০৫:৫৯ পি.এম
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে এবং তা দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে।
তিনি আজ মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এই ঘোষণা দেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
শফিকুল ইসলাম খান আরো বলেন, দখল হওয়া এ সব খাল উদ্ধারের উদ্যোগ গ্রহণ না করা গেলে, ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না।
এই প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, নগরবাসীকে জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করতে এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে, জনগণকে সঙ্গে নিয়ে ডিএনসিসি’র আওতায় ২৯টি খাল ধাপে ধাপে দখলমুক্ত করা হবে।
ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘এ কাজে যত বাধাই আসুক না কেন, সেগুলো অতিক্রম করা হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ দূষণ কমাতে এবং রাজধানীকে সবুজায়ন করার লক্ষ্যে সবারই উচিত ছাদ বাগান গড়ে তোলা। তবে, ছাদে কোথাও যেন পানি জমে না থাকে এবং সে ব্যাপারে বিশেষ নজর দিতে হবে।
ছাদে পানি না জমে যেন ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন না ঘটে, এ বিষয়ে সতর্ক থাকার জন্য ডিএনসিসি’র প্রশাসক সকলের প্রতি অনুরোধ করেন।
এ সময় তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে, নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে হবে।
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান মো. শফিকুল ইসলাম খান।
আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সরকার জনগণের স্বার্থের জন্য কাজ করে যাবে।
কর্মসূচি শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালিতে শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন