০১:০৪ পি.এম
সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে উদ্ধার করা হয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
গতকাল রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের সহযোগিতায় এই অভিযানটি পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।
প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত সওজ’র অধিগ্রহণকৃত ও রেকর্ডীয় জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা মার্কেট নির্মাণের কাজ করা হয়েছিল। এই বিষয়ে অভিযুক্ত হামজা (পিতা-মৃত আব্দুস সালাম), গ্রাম-শলাকুন্ডকে সওজ ও উপজেলা প্রশাসন থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তিনি সেটি অমান্য করেন।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
এরপর মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ও ভেঙে ফেলা হয়। অভিযানের সময় উদ্ধার হওয়া ইট ও বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়।
অভিযানে কোতয়ালি থানা পুলিশের একটি দল এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম উপস্থিত থেকে জমির সীমানা চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা যায়, অভিযানে সওজ’র প্রায় ৩১ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। প্রশাসন থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন