নীলফামারী স্টাফ রিপোর্টার রায়হান আলী
০৭:০৮ পি.এম
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো একজন।
বুধবার সকালে(১০জুন) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত. আব্দুর রউফের ছেলে মজিবর রহমান(৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।
আহত ব্যক্তি হলেন নিহত মজিবর রহমানের ছেলে মিঠু(৩৮)।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সকাল নয়টার দিকে তিনজন মিলে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় সেচ পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে তিনজনই বিদ্যুস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলে মজিবর রহমানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বাকি দু’জনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জালালকে মৃত বলে ঘোষণা করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আহত মিঠু নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) দুপুরে দুর্লভপুর গ্রামে এই সিরিজের ঘটনায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা ও মাদক কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সব বিষয় মীমাংসার উদ্দেশ্যে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক আয়োজন করা হয়। কিন্তু সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে। সংঘর্ষের সময়, দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালিয়ে।
এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম (৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে তিনি নিশ্চিত হয়েছেন যে, এই সংঘর্ষের ঘটনা মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের শনাক্তকরণের জন্য তদন্ত চলছে, এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টটি ফাইনালের মাধ্যমে ১৯ জুলাই শেষ হবে।
প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষে কারা হাসবে চূড়ান্ত বিজয়ের হাসি? ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির স্পোর্টস টিভি ও রেডিওতে কাজ করা বিশেষজ্ঞরা একেকজন নিজেদের দৃষ্টিকোন থেকে চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। তাদের প্রত্যেকের বাছাইয়ে ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেনের নাম রয়েছে। ১৭ জন বিশেষজ্ঞের মধ্যে সর্বোচ্চ ৯ জন ফ্রান্সের নাম বলেছেন, ইংল্যান্ডের পক্ষে ৭ জন প্রবক্তা আছেন। স্পেনের পক্ষে বাজি ধরেছেন একজন। কেউই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল বা জার্মানির মতো দলগুলোর নাম উল্লেখ করেননি।
তাহলে কি বিশেষজ্ঞদের এই তালিকা সাধারণ? এমন ভাবনা আসা স্বাভাবিক। কিন্তু আসলে বিষয়টি তেমন নয়, মতামত জানিয়েছেন ওয়েইন রুনি, অ্যালান শিয়েরার ও অলিভার জিরুদদের মতো সাবেক ফুটবলাররা।
ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা শিয়েরারের বাছাই ফ্রান্স। তার যুক্তি, ‘ফ্রান্স। তবে এর সঙ্গে একটি শর্ত আছে। দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা কোন্দল না থাকলে। আক্রমণভাগে তাদের যে পরিমাণ সামর্থ্য ও খেলোয়াড়ের প্রাচুর্য আছে, তাতে প্রতি ম্যাচেই দুই বা তিনজন বড় তারকাকে বাইরে থাকতে হবে। তাই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে, তারা সেই পরিস্থিতিকে কতটা ইতিবাচক ও সঠিকভাবে সামলাতে পারে তার ওপর।’
রুনি মনে করেন, ১৯৬৬ সালের পর এই আসর দিয়ে ইংল্যান্ড দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও স্পেন ফাইনালে উঠবে, আর আশা করি শেষ পর্যন্ত ইংল্যান্ডই শিরোপা জিতবে।’
জিরুদের মন্তব্য, ‘আমার মতে সবচেয়ে শক্তিশালী দুটি দল হলো ফ্রান্স ও স্পেন। তবে তারা কি ফাইনালে মুখোমুখি হবে, নাকি তার আগেই একে অপরের বিপক্ষে খেলবে? সেটাই বড় প্রশ্ন। তবে আমি অবশ্যই আশা করি, ফ্রান্সই শেষ পর্যন্ত জিতবে।’
বাকি ১৪ জন বিশেষজ্ঞের মধ্যে স্কট ব্রাউন, গায়েল ক্লিসি, রাকেল কোরসি, ড্যানি মারফি, পল রবিনসন, টনি পিউলিস ও ক্রিস সুটন ফ্রান্সের কথাই বলেছেন। ইংল্যান্ডের পক্ষে কথা বলেছেন থমাস ফ্রাঙ্ক, জো হার্ট, স্টেফ হিউটন, মার্টিন কেওন, সু স্মিথ ও এলেন হোয়াইট। স্পেন নিয়ে আত্মবিশ্বাসী মিকাহ রিচার্ডসও আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের। এর আসরকে সামনে রেখে যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে মেক্সিকো ও কানাডা।
বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। একই সময়ে কানাডাও বিশ্বকাপ-থিমভিত্তিক বিশেষ কনডম বিনামূল্যে বিতরণ করছে।
৪৮ দলের এই বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছে মেক্সিকো। সেই প্রেক্ষাপটে সিফিলিস, গনোরিয়া ও এইচআইভি-সহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রতিরোধমূলক কর্মসূচি চালু করা হচ্ছে।
এর অংশ হিসেবে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ এবং বিনোদনকেন্দ্রে কনডম ও স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্র বিতরণ করা হবে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে আগত সমর্থকদের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণ করা হবে।
এর আগে কাতার বিশ্বকাপে বিবাহবহির্ভূত সম্পর্ক আইনত নিষিদ্ধ হওয়ায় আয়োজকেরা যৌনস্বাস্থ্যবিষয়ক প্রচারণা প্রকাশ্যে পরিচালনা করেননি। তবে মেক্সিকোতে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর তিনটি ভেন্যুতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী মেক্সিকো সিটি, জালিস্কো এবং মনতেরেতে ৩৯ দিনব্যাপী টুর্নামেন্ট চলাকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর মাধ্যমে ৪০ থেকে ৫০ লাখ কনডম বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় ২০ লাখ কনডম বিতরণ করবে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোকসানা ত্রেহো বলেন, এই উদ্যোগ শুধু কনডম বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হলো নিরাপদ যৌন আচরণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া।
তিনি মেক্সিকান সংবাদপত্র এল সল দে মেক্সিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিমানবন্দর এবং দর্শনার্থীদের প্রবেশস্থলগুলোতে বিশেষ বুথ স্থাপন করছি, যেখানে মানুষ কনডমের পাশাপাশি প্রতিরোধমূলক তথ্যসম্বলিত লিফলেটও পাবে। কারণ তথ্য ছাড়া কনডম দেওয়া মানে পকেটে শুধু একটি মিষ্টি তুলে দেওয়ার মতো।
রোকসানা ত্রেহো, যিনি ‘হাসপাতালস উইদাউট ইনফেকশনস’ উদ্যোগের মুখপাত্রও, জানান যে শুধু বিমানবন্দর নয়, সমর্থকেরা সাধারণত যেখানে উদ্যাপন করতে যান- সেসব নাইটক্লাব, বার ও রেস্তোরাঁতেও কনডম ও তথ্যপত্র বিতরণ করা হবে।
এছাড়া ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো সিটির জোকালো চত্বরে অনুষ্ঠিতব্য ফিফা ফ্যান ফেস্টিভ্যাল ২০২৬-এও বিনামূল্যে কনডম বিতরণ করা হবে।
তিনি বলেন, যৌনমিলনের সময় কনডম ছিঁড়ে গেলে মানুষ এসব কেন্দ্রে গিয়ে পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (পিইপি) চিকিৎসা নিতে পারবে। সময়মতো এই চিকিৎসা নিলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও মেক্সিকো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে মোট কত কনডম বিতরণ করবে তা ঘোষণা করেনি। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বিতরণকেন্দ্রের পাশাপাশি দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও কনডম বিনামূল্যে পাওয়া যাবে। এসব কেন্দ্র থেকে বছরে ১ থেকে ১ কোটি ১০ লাখ কনডম বিতরণ করা হয়।
এদিকে কানাডাও নিরাপদ যৌন আচরণে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। টরন্টো পাবলিক হেলথ তাদের ‘কনডমটু’ কর্মসূচির আওতায় বিশ্বকাপ-থিমের বিশেষ কনডম এবং অন্যান্য নিরাপদ যৌনস্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করছে।
এসব সামগ্রী টিপিএইচ পরিচালিত চারটি যৌনস্বাস্থ্য ক্লিনিকে পাওয়া যাচ্ছে। কর্মসূচির উদ্দেশ্য হলো নিরাপদ যৌন আচরণে উৎসাহ দেওয়া, সামাজিক সংকোচ কমানো ও মানুষকে যৌনস্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করা।
টরন্টো পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিবার যৌনমিলনের সময় কনডম ব্যবহার করলে যৌনবাহিত ও রক্তবাহিত সংক্রমণ, এইচআইভি ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি স্লুইচগেইটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।
বুধবার (১০ জুন) বিকেলে, কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় অভিযানের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
পরে আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে রাত ১১টায় শ্যামনগর থানাধীন হরিণটানা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ