ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
সিলেট মহানগর জামায়াতের সুধী সমাবেশে ডা. শফিকুর রহমান

দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে


দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত্তি, ৭১ আমাদের অহংকার এবং ২৪ আমাদের পরিবর্তনের দিকনির্দেশনা।

তিনি মন্তব্য করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া গেলেও দেশের এবং জনগণের অবস্থা ভালো নয়। শিশুদের ধর্ষণ ও হত্যা, খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর সরকার বিভিন্ন স্তরের রাষ্ট্রযন্ত্রে দলকানা সদস্যদের নিয়োগ দিচ্ছে। তারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। অধিকাংশ, প্রায় ৭০ শতাংশ গণভোটে 'হ্যাঁ' দাতাদের অপমান করে তারা ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এতে জনগণ হতাশ হয়ে উঠছে এবং এর ফল তাদেরকেই বহন করতে হবে। স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের ইচ্ছা থাকলে পরিণতির বিষয়টি ভাবতে হবে। জুলাই বারবার ফিরে আসবে আর আমরা নতুন করে আর কোনো মূল্যবান জীবন হারাতে চাই না।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। অন্তর্র্বতী সরকারের সময় ৫টি ব্যাংকের সমন্বয় করে একটি ব্যাংক গঠন করা হয়েছিল। সেই ব্যাংকের গ্রাহকরা টাকার জন্য ঘুরছেন কিন্তু তাঁদের সমস্যার সমাধানের উদ্যোগ নেই। সরকার সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাতের অন্ধকারে জুম মিটিংয়ে ইসলামী ব্যাংক দখল নিয়ে আলোচনা হচ্ছে। এক মাসের মধ্যে আবারো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, সেটাও রাতের অন্ধকারে। এটা কি রাতের সরকার?— এ প্রশ্ন জনগণের মুখে আসতে পারে। পলাতক, ফ্যাসিস্ট এবং লুটপাটকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে জোর-জবরদস্তি করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের আসনে বসানো হবে, এর ফল ভালো হবে না। যে গ্রাহকের ৫টি শেয়ার রয়েছে, সেও ইসলামী ব্যাংকের একজন মালিক। তাই একটি সমৃদ্ধ ব্যাংক দখল হয়ে গেলে গ্রাহকরা নিশ্চুপ থাকবে না। এজন্য গ্রাহক হিসেবে আমাকেও রাজপথে নামতে হতে পারে।

তিনি মঙ্গলবার বিকেল ৫টায় সিলেটে জামায়াতের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বিষয়গুলি তুলে ধরেন। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

এসময় সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট আলিম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির জানান, ভোটের আগে তারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছিল। এখন তারা বলেন, নির্বাচন না দিলে গণভোট মেনে নিয়েছিলাম। এটি জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা। তারা ইতোমধ্যে প্রতারণার ফলাফল পেতে শুরু করেছেন। একটি সরকারের তিন মাসের মাথায় মন্ত্রীদের ভুয়া স্লোগান শোনা যাচ্ছে। অথচ আমরা মন খারাপ করে হলেও নির্বাচনী ফলাফল মানতে হয়েছিল। আবার সরকারের জ্ঞানী মন্ত্রীদের বক্তব্য হলো, সংবিধানে গণভোট নেই। গণভোট অবৈধ বলছেন। তাহলে শহীদ জিয়া কীভাবে গণভোট করেছিলেন, তার উত্তর তাঁদের কাছে নেই। জুলাই গণঅভ্যুত্থানের পর যে আদেশে জাতীয় নির্বাচন হয়েছিল, সেই একই আদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাহলে একটি বৈধ আর একটি অবৈধ হয় কীভাবে? এটি প্রায় ৭০ শতাংশ জনগণকে অপমান করার শামিল। জনগণকে যারা অপমান করে, জনগণও তাদের ছাড়ে না। আমরা মন খারাপ করে হলেও জাতীয় স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম। কিন্তু কোনো ছাড় দেব না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের ভেতরে ও বাইরে লড়াই চালিয়ে যাব। আমাদের লড়াই থামবে না।

আরও পড়ুন: চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইনসাফ’

তিনি আরো বলেন, একজন দলের ঋণখেলাপি গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। এমন নজির বিশ্ব মণ্ডলে কোথাও নেই।

জামায়াতের আমির বলেন, সরকার যদি ভালো করে, তাহলে সহযোগিতা করব, মন্দ করলে প্রতিবাদ করব, বাধা দেব। আমি নীরব বসে থাকব না। জ্বালানির সংকট নিয়ে আমরা সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিগণ তেলের মজুদ নিয়ে মিথ্যা তথ্য ও আশ্বাসমূলক বক্তব্য দিয়ে জনগণের কাছে হাসির পাত্র হয়ে পড়েছেন। উল্টো তারা জামায়াতকে দোষারোপ শুরু করেছেন। এখানে নির্মম ষড়যন্ত্র খুঁজতে থাকলেন। জনগণকে চোর বানাতে শুরু করেছেন। তখন আমরা বললাম, যেহেতু বিরোধী দল সম্পৃক্ত, তাহলে আর কেউ চুরি করে মজুদ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ভিসি, সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের চেয়ারে দলকানা সদস্যদের বসিয়ে তারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে পতনের কোনো সম্ভাবনা কিন্তু খোলা থাকবে। জুলাই থেকে শিক্ষা না নিলে এটা দুর্ভাগ্যজনক। আমরা সংসদে গালাগালি ও কারও চরিত্রহনন করতে বাধা দিয়েছি। সংসদে কেউ আর গালমন্দ করে না। রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সরকারের কার্যকর ভূমিকা পালন করতে হবে। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুধী সমাজকে জামায়াতে যোগদানের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে। সরকারকে নব্য ফ্যাসিবাদের পথ থেকে সরে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে। জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে ও রাজপথে অবস্থান করবে।

সভাপতির বক্তৃতায় সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। জামায়াতকে নিশ্চিহ্ন করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমরা আছি, আর ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে ও পালিয়ে গেছে। তাই এ দেশে কারো ওপর কোনো জুলুম মেনে নেব না। ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান দখলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।

আরও পড়ুন: সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে: প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট সঙ্গী করেই বিশ্বকাপ প্রস্তুতিতে মার্টিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


চোট সঙ্গী করেই বিশ্বকাপ প্রস্তুতিতে মার্টিনেজ

বিশ্বকাপের মাত্র কয়েক দিন আগে চোট নিয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। চোট ও ইনজুরি তাকে দমিয়ে রাখতে পারেনি। প্রথম অনুশীলনে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে আর্জেন্টিনা প্রথম অনুশীলন করে। চোট ও ফিটনেসের সমস্যার কারণে কয়েকজন ফুটবলার পুরো অনুশীলনে অংশ নিতে পারেননি। তাদের মধ্যে মার্টিনেজও ছিলেন।

গত ২১ মে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় তার একটি আঙুল ভেঙে যায়। এরপরেও তিনি বড় ঝুঁকি নিয়ে ম্যাচে খেলার সিদ্ধান্ত নেন। ব্যথা নিয়ে মাঠে নেমে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং অ্যাস্টন ভিলাকে ১৯৮২ সালের পর প্রথম বড় ইউরোপীয় শিরোপা জিততে সাহায্য করেন।

আর্জেন্টিনা দলে যোগ দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন মার্টিনেজ। ছবিগুলোতে তার ডান হাতে ব্যান্ডেজ দেখা যায়।

প্রথম অনুশীলনের পর নিজের অনুভূতি জানিয়ে মার্টিনেজ বলেন, 'প্রথম দিনটা খুবই রোমাঞ্চকর। সবকিছু করতে পারছি না বলে খারাপ লাগছে। তবে সতীর্থদের সঙ্গে থাকতে পেরে এবং দেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে।'

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মার্টিনেজ খেলবেন না। তবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


যেসব জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৫টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য প্রকাশ পায়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও যেকোনো সময় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি এবং ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠানের নাম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অসম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


প্রতিষ্ঠানের নাম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অসম্মতি

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করা নিয়ে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাবে সম্মতি প্রদান করেননি।

প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পরিচালিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে রয়েছে।

মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

এখন জানা যাচ্ছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের জন্য বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু সে প্রস্তাব সরকারপ্রধান নাকচ করে দেন।

মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে সরকারপ্রধান এ বিষয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে অনুশাসন দিয়েছেন যে ‘যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে: যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়ার পরও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই বিষয়ে ওয়াশিংটন কখনই কোন প্রস্তাবের ওপর ভাবেনি এবং আলোচনাকালীন সময়ে এমন বিষয় উঠে আসেনি।

মার্কিন আইনপ্রণেতাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে রুবিও বলেন, “এ বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং ইরানকে এমন কোনো প্রস্তাবও দেওয়া হয়নি।”

তিনি উল্লেখ করেছেন, ইরানের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিলকরণ নির্দিষ্ট কিছু শর্ত পূরণের উপর নির্ভর করবে।

রুবিওর মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি বন্ধ করা এবং দেশের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত অন্যান্য উদ্বেগের সন্তোষজনক সমাধান।

তিনি আরও বলেন, “যেকোনও নিষেধাজ্ঞা সুবিধা পুরোপুরি শর্তসাপেক্ষ থাকবে এবং তা পারমাণবিক ইস্যুতে ইরানের পদক্ষেপের ওপর নির্ভর করবে।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই প্রণালীর মাধ্যমে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের এক পঞ্চমাংশ পরিবহন করা হয়। এই কারণে প্রণালীটিতে যেকোনও উত্তেজনা বা বাধা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্তির বিষয়ে নানা আলোচনা হলেও রুবিওর মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, শুধুমাত্র হরমুজ প্রণালী সচল রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী নয়।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র এখনও ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচনার মূল বিষয় হিসেবে দেখছে। এর ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা অর্থনৈতিক সুবিধা পেতে হলে তেহরানকে পারমাণবিক ইস্যুতে উল্লেখযোগ্য ছাড় দিতে হতে পারে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%