০৯:০৮ এম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সবুজ (৪৫) নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে।
সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত সবুজ রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় একটি স্যানিটারি দোকান পরিচালনা করতেন।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের সাইনবোর্ডে থাকা মোবাইল নম্বরে কল দিয়ে স্যানিটারি মালামাল কেনার কথা বলে সবুজকে দোকানে আসতে বলেন। পরে, সবুজ দোকানে পৌঁছালে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাসে থাকা পুলিশের পোশাকধারী দুইজনসহ ৫-৬ জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
অপহৃতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সবুজের স্ত্রী তার মোবাইল ফোনে যোগাযোগ করলে সবুজ জানায়, কয়েকজন তাকে শ্রীনগরের দিকে নিয়ে যাচ্ছে এবং তাকে নামতে দিচ্ছে না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই শ্রীনগর থানা, পদ্মা সেতু উত্তর থানা এবং মুন্সীগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে খোঁজ করেও সবুজের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন