বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৭ পি.এম
মৌলভীবাজারের
কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও গীতের মাধ্যমে মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় উৎসবের সমাপ্তি ঘটে। এই উৎসবে দেশ-বিদেশের হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটক সমাগম ঘটে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে রাশ উৎসবের আয়োজন করা হয়। মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের উদ্যোগে মাধবপুরে ১৮৪তম এবং মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাশ উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গোষ্ঠলীলা বা রাখালনৃত্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাখালের বেশে শিশু-কিশোরেরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরে।
সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ মহারাসনৃত্য। রাধা ও গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা মণিপুরি তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক, মুকুট ও ঘুঙুরের ছন্দে নৃত্য-গীতের মাধ্যমে পরিবেশন করেন। মৃদঙ্গ, করতাল ও বাঁশির সুরে মণ্ডপ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলাপ্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন। রাশ উৎসব উপলক্ষ্যে মাধবপুর ও আদমপুরে বসে গ্রামীণ মেলা। মণিপুরি তাঁতবস্ত্র, হস্তশিল্প, বাদ্যযন্ত্রসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মিলনমেলা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।
আয়োজকদের সূত্রে জানা যায়, ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি মহারাসলীলা উৎসবের সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র রাসলীলার প্রবর্তন করেন। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভাবকীর্তিনির্ভর এ নৃত্য মণিপুরি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ১৯১৯ সালে সিলেটের একটি মণিপুরি পল্লিতে রাসনৃত্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হন। পরবর্তীতে তাঁর মাধ্যমে মণিপুরি নৃত্য বৃহত্তর পরিসরে পরিচিতি লাভ করে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসব এখন মণিপুরি সম্প্রদায়ের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিজয়া পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এবারের মতো উৎসবমুখর দুর্গাপূজা কখনোই পালিত হয়নি।
তিনি বলেন, দেশে প্রায় দেড় দশক ধরে কথা বলার স্বাধীনতা ছিল না। প্রত্যেকেরই নিজেদের আদর্শের জায়গা থেকে সত্য বলার সাহস রাখা উচিত।
একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন। তিনি রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধভাবে সমস্বরে কথা বলার আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ধর্মীয় বিভাজন নয়, নাগরিক অধিকারের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুধু আইন প্রণয়ন করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। নারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, সামাজিকভাবে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এমন মন্তব্য করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনও সঞ্জীব সরকার উল্লেখ করেন, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের আহ্বানে যারা একত্রিত হয়েছেন, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, শুধু সভায় এসে আলোচনা শুনলেই হবে না, বরং এসব আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবে কার্যকর করতে হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে নারীদের নামে অর্থ আসবে, ফলে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ও ভূমিকা বৃদ্ধি পাবে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, এই সংগঠনটি সংঘাত ও সংঘর্ষের বিরুদ্ধে কাজ করছে। রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজ এবং নারীদের সম্পৃক্ত করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে। আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে। সব মিলিয়ে দিরাই উপজেলায় সংস্থাটি অনেক ভালো কাজ করেছে।
তিনি জানান, তিনি নিজেও অধিকাংশ সভায় উপস্থিত থাকার চেষ্টা করেছেন। দিরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ওয়েভের সদস্য ছবি চৌধুরীর সভাপতিত্বে এবং দূরপতি নন্দীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিরাই পিএফজির অ্যাম্বাসেডর গোলাপ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইনচার্জ লক্ষ্মী রানি তালুকদার লাকী, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দিরাই পিএফজির কো-অর্ডিনেটর শামছুল ইসলাম সরদার খেজুর এবং শিক্ষিকা রুবেনা আক্তার।
স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। বক্তব্য দেন ওয়েভের যুগ্ম সমন্বয়কারী হাফছা বেগম, সদস্য মজিদা খাতুন, ফরিদা বেগম, রুফিয়া বেগম, রাহেলা আক্তার, রুফিয়া খাতুন, লিলি বেগম ও হেনা বেগমসহ ওয়েভ ও ইয়ুথের সদস্যরা। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন এবারের এইচএসসি পরীক্ষায় এপ্লাস প্রার্থী শিক্ষার্থী নিলুফা জামান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং সফল নারী উদ্যোক্তাদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদ্রাজ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া সত্ত্বেও কোনো মুসলিম কখনোই অন্য কোনো মুসলিমকে মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারবেন না। বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) আদালত এই পর্যবেক্ষণ প্রদান করেন।
বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণন মন্তব্য করেন, ইসলামের বিধান অনুযায়ী কে প্রকৃত মুসলিম আর কে নন, তা নির্ধারণের অধিকার কেবল সর্বশক্তিমান আল্লাহর। তিনি আরও উল্লেখ করেন, মসজিদে প্রবেশের আগে মুসলিমদের উচিত তাদের সব রাজনৈতিক ও অন্যান্য পরিচয় মসজিদের দোরগোড়ায় রেখে আসা। মসজিদের ভেতরে নামাজে নেতৃত্বদানকারী ইমামই সামনে দাঁড়ান এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে বাকি সব মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। বিচারপতি বলেন, রাজনৈতিক পরিচয় পবিত্র উপাসনালয়ে বিবেচ্য হতে পারে না।
তিরুভাল্লুর জেলার রেড হিলসের বাসিন্দা ও বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা এম. সৈয়দ ইব্রাহিম ওরফে ভেলোর ইব্রাহিম, সালেম শহরের একটি মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার অভিযোগে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নেতা সৈয়দ মুসার বিরুদ্ধে একটি ফৌজদারি রিট পিটিশন দায়ের করেন। আদালত সেই আবেদনের নিষ্পত্তি করার সময় এই আদেশ দেন।
বিচারপতি স্পষ্টভাবে জানান, আবেদনকারী বিজেপি, কংগ্রেস বা কমিউনিস্ট দলের সদস্য—এ নিয়ে তিনি মোটেও বিচলিত নন। তার একমাত্র উদ্বেগের বিষয় হলো, ইসলামের মূলনীতি অনুযায়ী যে মসজিদের মালিক একমাত্র আল্লাহ, সেখানে একজন মুসলিম কীভাবে আরেকজন মুসলিমকে নামাজ পড়তে বাধা দিতে পারেন।
বিচারপতি বলেন, "কেবল কোনো ব্যক্তি মসজিদ নির্মাণে অর্থ দান করেছেন বলেই তিনি এটিকে নিজের সম্পত্তি দাবি করতে পারেন না। মসজিদ সর্বশক্তিমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এর একমাত্র মালিক আল্লাহ... মানুষ কেবল এর তত্ত্বাবধায়ক মাত্র। সর্বশক্তিমানের যদি কাউকে মুসলিম হিসেবে গণ্য করেন, তবে তার বিপরীত সিদ্ধান্ত নেওয়ার অধিকার মানুষের নেই।"
তিনি আরও উল্লেখ করেন, হাদিসে (হযরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ ও বাণী) স্পষ্টভাবে বলা আছে যে, কোনো ব্যক্তি ইসলামের বিধান লঙ্ঘন করলে কিয়ামতের দিন (শেষ বিচারের দিন) সর্বশক্তিমান নিজেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন; শাস্তি নির্ধারণের দায়িত্ব কখনোই অন্য মানুষের ওপর বর্তায় না।
বিচারপতি মন্তব্য করেন, “একজন মুসলিমকে নামাজ পড়তে বাধা দেওয়া নিজেই একটি পাপ।” তিনি জানান, দীর্ঘ বছর ধরে ধর্ম সম্পর্কে তিনি যা বুঝেছেন, এর বাইরে ধর্মীয় বিষয়ের গভীরে তিনি আর যেতে চান না।
বিচারপতি আরও বলেন, জনশৃঙ্খলা, নৈতিকতা ও জনস্বাস্থ্য সাপেক্ষে সংবিধান সংখ্যালঘুদের তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দিয়েছে। একই ধরনের এক মামলায় এলাহাবাদ হাইকোর্টও রায় দিয়েছিলেন যে, মুসলিমদের কোনো একটি গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠীকে মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারবে না।
শরিয়ত (ইসলামী আইন) অনুযায়ীও এক মুসলিম অন্য মুসলিমকে মসজিদে নামাজ আদায় থেকে বঞ্চিত করতে পারেন না। এছাড়া, ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’-এ দুটি রাজ্য সংশোধনী আনার ফলে তামিলনাড়ুর ভূখণ্ডে এই ব্যক্তিগত আইন সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে।
মসজিদে নামাজ পড়া নিয়ে আবেদনকারী ও আইইউএমএল নেতার মধ্যে বিরোধের জেরে সালেম সিটি পুলিশ তিনটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করেছে। বিষয়টি নজরে এনে বিচারপতি পুলিশকে পরামর্শ দেন যেন তারা উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টির সমাধান করে।
বিচারপতি বলেন, ব্যক্তিবিশেষের আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য সবসময় উপাসনালয়ের ফটকের বাইরেই রাখা উচিত এবং কখনোই তা ভেতরে নিয়ে যাওয়া ঠিক নয়। উপাসনালয়ে প্রার্থনা শেষ করে বাইরে বের হওয়ার পর প্রত্যেকে যার যার ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।
তবে মসজিদে প্রবেশে বাধা পাওয়ার পর আবেদনকারী যেভাবে মসজিদের বাইরের রাস্তায় নামাজ পড়ে 'জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন', বিচারপতি তারও সমালোচনা করেন। নবী করিম (সা.) নামাজ আদায়ের সময় পোশাক পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়েছেন উল্লেখ করে বিচারপতি তার বক্তব্যের ইতি টানেন এই বলে যে, “আমি নিশ্চিত, সালেমের রাস্তাঘাট মোটেও ততটা পরিচ্ছন্ন নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। ফুল উপহার দেওয়ার পাশাপাশি, কেউ চিঠি লেখেন, আবার কেউ ব্যতিক্রমী আয়োজন করেন। এবার সিরাজগঞ্জের এক যুবক আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনার সৃষ্টি করেছেন।
প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরের একটি স্থানে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ব্যানারে লেখা রয়েছে, প্রেমিক নিজেকে গরু এবং তার প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে। প্রেমের এমন বিচিত্র প্রকাশ হাস্যরসের খোরাক জুগিয়েছে। নেটিজেনরাও এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা করেছে।
ফেসবুক ব্যবহারকারী আসিফ আহমেদ দিগন্ত মন্তব্য করেছেন, "ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!"
অন্যদিকে, শাহারিয়ার মোর্শেদ খান নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ