প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদ্রাজ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া সত্ত্বেও কোনো মুসলিম কখনোই অন্য কোনো মুসলিমকে মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারবেন না। বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) আদালত এই পর্যবেক্ষণ প্রদান করেন।
বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণন মন্তব্য করেন, ইসলামের বিধান অনুযায়ী কে প্রকৃত মুসলিম আর কে নন, তা নির্ধারণের অধিকার কেবল সর্বশক্তিমান আল্লাহর। তিনি আরও উল্লেখ করেন, মসজিদে প্রবেশের আগে মুসলিমদের উচিত তাদের সব রাজনৈতিক ও অন্যান্য পরিচয় মসজিদের দোরগোড়ায় রেখে আসা। মসজিদের ভেতরে নামাজে নেতৃত্বদানকারী ইমামই সামনে দাঁড়ান এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে বাকি সব মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। বিচারপতি বলেন, রাজনৈতিক পরিচয় পবিত্র উপাসনালয়ে বিবেচ্য হতে পারে না।
তিরুভাল্লুর জেলার রেড হিলসের বাসিন্দা ও বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা এম. সৈয়দ ইব্রাহিম ওরফে ভেলোর ইব্রাহিম, সালেম শহরের একটি মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার অভিযোগে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নেতা সৈয়দ মুসার বিরুদ্ধে একটি ফৌজদারি রিট পিটিশন দায়ের করেন। আদালত সেই আবেদনের নিষ্পত্তি করার সময় এই আদেশ দেন।
বিচারপতি স্পষ্টভাবে জানান, আবেদনকারী বিজেপি, কংগ্রেস বা কমিউনিস্ট দলের সদস্য—এ নিয়ে তিনি মোটেও বিচলিত নন। তার একমাত্র উদ্বেগের বিষয় হলো, ইসলামের মূলনীতি অনুযায়ী যে মসজিদের মালিক একমাত্র আল্লাহ, সেখানে একজন মুসলিম কীভাবে আরেকজন মুসলিমকে নামাজ পড়তে বাধা দিতে পারেন।
বিচারপতি বলেন, "কেবল কোনো ব্যক্তি মসজিদ নির্মাণে অর্থ দান করেছেন বলেই তিনি এটিকে নিজের সম্পত্তি দাবি করতে পারেন না। মসজিদ সর্বশক্তিমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এর একমাত্র মালিক আল্লাহ... মানুষ কেবল এর তত্ত্বাবধায়ক মাত্র। সর্বশক্তিমানের যদি কাউকে মুসলিম হিসেবে গণ্য করেন, তবে তার বিপরীত সিদ্ধান্ত নেওয়ার অধিকার মানুষের নেই।"
তিনি আরও উল্লেখ করেন, হাদিসে (হযরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ ও বাণী) স্পষ্টভাবে বলা আছে যে, কোনো ব্যক্তি ইসলামের বিধান লঙ্ঘন করলে কিয়ামতের দিন (শেষ বিচারের দিন) সর্বশক্তিমান নিজেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন; শাস্তি নির্ধারণের দায়িত্ব কখনোই অন্য মানুষের ওপর বর্তায় না।
বিচারপতি মন্তব্য করেন, “একজন মুসলিমকে নামাজ পড়তে বাধা দেওয়া নিজেই একটি পাপ।” তিনি জানান, দীর্ঘ বছর ধরে ধর্ম সম্পর্কে তিনি যা বুঝেছেন, এর বাইরে ধর্মীয় বিষয়ের গভীরে তিনি আর যেতে চান না।
বিচারপতি আরও বলেন, জনশৃঙ্খলা, নৈতিকতা ও জনস্বাস্থ্য সাপেক্ষে সংবিধান সংখ্যালঘুদের তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দিয়েছে। একই ধরনের এক মামলায় এলাহাবাদ হাইকোর্টও রায় দিয়েছিলেন যে, মুসলিমদের কোনো একটি গোষ্ঠী অন্য কোনো গোষ্ঠীকে মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারবে না।
শরিয়ত (ইসলামী আইন) অনুযায়ীও এক মুসলিম অন্য মুসলিমকে মসজিদে নামাজ আদায় থেকে বঞ্চিত করতে পারেন না। এছাড়া, ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’-এ দুটি রাজ্য সংশোধনী আনার ফলে তামিলনাড়ুর ভূখণ্ডে এই ব্যক্তিগত আইন সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে।
মসজিদে নামাজ পড়া নিয়ে আবেদনকারী ও আইইউএমএল নেতার মধ্যে বিরোধের জেরে সালেম সিটি পুলিশ তিনটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করেছে। বিষয়টি নজরে এনে বিচারপতি পুলিশকে পরামর্শ দেন যেন তারা উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টির সমাধান করে।
বিচারপতি বলেন, ব্যক্তিবিশেষের আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্য সবসময় উপাসনালয়ের ফটকের বাইরেই রাখা উচিত এবং কখনোই তা ভেতরে নিয়ে যাওয়া ঠিক নয়। উপাসনালয়ে প্রার্থনা শেষ করে বাইরে বের হওয়ার পর প্রত্যেকে যার যার ইচ্ছামতো জীবনযাপন করতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।
তবে মসজিদে প্রবেশে বাধা পাওয়ার পর আবেদনকারী যেভাবে মসজিদের বাইরের রাস্তায় নামাজ পড়ে 'জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন', বিচারপতি তারও সমালোচনা করেন। নবী করিম (সা.) নামাজ আদায়ের সময় পোশাক পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়েছেন উল্লেখ করে বিচারপতি তার বক্তব্যের ইতি টানেন এই বলে যে, “আমি নিশ্চিত, সালেমের রাস্তাঘাট মোটেও ততটা পরিচ্ছন্ন নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন