বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইরান তার সামরিক বাহিনীর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে। ট্রাম্প ইরানকে "একেবারে ধ্বংস বা নিশ্চিহ্ন" করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, তার জবাবে ইরানি সামরিক বাহিনী বলেছে, যদি নতুন করে কোনো হামলা হয়, তবে তার পাল্টা আঘাত হবে “অপ্রত্যাশিত ও চূর্ণবিচূর্ণকারী”।
ইরানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে “আমেরিকানদের বিভ্রান্ত করার সস্তা প্রচারণামূলক কৌশল” হিসেবে উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করে, এই ধরনের হুমকি বিশ্বব্যাপী উদীয়মান নতুন মেরুকরণে যুক্তরাষ্ট্রের খর্ব হওয়া প্রভাব কিংবা মধ্যপ্রাচ্যে তাদের ধারাবাহিক ব্যর্থতাকে ঢাকতে সক্ষম হবে না।
ইরানি সশস্ত্র বাহিনী জানায়, দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা হলে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আগের চেয়ে মারাত্মক আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
ইরানি সামরিক সূত্র থেকে জানা যায়, যদি প্রতিপক্ষ সংঘাত আরও বাড়াতে চায়, তবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের লক্ষ্য করে এমন আক্রমণ করা হবে যা পূর্বের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক ও অপ্রত্যাশিত হবে। মধ্যপ্রাচ্যে মুখোমুখি বাকযুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কা ক্রমশ প্রবল হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে, বিশেষ করে প্রকল্প প্রণয়ন, অবকাঠামো নির্মাণ এবং গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী এই আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-এর প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন উন্নয়নমূলক, উৎপাদনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
বৈঠকে এসএবিসিসিআই-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় আবদুল মঈন খানকে চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বৈঠকে জানানো হয় যে, এসএবিসিসিআই আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।
এ উদ্যোগে এসএবিসিসিআই-এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার এবং সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি এ আয়োজনের সফলতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গুলফা বেওয়া (৪৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক গুলফা বেওয়া হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার মৃত রহিদ মণ্ডলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় হাকিমপুর থানায় ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-১২ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক)/৪১ ধারা প্রযোজ্য করা হয়েছে।
এদিকে একই আইনে জিআর ১২০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহাঙ্গীর হোসেন (৩৫)-কেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাকিমপুর উপজেলার নয়ানগর এলাকার মৃত নইমুদ্দিন ওরফে নেলোর ছেলে।
পরে গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিএনপি সরকারে আসার সাত মাস হয়েছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।”
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মধুপুর উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার ও রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, পৌর বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সাগর সহ অন্যরা।
বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ