০৬:৪২ পি.এম
হিলি সহ জেলার প্রায় ১৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া যে অবৈধভাবে ভারতে পাচার হবে না, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহল ব্যবস্থা ও নজরদারি জোরদার করেছে।
আজ মঙ্গলবার বিকালে বিজিবি’র দিনাজপুর সেক্টরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি’র দিনাজপুর সেক্টরের আওতাধীন প্রায় ১৪০ কিলোমিটার সীমান্তের দায়িত্ব পালন করছে জয়পুরহাট ব্যটালিয়ন (২০ বিজিবি), দিনাজপুর ব্যটালিয়ন (৪২ বিজিবি) ও ফুলবাড়ি ব্যটালিয়ন (২৯ বিজিবি)।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল
এদিকে, মঙ্গলবার দুপুর আড়াই টায় বিজিবি’র জয়পুরহাট ব্যটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
বিজিবি সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদুল আজহার সময় কিছু অসাধু চক্র সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা করে থাকে। এই ধরনের অপতৎপরতা রোধে ঈদের দিন থেকে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি শুরু করেছে। সীমান্তের স্পর্শকাতর এলাকা ও সম্ভাব্য পাচার রুটগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, চাই বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এছাড়া, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত করা হচ্ছে। জেলার সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও চামড়া পাচারের ক্ষতিকর দিক তুলে ধরে নিয়মিত মাইকিং করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলমান রয়েছে।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠকে বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বাজারজাত করণের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে। একই সাথে সীমান্ত দিয়ে কোনো ধরনের চামড়া পাচারের চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
বিজিবি’র জয়পুরহাট ব্যটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানিয়েছেন, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন