১০:৩৪ পি.এম
রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া ইডেন মহিলা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী (৪৪) কে আদালত কারাগারে প্রেরণ করেছেন।
রবিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিনের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লালবাগ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন।
এর আগে, গতকাল রাত দেড়টায় লালবাগের বাসা থেকে পুলিশ শর্মীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, রাতের তাপমাত্রা কমতে পারে
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১০ জুলাই লালবাগের কেল্লার প্রধান গেটের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবৈধ মিছিল, সংহতি প্রদর্শন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তারা ‘অবৈধ সরকার মানি না মানব না’ এবং ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এই ঘটনার প্রেক্ষিতে শর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের আটকের আবেদনে বলা হয়েছে, আসামি শারমিন সুলতানা শর্মী উক্ত ঘটনার অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচার এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটকে রাখা প্রয়োজন।
আরও পড়ুন: লিগ্যাল এইডে এডিআর-এ নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন