ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশব্যাপী নানা কর্মসূচি, উৎসাহ-উদ্দীপনা এবং দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে পালিত হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানে উপস্থিত হন। এ সময় তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে, তিনি ফাতেহা পাঠ করেন এবং দলের প্রয়াত প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারপার্সনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এরপর জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ উন্মুক্ত হলে সেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’-এমন নানা স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দলীয় নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হন। সময়ের সাথে সাথে সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে।

প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।

এদিকে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির নেতা-কর্মীরা অতীতের রাজনৈতিক সংগ্রাম ও অর্জনের স্মৃতি স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলায় নতুন প্রত্যয় ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ এম


আশুলিয়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১১

সাভার, ১ সেপ্টেম্বর, ২০২৬ : গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ পৃথক অভিযানে আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান। অভিযানের স্থানগুলো ছিল আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর, কাইচাবাড়ী এবং চানপুর।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- আশুলিয়া থানার তাজপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আহাম্মদ আলী (৪০), কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী) এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (৩৫), আশুলিয়া থানার কলতাসূতি এলাকার মো. আবু তালেব মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০), রাজবাড়ীর পাংশা থানার শরিষা এলাকার শাহাজাহান ঢালির মেয়ে রাশিদা আক্তার রাশু (২৫), সাভার মডেল থানার আড়াপাড়া এলাকার মৃত তারা রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৩২), মানিকগঞ্জের দৌলতপুর থানার আবু ডাঙ্গা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জাফর শেখ (৪৫), সাভার মডেল থানার মজিদপুর এলাকার ফুলচাঁন বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫), গাজীপুরের কালিয়াকৈরের নিজামুদ্দিনের ছেলে রুবেল (৪০), নাটোরের নলডাঙা থানার আসমান প্রধানের ছেলে শামীম মিয়া (৪৫), রংপুরের মিঠাপুকুরের নুরুন্নবীর ছেলে রাসেল (৩৮) এবং গোপালগঞ্জ সদরের মৃত সিদ্দিক শেখের ছেলে পারভেজ (২৮)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের সময় আহাম্মদ আলী, সাগর মুন্সি, মিলন মোল্লা, রাশিদা আক্তার রাশু, শ্যামল রাজবংশী, জাফর শেখ এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ অপর এক পৃথক অভিযানে আশুলিয়ার চানপুর এলাকায় রুবেল, শামীম মিয়া, রাসেল এবং পারভেজকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা লাঞ্ছিতের প্রতিবাদে বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ এম


রাজবাড়ীতে নারী উদ্যোক্তা লাঞ্ছিতের প্রতিবাদে বি-ক্ষোভ

রাজবাড়ী জেলার বাজারে নারীর প্রতি অশ্লীল ভাষা ব্যবহার এবং শারীরিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখা।

জেলা সহ-সভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য ও সাবেক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মহিলা পরিষদের সদস্য আইনজীবী নাজমা খাতুন এবং সদস্য কৃষ্ণা চক্রবর্তী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "প্রকাশ্যে এভাবে নারীকে নির্যাতন মানে একজন মায়ের চরম অপমান। আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না।"

এছাড়া বক্তারা নারীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ এম


ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই হামলার কার্যক্রম শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

মার্কিন বিমান বাহিনী আবার ইরানে সামরিক অভিযান শুরু করেছে, যা সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যে ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই হামলার কার্যক্রম শুরু হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়ে নিজেই নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, আজ (মঙ্গলবার) পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করেছে। সম্প্রতি আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।

উল্লেখযোগ্য যে, সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদির দুটি তেলবাহী সুপারট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ট্যাংকার দু’টিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

এর আগে রোববার, জর্ডানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহিনী লক্ষ্য করে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকার কারণে আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

এছাড়া, শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বিমান বাহিনী কর্তৃক আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার স্থাপনা ধ্বংসের পর জর্ডানে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

শনিবারের ওই হামলার মাধ্যমে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার সামরিক সংঘাত শুরু হলো। তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, ইরানের বিরুদ্ধে এবার ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র।

সোমবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, তারা নৌবাহিনী হারিয়েছে, বিমান বাহিনী হারিয়েছে। তাদের নজরদারি উপাদানও প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে তার মানে এই নয় যে আমরা তাদের আঘাত করব না। তবে এবার আমাদের পদক্ষেপ হবে খুবই সীমিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে রিকশা গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১১ এম


হাটহাজারীতে রিকশা গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা

দেশের বাইরে থাকার সুযোগে গ্যারেজটি পরিচালনা করতেন মেকানিক ওসমান, যিনি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজের মালিক। গ্যারেজের আড়ালে তিনি অস্ত্র তৈরি করতেন। তার তৈরি এসব অস্ত্র বিক্রি করতেন রাজমিস্ত্রি জামাল এবং অটোরিকশাচালক কবির, যারা চিহ্নিত সন্ত্রাসীদের কাছে এসব অস্ত্র সরবরাহ করতেন।

সোমবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে দুজনকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়, জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।

গ্রেফতার হওয়া দুজন হলেন জামাল হোসেন, যিনি জামাল মিস্ত্রি নামে পরিচিত (৪৪) এবং কবির (৪৭)। উভয়ের বাড়ি হাটহাজারী উপজেলায় অবস্থিত। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক হিসেবে পরিচিত। তবে পুলিশ জানিয়েছে, তারা উভয়েই আড়ালে অস্ত্র বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি এবং দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক ওসমানসহ অন্যান্য সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%