ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা দিবসকে কেন্দ্র করে নতুন বিতর্ক


দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা দিবসকে কেন্দ্র করে নতুন বিতর্ক

দক্ষিণ আফ্রিকায় এবারে ম্যান্ডেলা দিবসকে কেন্দ্র করে নতুন একটি রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির মধ্যে বৈষম্য, বেকারত্ব এবং সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে ম্যান্ডেলার আদর্শ এবং তার উত্তরাধিকার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

প্রতি বছর ১৮ জুলাই পালিত হয় নেলসন ম্যান্ডেলা দিবস। ২০০৯ সালে জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণার মাধ্যমে এটি স্বীকৃতি পেয়েছে। নেলসন ম্যান্ডেলার জনসেবামূলক জীবনের ৬৭ বছরকে স্মরণ করার জন্য এদিন মানুষ ৬৭ মিনিট সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

তবে এবারে সেই প্রচলিত কর্মসূচির পরিবর্তে অভিবাসীবিরোধী সংগঠন ‘মার্চ অ্যান্ড মার্চ’ পূর্ব কেপ প্রদেশের বিভিন্ন শহরে অভিযানের ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবৈধ ভাবে অবস্থানকারী অভিবাসী ও অবৈধ ব্যবসা চিহ্নিত করবে এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।

এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এমবঙ্গিসেনি বুতেলেজি বলেছেন, ম্যান্ডেলা দিবস মানুষের সেবা, সংলাপ, সংবিধানকে সম্মান করার এবং মানবিক মর্যাদার প্রতীক। এই দিনকে বিভাজন তৈরির কাজে ব্যবহার করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

অন্যদিকে ‘মার্চ অ্যান্ড মার্চ’ বলছে, সরকার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, অবৈধ অভিবাসীরা স্থানীয়দের কর্মসংস্থানে প্রতিযোগিতার সৃষ্টি করছে এবং বিভিন্ন এলাকায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সেই কারণে তারা কঠোর অভিবাসন আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তবে সমালোচকদের মতে, দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং সরকারি ব্যর্থতার দায় অভিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

ম্যান্ডেলা ফাউন্ডেশনের প্রধান বলেছেন, রাষ্ট্রের ব্যর্থতার জন্য অভিবাসীদের দায়ী করা সঠিক নয়। মানুষের প্রকৃত সমস্যাকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী বিভাজন তৈরির চেষ্টা করছে।

এদিকে সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকার সাধারণ জনতাকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছে।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ নেতা স্নুকি জিকালালা বলেছেন, নেলসন ম্যান্ডেলা কখনোই অভিবাসীদের লক্ষ্যবস্তু বানানোর পক্ষে ছিলেন না। মানুষের প্রতি পশুর মতো আচরণ করা তার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।

এদিকে আহমেদ কাথরাদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিশান বোল্টন বলেছেন, সময়ের সাথে ম্যান্ডেলার সংগ্রামী পরিচয় অনেকটাই আড়ালে চলে গেছে। এখন বিভিন্ন গোষ্ঠী নিজেদের সুবিধামতো তার নাম ও আদর্শ ব্যবহার করছে।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

এবারের ম্যান্ডেলা দিবসের প্রতিপাদ্য হলো ‘দারিদ্র্য ও বৈষম্য দূর করা এখনো আমাদের হাতেই’। তবে অভিবাসী বিষয়ক বিতর্কের মধ্যে ম্যান্ডেলার আদর্শ ও উত্তরাধিকার নিয়ে দক্ষিণ আফ্রিকায় নতুন আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:২৫ এম


তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড

বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড একটি বড় অঙ্কের আর্থিক পুরস্কারও ঘরের দিকে নিয়ে এসেছে। ফ্রান্সকে ৬-৪ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক জেতার পাশাপাশি, ইংল্যান্ড থ্রি লায়ন্সরা ফিফার কাছ থেকে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫৬ কোটি টাকা।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, তৃতীয় স্থান অর্জনকারী দল ২ কোটি ৯০ লাখ ডলার পাবে, এমনকি চতুর্থ স্থানে যে দল থাকবে তারা পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। এর মাধ্যমে দেখা যাচ্ছে, ইংল্যান্ড ফ্রান্সের তুলনায় অতিরিক্ত ২০ লাখ ডলার বেশি প্রাপ্তি করেছে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড শুরু থেকেই তাদের আধিপত্য প্রদর্শন করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে ডেকলান রাইস গোল করে দলের কাজ শুরু করেন। এরপর ১৯তম মিনিটে এজরি কনসা ব্যবধান দ্বিগুণ করেন। ৩৭ মিনিটে বুকায়ো সাকা তৃতীয় গোল করেন এবং প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান।

যদিও প্রথমার্ধে ফুটবল খেলা কিছুটা ছন্নছাড়া ছিল, তবে বিরতির পরে ফ্রান্স কিছুটা ঘুরে দাঁড়ায়। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। ৫৪ মিনিটে বারকোলা এবং ৬৬ মিনিটে আবারও এমবাপ্পের গোল ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।

তবে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে বুকায়ো সাকা হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ইংল্যান্ডকে ৫-৪ ব্যবধানে এগিয়ে দেন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জুড বেলিংহাম ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করেন। অন্যদিকে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে উসমান ডেম্বেলে ফ্রান্সের হয়ে একটি গোল করেন, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬-৪ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ত্যাগ করে।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছিল ইংল্যান্ডের। তবে, তৃতীয় স্থানের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তারা বিশ্বকাপের শেষরণী হিসেবে সান্ত্বনার জয়, ব্রোঞ্জ পদক ও প্রায় ৩৫৬ কোটি টাকার প্রাইজমানি নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে, স্পেনের কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাস্ত হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ফ্রান্স। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয় লাভের পর, এবারই বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অর্জন করল ইংল্যান্ড। প্রায় ৬০ বছর পর তারা তৃতীয় স্থান অর্জন করে একটি নতুন ইতিহাস রচনা করেছে থ্রি লায়ন্সরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী: এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করলো এলজিইডি

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ এম


কুলিয়ারচরে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী: এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করলো এলজিইডি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডি'র গুরুত্বপূর্ণ একটি রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও চাপের মুখে অবশেষে সংশ্লিষ্ট রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ' ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-পিরিজপুর পাকা রাস্তার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ী) মোড় হতে পূর্ব গোবরিয়া মাদ্রাসা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ পায় চট্টগ্রামের মেসার্স ইউনূস এন্ড ব্রাদার্স' নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বেশ কিছু দিন আগে এ রাস্তার নির্মাণ কাজ শুরু করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই শুক্রবার ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে থাকলে তা স্থানীয় যুবসমাজের নজরে আসে। কাজের এই প্রকাশ্য অনিয়ম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা তাৎক্ষণিকভাবে কাজে বাধা দেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। সাথে সাথে এসব ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও নজরদারির অভাবে প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার সাহস পেয়েছেন। যা আদৌও কাম্য নয়।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স ইউনূস এন্ড ব্রাদার্স' কুলিয়ারচরের আরও বেশ কয়েকটি রাস্তার নির্মাণ কাজের টেন্ডার পেয়েছে। এর আগেও এই প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতির তথ্য পাওয়া গেছে। কিন্তু অজ্ঞাত কারণে এতদিনেও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

জনগণের প্রতিবাদের খবর পেয়ে উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অনিয়মের সত্যতা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সাথে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী দ্রুত সরিয়ে নিয়ে ভালো ও মানসম্মত নির্মাণসামগ্রী দিয়ে পুনরায় কাজ শুরু করার তাগিদ দেন।

এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. ইউনূস মিয়াকে পাওয়া না যাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, "আমরা কাজের মানের ব্যাপারে কোনো আপস করব না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই সমস্ত নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী ভালো ও মানসম্মত উপাদান দিয়ে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এলাকাবাসী আশা করছেন, এলজিইডি কর্তৃপক্ষের কঠোর নজরদারির মাধ্যমে এবার যেন রাস্তাটির টেকসই ও মানসম্মত নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪০ এম


ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ মার্কিন সেনা নিহত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আরো দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। এর ফলে সংঘাতে নিহত মোট মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু হয়েছে, যাতে ইরানি বাহিনীকে ‘দ্রুত শাস্তি’ দেওয়া হবে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, সর্বশেষ নিহত দুই সেনা জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় নিহত হন। এছাড়াও, ওই হামলার পর একজন মার্কিন সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

সংঘাতটি মূলত আকাশপথে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবে মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনা দেখিয়েছে যে, স্থলযুদ্ধে অংশ না নিয়েও তারা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে শনিবার পর্যন্ত জর্ডানে সর্বশেষ প্রাণহানির বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কোনো বিবৃতি দেননি।

যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতের একটি বেসামরিক বন্দরে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। পরে ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় আহত এক সেনা মারা যান।

এছাড়া মার্চের শেষদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হলে আরো ছয় সেনাসদস্য নিহত হন। সম্প্রতি আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় একজন নৌবাহিনীর পাইলটও নিহত হয়েছেন।

অন্যদিকে, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০-এর বেশি আহত হয়েছেন, দাবি করেছে তেহরান। নিহতদের মধ্যে শুক্রবার একটি সেতুতে হামলায় নিহত আটজনও রয়েছেন। এ ছাড়াও চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে জাহাজে কর্মরত ব্যক্তি, বিদেশি শ্রমিক এবং ইসরায়েল ও লেবাননের আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

সূত্র : এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের হুয়ারান টেক্স বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


চীনের হুয়ারান টেক্স বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে এ বিষয়ে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর কারখানাটি স্থাপন করা হবে। পূর্ণ উৎপাদনে গেলে কারখানাটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদনে সক্ষম হবে। এছাড়া প্রকল্পটিতে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ তথা বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি প্রতিষ্ঠানটির সফল ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%