ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গুজরাটে সংঘর্ষের পর ৯ মুসলিম যুবককে নির্মমভাবে পেটাল পুলিশ


গুজরাটে সংঘর্ষের পর ৯ মুসলিম যুবককে নির্মমভাবে পেটাল পুলিশ

ভারতের গুজরাটের বানাসকাঁথা জেলার ভাগল গ্রামের নিকটবর্তী একটি স্থানীয় বিরোধের কারণে ৯ মুসলিম যুবকের উপর পুলিশ কর্তৃক অত্যন্ত নির্মমভাবে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ৯ যুবক হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসে আছেন এবং একজন ব্যক্তি তাদের প্রত্যেককে বেল্ট দিয়ে দুবার করে আঘাত করছেন। এ সময় ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দিওয়ালির আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে ভাগল গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: ভারতে পাকিস্তানের নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোয়াজ্জম আলী

গত ২৫ ও ২৬ নভেম্বর গ্রামে দুই পক্ষের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর এই বেত্রাঘাতের ঘটনা ঘটে। একটি গোয়ালঘরের পাশে তরুণদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে এই সহিংসতার সূত্রপাত হয়, যা পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়। এই সংঘর্ষে প্রায় ছয়জন আহত হন।

এ ঘটনার পর একটি হিন্দু পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করা হয়। এরপর পালানপুর গ্রামীণ পুলিশ হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে এবং তাদের বিচারিক রিমান্ডে পাঠানো হয়।

বেত্রাঘাতের এই ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসার পর গুজরাট পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সংবাদমাধ্যম সিয়াসাত ডট কমের পক্ষ থেকে বানাসকাঁথার পুলিশ সুপার (এসপি) প্রশান্ত সুম্বের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন: তুরস্কে বিরোধীপন্থী সংবাদ চ্যানেল হাল্ক টিভি ধ্বংসের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তির কারণ জানালেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তির কারণ জানালেন শিক্ষক

তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্যকে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস হজরত মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, মাওলানা সাদের এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য বিদ্যমান এবং এই সমালোচনার পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ জড়িত নেই।

সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেছেন বলে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বক্তব্যে তাবলিগি জামাতের চলমান সংকট, মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মাওলানা সালমান বিজনুরি মন্তব্য করেছেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং দ্বীনের ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করে আসছে।

মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করে এই মুহাদ্দিস বলেন, এ সমালোচনার পেছনে তার প্রতি কোনো হিংসা বা শত্রুতা নেই। অর্থনৈতিক সম্পদ কিংবা তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত নয়। বরং মাওলানা সাদ একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার জামাতে দেওবন্দের মধ্যে সব সময় মর্যাদার অধিকারী। তার পরিবারের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে। তবে দারুল উলুম দেওবন্দ নিজেদের ঘনিষ্ঠজনদের ভুলের ক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেয়; কোনো ব্যক্তি ঘনিষ্ঠজন হওয়ায় তার ভুলের বিষয়ে নীরব থাকা প্রতিষ্ঠানের নীতি নয়।

তাবলিগি জামাতের কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের আপত্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতির শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ছিল, যার জবাবে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) পৃথক রিসালা রচনা করেছিলেন। অতীতে মাওলানা মানজুর নোমানি (রহ.) ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো মনীষীরাও তাবলিগি কাজের সংশোধনের চেষ্টা করেছেন, যার বিস্তারিত তথ্য ১৯৫৩ সালের ‘আল-ফুরকান’ পত্রিকায় পাওয়া যায়।

তবে মাওলানা সাদের সাম্প্রতিক কিছু বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে মন্তব্য করে মাওলানা সালমান বিজনুরি বলেন, এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন।

দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তার দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হলে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিম সাহেবের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান এবং প্রতিষ্ঠানের অবস্থান প্রকাশের দায়িত্ব তারই।

মাওলানা সাদের উদ্দেশে তিনি বলেন, কেবল ভালোবাসা ও ঐক্যের কথা বললে মূল সমস্যার সমাধান হবে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। কারণ, তার কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অন্যরা এ পরিস্থিতি থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।

বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের বদলে ইলমি দলিল ও সততার সঙ্গে বিষয়গুলো পর্যালোচনার আহ্বান জানিয়ে মাওলানা সালমান বিজনুরি বলেন, তাদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। দারুল উলুম দেওবন্দের মূল দায়িত্ব হলো দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতির সুরক্ষা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালে সুইডেন আসলাম অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পুলিশ একটি মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় গত রোববার (২২ নভেম্বর) রাতের দিকে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার (২৩ নভেম্বর) তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তরা টিটনকে গুলিতে হত্যা করে। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙ্গারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরের দিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, তিন লাখ টাকার ক্ষতি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, তিন লাখ টাকার ক্ষতি দাবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায় পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। প্রায় দেড় একর আয়তনের পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে। শহিদুল ইসলাম দীর্ঘ ১৫ বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছিলেন। তিনি দাবি করেছেন যে, এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

শহিদুল ইসলাম, যিনি মৃত আবু বক্করের ছেলে, জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা শত্রুতাবসত পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে থাকতে পারেন বলে তাঁর ধারণা।

সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি জানার পর তিনি জাল দিয়ে পুকুর থেকে মরা মাছ তুলতে বাধ্য হন। দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা মাছ চাষের উদ্যোগ এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা এন্দাজ আলী মন্তব্য করেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। হঠাৎ পুকুরের মাছ মরে ভেসে ওঠায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রাতের আঁধারে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একজন মাছচাষির দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, পুকুরে মাছ মরে ভেসে ওঠার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শহিদুল ইসলামের জন্য এটি বড় ধরনের ক্ষতি। মাছের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন। একই সঙ্গে, যদি কেউ শত্রুতাবশত এমন ঘটনা ঘটিয়ে থাকে, তবে তার পরিচয় উদ্‌ঘাটনসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পুকুরটিতে মাছ চাষ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। হঠাৎ মাছ মরে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের ঘটনায় একজন সাধারণ মাছচাষির দীর্ঘদিনের পরিশ্রম ও লোকসান সহজে পূরণ হওয়ার নয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। শহিদুল ইসলাম এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেননি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান, পুকুরে মাছ মারা যাওয়ার পেছনে পানিতে অক্সিজেনের ঘাটতি, পানিদূষণ কিংবা বিষাক্ত পদার্থের প্রভাবসহ বিভিন্ন কারণ থাকতে পারে। পরীক্ষা ছাড়া মাছের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ধরনের ঘটনায় পুকুরের পানি ও মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি, নতুন দায়িত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি, নতুন দায়িত্ব প্রদান

অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব প্রদান করে বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) স্থানান্তর করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%