০৬:৩০ এম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীন, এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে গালিবাফ এই মন্তব্য করেন। তিনি চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গালিবাফ নিবন্ধে উল্লেখ করেন, যুদ্ধ বন্ধের পাশাপাশি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা
তিনি বলেন, চীনের সঙ্গে ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক এবং বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।
গালিবাফ আরও জানান, চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ করে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছেন।
তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা কার্যক্রমের সমন্বয় ও তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি পরিচালনা ও তদারকি সংস্থা গঠনের পরিকল্পনা রয়েছে। এই সংস্থাটি কৌশলগত সমন্বয়, অগ্রাধিকার নির্ধারণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তবে এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের বিকল্প হিসেবে কাজ করবে না।
গালিবাফ চীনের সঙ্গে সহযোগিতাকে শুধুমাত্র আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি সমন্বিত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও স্থায়ী সমঝোতার শর্ত নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা এখনো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন