফল নগরবাসী কতটা পাবে সেটার কোনো নির্দিষ্ট তথ্য নেই। মূলত উচ্চমূল্যে সড়ক বাতি কিনে সেই কমিশনে বিদেশ সফরের আয়োজন এটি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন