০৮:৫৭ পি.এম
যেখানে লরির আঘাতে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে জানাজাটি সম্পন্ন হয়।
এর আগে, সকালে একই স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাইশার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এর ফলে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।
আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে যায়। এতে গুরুতর আহত হন মাইশা, যাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইশা ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায়।
এদিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ করা এবং মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং উচ্ছেদ করা।
তারা আরও দাবি করেছেন, সড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুপাশে পদচারী-সেতু নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন