প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই নির্দেশ দেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলাকালে সুইডেন আসলাম অসংগতিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পুলিশ একটি মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় গত রোববার (২২ নভেম্বর) রাতের দিকে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার (২৩ নভেম্বর) তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তরা টিটনকে গুলিতে হত্যা করে। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙ্গারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরের দিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন