সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৪ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানি এবার শীত মৌসুমে প্রবেশ করছে স্বাভাবিকের তুলনায় অনেক কম প্রাকৃতিক গ্যাস মজুদ নিয়ে। বর্তমানে দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলো মাত্র ৫৭ শতাংশ পূর্ণ রয়েছে। ইউরোপের গড় মজুদের তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে কম। তবে, জার্মানির অন্যতম বড় গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান ভিএনজি বর্তমানে গ্যাস সরবরাহ নিয়ে বড় কোনো ঝুঁকি দেখছে না। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উলফ হাইটমুলারের মতে, ২০২২ সালের জ্বালানি সংকটের সময়ের তুলনায় এখন জার্মানির গ্যাস সরবরাহব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
হাইটমুলার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "২০২২ সালের তুলনায় এখন জার্মানির গ্যাস আমদানির উৎস অনেক বেশি বিস্তৃত।" তিনি আরও উল্লেখ করেন যে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুযোগও বেড়েছে। গ্যাসের সরবরাহের উৎস বৃদ্ধি পাওয়ার ফলে জার্মানির নির্ভরতা একটি নির্দিষ্ট দেশের ওপর কমেছে। বর্তমানে জার্মানির গ্যাস সংরক্ষণাগার ৫৭ শতাংশ পূর্ণ রয়েছে, যা সেপ্টেম্বরের শেষের দিকে বিরল ঘটনা। ইউরোপের গড় মজুতের তুলনায় জার্মানির অবস্থান নিচে থাকায় শীত মৌসুমে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে, ভিএনজির প্রধান নির্বাহী মনে করেন যে, গ্যাসের মজুতের শতাংশ দিয়ে সরবরাহ পরিস্থিতি বিচার করা যথাযথ নয়। হাইটমুলার বলেন, "গ্যাসের মজুদ সরবরাহ নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এটিই একমাত্র বিষয় নয়।" গ্যাস আমদানির পথ, পাইপলাইন, এলএনজি আমদানির সক্ষমতা এবং অন্যান্য সরবরাহব্যবস্থাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউরোপে রুশ পাইপলাইনের গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এরপর জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশ বিকল্প উৎস খুঁজতে শুরু করে। ভিএনজি নরওয়ে থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি করে।
এছাড়া, আলজেরিয়া ও আজারবাইজান থেকেও গ্যাস সরবরাহের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে জার্মানির গ্যাস আমদানির উৎস আগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় হয়েছে। লাইপজিগভিত্তিক ভিএনজি জার্মানির বিদ্যুৎ ও জ্বালানি কম্পানি এনবিডব্লিউর বেশিরভাগ মালিকানাধীন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ৪০৯ টেরাওয়াট ঘণ্টা গ্যাস সংগ্রহ করেছে। এই কারণে ভিএনজি জার্মানির অন্যতম বড় গ্যাস আমদানিকারক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি গ্যাসের পাইপলাইন ও সংরক্ষণাগারও পরিচালনা করে। হাইটমুলার বলেন, "ভিএনজি তাদের গ্যাস সরবরাহব্যবস্থা এমনভাবে তৈরি করেছে, যাতে শীত বেশি ঠান্ডা হলেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যায়।"
তিনি আরও বলেন, "আমরা আমাদের গ্যাস সরবরাহের ব্যবস্থা এমনভাবে তৈরি করেছি, যাতে শীত যতই ঠান্ডা হোক না কেন, গ্রাহকদের কাছে আমাদের সরবরাহের দায়িত্ব পূরণ করতে পারি।" তবে, তিনি কিছু ঝুঁকির কথাও উল্লেখ করেছেন। তার মতে, গ্যাস আমদানির কোনো বড় উৎস বন্ধ হয়ে গেলে, বিশ্ববাজারে গ্যাসের ঘাটতি দেখা দিলে অথবা গ্যাস সরবরাহের অবকাঠামোতে সমস্যা হলে দাম বেড়ে যেতে পারে। যদি শীতের তীব্রতাও বেড়ে যায়, তাহলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে।
ইরানকে ঘিরে সংঘাতের কারণে হরমুজ প্রণালির জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে এলএনজির সরবরাহ কমেছে। এর প্রভাব ইউরোপের গ্যাস বাজারেও পড়েছে। চলতি বছর ইউরোপে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। বর্তমানে প্রতি মেগাওয়াট ঘণ্টা গ্যাসের দাম প্রায় ৭৫ ইউরো। হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি শীত মৌসুমে ইউরোপে গ্যাসের চাহিদা বাড়ার বিষয়টিও বাজারে চাপ তৈরি করছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান ইয়র্গেনসেন সতর্ক করে বলেন, চলতি শীতে জ্বালানির দাম নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তিনি সদস্য দেশগুলোকে গ্যাসের মজুদ আরো বাড়ানোর চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গ্যাসের ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
জার্মান সরকার গ্যাসের মজুত দ্রুত বাড়ানোর জন্য সরাসরি বাজারে হস্তক্ষেপের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তবে ২০২৭ সালের প্রথম তিন মাসের জন্য অতিরিক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দরপত্র আয়োজনের উদ্যোগকে সমর্থন করেছে সরকার। ভিএনজির প্রধান নির্বাহী হাইটমুলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই পদ্ধতিতে বাজারে বড় ধরনের হস্তক্ষেপ না করেই গ্যাস মজুত বাড়ানোর জন্য প্রয়োজনীয় উৎসাহ তৈরি হবে। জার্মানির রাজধানী বার্লিনে একটি কৌশলগত গ্যাস মজুত তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। হাইটমুলার এই উদ্যোগেরও সমর্থন করেছেন। তার মতে, হঠাৎ বড় ধরনের গ্যাস সরবরাহ সংকট দেখা দিলে এই কৌশলগত মজুত জার্মানির জন্য অতিরিক্ত নিরাপত্তা দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে সবাই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। আজ সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, গোপালগঞ্জের আরো কয়েকটি স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ পাচারের সময় আইন প্রয়োগকারী সংস্থা ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা এক যাত্রীকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনা করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কচ্ছপগুলো জব্দ করে। অভিযানের সময় এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং নির্বাহী হাকিমসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর, ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়াগামী যাত্রী শহীদুল ইসলামকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালানোর পর ১ হাজার ১৬৩টি জীবন্ত কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার শহীদুলের বাড়ি টাঙ্গাইলের মাহমুদ নগরের হাসানাবাদ এলাকায়।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, জিজ্ঞাসাবাদে আটক শহীদুল তেমন কিছু জানাতে পারেননি। তিনি কেবল অর্থের বিনিময়ে লাগেজ পার করার দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তথ্য দিয়েছেন। আমাদের ধারণা, এর পেছনে অন্য একটি পাচারকারী চক্র কাজ করছে। সেই চক্রকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙনের একটি গুরুতর ঘটনা ঘটেছে। যে কোনো মুহূর্তে এই ভাঙনের ফলে গ্রামাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন রোধের জন্য স্থানীয়রা কাজ করে যাচ্ছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়দের মতে, নদীতে জোয়ারের আগে ব্যবস্থা গ্রহণ না করলে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। স্থানীয় নূরে আলম ছিদ্দিকী জানান, শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ১৫০ ফুট অংশ ভেঙে গেছে। ভাঙনের শুরুতেই স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ রক্ষার কাজ শুরু করেছেন। যদি জোয়ারের আগে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কুড়িকাহুনিয়া সহ আশেপাশের ১০-১২টি গ্রাম আবারো প্লাবিত হতে পারে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মো. দাউদ আলী জানান, কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে দেড়শ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। প্রাথমিকভাবে আমরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাঁধ রক্ষার কাজ করছি এবং পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তায়কিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। দুপুরের মধ্যে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে ৪০ শতাংশ বাঁধ মেরামত করেছেন। এখন বাঁধটি মজবুত করতে বাঁশ খুটি ও জিও ব্যাগের প্রয়োজন। উর্দ্ধতনদের সঙ্গে আলোচনা করে বাকি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ