ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে দ্বন্দ্ব?


বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে দ্বন্দ্ব?

ভারতের কুখ্যাত গ্যাংস্টার ও অপরাধী চক্র ‘বিষ্ণোই গ্যাং’-এর প্রধান লরেন্স বিষ্ণোই। গোটা বলিউড গত কয়েক বছর ধরে তার আতঙ্কে রয়েছে। বিশেষ করে সালমান খানকে হুমকি দিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নেয় এই বিষ্ণোই গ্যাং। সম্প্রতি বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলা করে তারা আবারও আলোচনায় উঠে এসেছে।

কিন্তু লরেন্স বিষ্ণোই কে? তার গ্যাংস্টার হয়ে ওঠার পেছনের কাহিনী কী? সালমান খানের সঙ্গে তার দীর্ঘ বৈরিতার সূত্রপাত কীভাবে হয়েছিল?

পাঞ্জাব পুলিশের ধাওয়া খেয়ে একসময় ঘরছাড়া হতে হয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে। সেই ধাওয়া তাকে প্রথমে টেনে নিয়ে যায় জয়পুরে; যেখানে ক্যাম্পাস রাজনীতির হিংসাত্মক কর্মকাণ্ড থেকে তিনি মদের ব্যবসায় জড়িয়ে পড়েন। পরে রাজস্থানের এক প্রভাবশালী চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগে তিনি যোধপুর জেলে বন্দি হন। সেই জেলেই তার পরিচয় হয় বর্তমান ‘বিষ্ণোই’ সম্প্রদায়ের বন্দিদের সঙ্গে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

একটি হত্যা মামলার সূত্রে ২০১৮ সালের ৪ জানুয়ারি তাকে যোধপুরের একটি আদালতে হাজির করা হয়। কাকতালীয়ভাবে, একই দিনে কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানির জন্য ওই আদালত চত্বরে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

সেদিনই প্রথমবারের মতো সালমান খানকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন বিষ্ণোই। যদিও এই সময়ের মিলটা কাকতালীয়, কিন্তু যে শত্রুতার কারণে আজও সালমান খানকে কঠোর নিরাপত্তায় থাকতে হচ্ছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে—তার সূচনা বহু বছর আগে হয়েছিল। ভাগ্য ও লোভের বশবর্তী হয়ে বিষ্ণোইয়ের পাঞ্জাব থেকে রাজস্থানে পা রাখার মাধ্যমে মূলত এই সংঘাতের বীজ রোপিত হয়েছিল।

হরিণ শিকার থেকে যে সংঘাতের শুরু

১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবরের মধ্যে সালমান খান যোধপুরের কাছে কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ ওঠে, তখন লরেন্স বিষ্ণোইয়ের বয়স ছিল মাত্র পাঁচ বছর। সে সময় তিনি পাঞ্জাবের ফাজিলকা জেলার একটি গ্রামে বাস করতেন।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

গত এক দশকে বিষ্ণোই বারবার এই অভিনেতাকে হত্যার হুমকি দিয়েছেন, কারণ রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ অত্যন্ত পবিত্র।

সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ সালমানের নিরাপত্তা জোরদার করেছে এবং অভিনেতার বান্দ্রার বাসভবনের বাইরে অস্ত্র জোগাড় ও নজরদারিসহ বিভিন্ন ঘটনায় বিষ্ণোইয়ের সহযোগীদের গ্রেফতার করেছে।

এমনকি ২০২৪ সালে এনসিপি নেতা বাবা সিদ্দিকীকেও হত্যা করে বিষ্ণোই গ্যাং; অভিযোগ রয়েছে, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং মুম্বাইয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল।

২০১৩-১৪ সাল পর্যন্ত এই পাঞ্জাবভিত্তিক গ্যাংস্টারের অপরাধের জাল কেবল ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের সহিংসতা এবং পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

রাজস্থানে তার সাম্রাজ্য বিস্তার এবং সালমান খানকে কেন্দ্র করে তার অন্ধ জেদের সূচনা হয় ২০১৪ সালে, যখন তিনি পাঞ্জাব পুলিশের হাত থেকে বাঁচতে পলাতক আসামি হিসেবে প্রথম রাজস্থানে প্রবেশ করেন।

২০২০ সালে পুলিশের কাছে দেওয়া লরেন্স বিষ্ণোইয়ের ৩৫ পাতার জবানবন্দির সূত্রে তার অপরাধ জীবনের অজানা এসব তথ্য উঠে এসেছে।

২০১৪: ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে অপরাধের বড় দুনিয়ায়

২০০৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে মারধরের অভিযোগে লরেন্স বিষ্ণোই প্রথম গ্রেফতার হন। ২০১০ সাল পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন সহিংসতার ঘটনায় তার নাম আসে এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড কেবল রাজ্যের কলেজগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আরও পড়ুন: হলুদ বিন্দু দেখে খননে ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড উদ্ধার

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তার জীবনের দ্বিতীয় খুনও (২০১৪ সালে) প্রথমটির মতো বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতিরই রেষারেষির ফল ছিল। একের পর এক হত্যা ও সহিংসতার একাধিক মামলার কারণে বিষ্ণোইয়ের পক্ষে আর পাঞ্জাবে থাকা সম্ভব হয়নি। তাই পুলিশের নজর এড়াতে তিনি পালিয়ে রাজস্থানে চলে যান।

তার জবানবন্দি অনুযায়ী, তিনি ২০১৪ সালের শুরুর দিকে প্রথমে জয়পুরে পালিয়ে যান এবং সেখানে তিন-চার মাস অবস্থান করেন। তখন তার এক বন্ধু রবীন্দ্র পুনিয়া নিয়মিত তার খরচের জন্য টাকা পাঠাতেন।

এ ছাড়া পুনিয়ার মাধ্যমেই অমদীপ ওরফে সনু নামের এক মদের দোকান মালিকের সঙ্গে বিষ্ণোইয়ের পরিচয় হয়। অমদীপ বিষ্ণোইয়ের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র; কারণ তিনিই বিষ্ণোইকে ক্যাম্পাস রাজনীতির গণ্ডি পেরিয়ে অস্ত্র ও মদের ব্যবসার দুনিয়ায় প্রবেশ করান।

আরও পড়ুন: ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট বাতিল

২০১৫: নতুন জোট ও প্রতিশোধমূলক খুন

২০১৪ সালের কোনো এক সময়ে রাজস্থানের মদ মাফিয়াদের হাতে অমদীপ খুন হওয়ার পর বিষ্ণোই তার গ্যাংকে রাজস্থানে প্রসারিত করেন এবং প্রতিশোধ নেওয়ার শপথ নেন। তার জবানবন্দিতে এই সময়ে অন্তত দুটি প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে।

২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে বিষ্ণোই ও তার সহযোগীরা অমদীপ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধন্না ও খান পহেলওয়ানসহ তিনজনকে হত্যা করেন। বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস, এই সময়কালেই তিনি রাজস্থানের আরও অনেক অপরাধীর সঙ্গে জোট গড়ে তুলেছিলেন।

পরবর্তীতে ২০১৭ সালের দিকে তার এই সহযোগীরাই যোধপুরের এক প্রভাবশালী চিকিৎসকের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তার সাহায্য চায়—ঠিক যে যোধপুর জেলায় সালমানের হরিণ শিকারের মামলার বিচার চলছিল।

আরও পড়ুন: ভারতের প্রতিরক্ষা কাউন্সিলের ২২২৭ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন

২০১৭: সাম্রাজ্যের বিস্তার ও যোধপুর সংযোগ

২০১৭ সালের মধ্যে লরেন্স বিষ্ণোই বিভিন্ন রাজ্যে গ্যাংয়ের সদস্য রয়েছে এমন একজন সুপরিচিত গ্যাংস্টার হিসেবে আত্মপ্রকাশ করেন। ওই বছরের শুরুর দিকে ফরিদকোট জেলে বন্দি থাকা অবস্থায় যোধপুরের দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। তারা যোধপুরের এক বিশিষ্ট চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়ে চাঁদা আদায়ের পরিকল্পনা করেন।

পরবর্তীতে ২০১৭ সালের আগস্ট মাসে যোধপুর পুলিশ বিষ্ণোইকে গ্রেফতার করে যোধপুর সেন্ট্রাল জেলে পাঠায়।

জবানবন্দি অনুসারে, এই কারাগারেই তিনি মূলত পাচার সংক্রান্ত মামলায় বন্দি থাকা বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে একই সেলে সময় কাটিয়েছেন।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, যোধপুর জেলে বিষ্ণোই সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলাপচারিতাই তাকে বিষ্ণোই সমাজের ‘আন্দোলন’ বা স্বার্থরক্ষার ছদ্মবেশে এই কাণ্ডে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করে থাকতে পারে। তাছাড়া, ২০১৭ সালের আগস্টের দিকে তার এই কারাবাস যোধপুরের স্থানীয় আদালতে সালমান খানের মামলার শেষ ধাপের শুনানির সঙ্গেই মিলে গিয়েছিল।

৪ জানুয়ারি, ২০১৮: আদালত চত্বরে প্রথম হুমকি

লরেন্স বিষ্ণোইয়ের মোবাইল ফোন ব্যবহার করে অপরাধ কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি ফাঁস হওয়ার পর ২০১৭ সালের আগস্ট মাসে তাকে কড়া নিরাপত্তার জেলে স্থানান্তর করা হয়। সেখান থেকেই তিনি যোধপুরের ব্যবসায়ী বাসুদেব ইরানিকে হত্যার পরিকল্পনা করেছিলেন; যে মামলায় রাজস্থান পুলিশ তাকে আবারও গ্রেফতার করে।

এই মামলাটিই তাকে পুনরায় যোধপুরে ফিরিয়ে আনে এবং কয়েক মাস পর তাকে ঠিক সেই একই আদালত চত্বরে নিয়ে আসে, যেখানে সালমান খান উপস্থিত ছিলেন।

সে সময় যোধপুর আদালত নিয়মিত সালমান খানের মামলার শুনানি পরিচালনা করছিল। পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৮ সালের ৪ জানুয়ারি ইরানি হত্যা মামলার শুনানির জন্য তাকে যোধপুরে আনা হয়—ঠিক যে দিনটিতে কৃষ্ণসার হরিণ মামলার সমাপনী যুক্তিতর্কের শুনানির জন্য সালমান খানও আদালত চত্বরে এসেছিলেন।

যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে সালমানের শুনানি কভার করতে আসা সাংবাদিকদের সামনে সেদিনই প্রথম প্রকাশ্যে লরেন্স বিষ্ণোই সালমান খানকে হত্যার হুমকি দেন।

লরেন্স বিষ্ণোইয়ের জবানবন্দির ওপর ভিত্তি করে পুলিশ জানায়, আদালত থেকে বের হওয়ার সময় সালমান খানকে দেখে বিষ্ণোই হুমকি দিয়ে বলেছিলেন যে—সালমান খান কৃষ্ণসার হরিণ শিকার করা সত্ত্বেও আদালত থেকে কোনো শাস্তি পাননি, যা বিষ্ণোই সম্প্রদায়কে গভীরভাবে আহত করেছে।

সেদিন দুপুরে বিষ্ণোই যখন সাংবাদিকদের সামনে ওই হুমকি দেন, তখন তিনি আর পাঞ্জাবের গ্রামের সেই সাত বছরের বালক কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাধারণ কোনো ছাত্রনেতা ছিলেন না। তখন তিনি ২৬ বছর বয়সি লরেন্স বিষ্ণোই—যার ঝুলিতে ডজনখানেক খুন এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিশাল এক অপরাধ চক্রের নেতৃত্ব ছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যপণ্যের ক্ষেত্রে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণকে বাধ্যতামূলক করেছে।

গত ১৬ জুলাই প্রকাশিত ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ নামে নতুন এই প্রবিধানমালার পর, সংশ্লিষ্ট সব খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ১ নভেম্বর থেকে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী নির্ধারিত ৪ শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, উৎপাদন ও আমদানিকৃত পণ্যের লাইসেন্স এবং লাইসেন্সপ্রাপ্ত পণ্যসমূহের নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ১৬টি শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্য স্থাপনার ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের বিধানও রয়েছে।

এ নিয়মের আওতায় পথের ধারে ভ্রাম্যমাণ বা অস্থায়ী খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ, আমদানিকারক এবং বড় আকারের খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, খাবারের ব্যবসায় জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে।

প্রবিধানের তফশিলে খাদ্য ব্যবসাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রচলিত ১৬ ধরনের খাদ্যব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র নিবন্ধনই যথেষ্ট হবে। তবে যারা বিশেষ ধরনের বা সুপার ফুড পণ্য নিয়ে কাজ করে, তাদের লাইসেন্স নিতে হবে।

রেস্তোরাঁ, বেকারি, ফলের রসের দোকান, পেস্ট্রি শপ এবং ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে নিবন্ধন নিতে হবে। প্যাকেটজাত বা মোড়কজাত খাবার উৎপাদনকারী, মিষ্টির দোকান, দুগ্ধপণ্য প্রস্তুতকারী এবং আমদানিকারকদেরও (কাঁচা ও তাজা খাবার বাদে) নিবন্ধন করতে হবে। এমনকি রাস্তার পাশে যারা পিঠা, পুরি ও পেঁয়াজুর মতো খাবারের ব্যবসা করেন, তাদেরও নতুন এই নিয়মের আওতায় নিবন্ধন নিতে হবে।

এছাড়া পাইকারি মুদি খাদ্য ব্যবসা, কাঁচা ও তাজা খাদ্য আমদানি, খাদ্য সংরক্ষণাগার ও কোল্ড স্টোরেজ, ভোজ্যতেল ও ভোজ্য লবণ উৎপাদন, বিশেষ খাদ্য, পুষ্টিসমৃদ্ধ (Fortified) খাদ্য, স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য, চিকিৎসাসংক্রান্ত বিশেষ পথ্য, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য, জৈব-খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, স্বতাত্ত্বিকভাবে পরিবর্তিত খাদ্য, অভিনব খাদ্য, ব্যবহারিক খাদ্য, একাধিক ধাপে প্রক্রিয়াজাত খাদ্য এবং খাদ্য সংযোজন দ্রব্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি, রপ্তানি ও বিপণন সংশ্লিষ্ট নির্ধারিত ব্যবসার জন্য নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠান বিশেষায়িত খাদ্যপণ্য নিয়ে কাজ করে, যেমন: শিশুদের ফর্মুলা দুধ এবং বয়স্ক বা নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তৈরিকৃত বিশেষ ধরনের খাবার, তাদের বাধ্যতামূলক লাইসেন্সের আওতায় আনা হবে এ প্রবিধানের মাধ্যমে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য ও চিকিৎসাসংক্রান্ত বিশেষ পথ্য, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য এবং নিউট্রাসিউটিক্যালসহ অনুরূপ খাদ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুদ, আমদানি ও বিপণন।

এছাড়া বংশগত বৈশিষ্ট্য পরিবর্তিত বা সংশোধিত খাদ্য, জৈব-খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, স্বতাত্ত্বিকভাবে পরিবর্তিত খাদ্য, অভিনব খাদ্য, ব্যবহারিক খাদ্য, পুষ্টিসমৃদ্ধ খাদ্য এবং নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন ও দাবি) প্রবিধানমালা, ২০২৫ অনুযায়ী স্বাস্থ্য সহায়ক দাবি বা রোগের ঝুঁকি হ্রাস-সংক্রান্ত দাবি-সম্পন্ন খাদ্যের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিধান অনুসারে প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন গ্রহণ করতে হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬-এর তফশিল-১০-এ নির্ধারিত ফি পরিশোধ করে সংশ্লিষ্ট প্রবিধানে বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। বাধ্যতামূলক লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য ফরম ৬.১, ৭.১, ৮.১ ও ৯.১ এবং নিবন্ধনের ক্ষেত্রে ফরম ৫.১ অনুযায়ী আবেদন দাখিল করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, নিবন্ধন বা লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও নিবন্ধন বা লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসা পরিচালনা করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময় থেকে প্রযোজ্য নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর এবং এরপর এটি নবায়ন করতে হবে।

বিধিমালা অনুযায়ী, প্রচলিত ১৬ ক্যাটাগরির খাদ্যব্যবসার প্রথমবার নিবন্ধন বিনামূল্যে করা হয়েছে। সুপারফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স ফি ফ্লোরের আকারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। ১০০ বর্গমিটার বা তার নিম্নে প্রতিষ্ঠানের জন্য এই ফি ১০ হাজার টাকা এবং ১০ হাজার বর্গমিটারের চেয়ে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন লাইসেন্স নিতে ৬০ হাজার টাকা ফি দিতে হবে।

প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এতে ভোক্তারা পণ্য দেখেই প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে কি না, তা বুঝতে পারবে এবং যে কোনো অভিযোগ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেই করতে পারবে।

প্রাথমিক অবস্থায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে লাইসেন্স ও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। তবে কর্তৃপক্ষ ধাপে ধাপে শতভাগ অনলাইন আবেদন গ্রহণের কার্যক্রম গ্রহণ করেছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিশ্বাস করে, এ উদ্যোগের মাধ্যমে খাদ্য ব্যবসার নিবন্ধন ও লাইসেন্সিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে, খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণন কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ কার্যক্রম অধিকতর কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের ওপর নজরদারি চালানোর বার্তা দেওয়া একটি বিপজ্জনক এবং ফ্যাসিবাদী চিন্তাধারার প্রকাশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ পোস্টে উল্লেখ করেন, বিরোধী রাজনৈতিক দলের ওপর গোয়েন্দা সংস্থা দিয়ে নজরদারি চালানোর বার্তা অত্যন্ত বিপজ্জনক। রাষ্ট্রীয় বাহিনীকে তাদের মৌলিক দায়িত্ব থেকে সরিয়ে বিরোধী দলের পেছনে লাগানো এবং নজরদারি প্রযুক্তির অপব্যবহার ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। এই ধরনের কর্মকাণ্ড অতীতের স্বৈরাচারী শাসনামলের কথা স্মরণ করিয়ে দেয়।

এনসিপির এই নেতা ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড প্রকল্পের ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার বড় প্রকল্পগুলোতে উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতির দিকে ঝুঁকছে। এ ক্ষেত্রে সেনাবাহিনী, নৌবাহিনী এবং আন্তঃবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বিএমটিএফকে সামনে রেখে পেছনে দলীয় ব্যক্তিদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।

কার্ড তৈরির ব্যয়ের হিসাব তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড ১২৫ থেকে ১৩০ টাকায় সরবরাহ করা সম্ভব হলেও ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের ক্ষেত্রে প্রতিটির ব্যয় প্রায় ৩০০ থেকে ৩৬৫ টাকা ধরা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন সরকারি ও বিদ্যমান তথ্যব্যবস্থা ব্যবহার করে দরিদ্র মানুষের একটি কার্যকর ডেটাবেজ তৈরি করা সম্ভব। মোবাইল ব্যাংকিং, বিদ্যুৎ-পানি-গ্যাসের বিল, মোবাইল রিচার্জ এবং খানা আয়-ব্যয় জরিপের তথ্য কাজে লাগিয়েও এ উদ্যোগ নেওয়া যেতে পারে। তার মতে, এ জন্য নতুন করে বিপুল অর্থ বরাদ্দের যৌক্তিকতা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অজান্তে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে—এমনটি বিশ্বাস করার কারণ নেই বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তার দাবি, প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন সভা-সেমিনারে ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের প্রচারণা চালাচ্ছেন। কার্ড কেনার নামে অনিয়মের দায় সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর চাপানোর চেষ্টা হলে তা তাদের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে।

অতীতের রাজনৈতিক অপব্যবহারের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়ে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা হলে তা দেশের জন্য নতুন করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী কোনো সরকারি দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ১৮ কোটি মানুষের সেবা করার জন্য গঠিত হয়েছে। সরকার ও বিরোধী দলসহ দেশের সব নাগরিকের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। জনগণের স্বার্থের পরিবর্তে কোনো দলের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করা জনগণের অর্পিত দায়িত্বের সঙ্গে প্রতারণার শামিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া চিকিৎসক আলীমুল ইসলাম আটক, হাত রাখলেই রোগ নির্ণয়ের ডিভাইস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


ভুয়া চিকিৎসক আলীমুল ইসলাম আটক, হাত রাখলেই রোগ নির্ণয়ের ডিভাইস জব্দ

বরিশালের বিভিন্ন অঞ্চলে প্রায় ১৫ বছর ধরে মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জিসহ বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন আলীমুল ইসলাম (৪৮)। তিনি রোগ নির্ণয়ের জন্য ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগীদের আকৃষ্ট করতেন। তবে, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনি ধরা পড়েছেন।

আলীমুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার আব্দুল আলী হাওলাদারের পুত্র। তার জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে রোগী দেখার সময় তাকে আটক করে। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চিকিৎসায় ব্যবহৃত ডিভাইস ও কাগজপত্র জব্দ করা হয়।

সালেহা বেগম নামের এক নারী জানান, তিনি চোখের সমস্যা ও মাথাব্যথায় ভুগছিলেন। এক দালালের মাধ্যমে তিনি জানতে পারেন, বাবুগঞ্জের কলেজ গেট এলাকায় এমন একজন চিকিৎসক রয়েছেন, যিনি যন্ত্রের সাহায্যে সব ধরনের রোগ নির্ণয় করে চিকিৎসা দেন। সালেহা তার কাছে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

তিনি আরও জানান, একটি ডিভাইসে হাত রেখে রোগ নির্ণয়ের পদ্ধতিতে চিকিৎসা নেন। পরে তিনি জানতে পারেন, চিকিৎসক পরিচয় দেওয়া ওই ব্যক্তির যোগ্যতা ও কাগজপত্র ভুয়া।

সালেহার মতো আরও অনেক সাধারণ মানুষকে চিকিৎসার নামে প্রতারিত করার অভিযোগ উঠেছে আলীমুল ইসলামের বিরুদ্ধে।

প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রোগী দেখতেন আলীমুল। বাবুগঞ্জের মাধবপাশা বাজার ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গেট এলাকায় নিয়মিত রোগী দেখতেন তিনি।

তার ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ লেখার পাশাপাশি এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে প্রশিক্ষণ নেওয়ার তথ্য উল্লেখ ছিল। তিনি মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জিসহ বিভিন্ন রোগের চিকিৎসায় অভিজ্ঞতার দাবি করতেন। তবে এসব যোগ্যতা ও প্রশিক্ষণের সনদ যাচাই করে ভুয়া বলে শনাক্ত করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) তামিম মল্লিক ও মেডিক্যাল অফিসার তূর্য অধিকারী উপস্থিত ছিলেন।

তূর্য অধিকারী জানান, খবর পেয়ে ইউএনওর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আলীমুল ইসলামের কাগজপত্র যাচাই করা হয়। তার দেখানো কাগজপত্র ভুয়া বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ধরনের অভিযান স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অব্যাহত থাকবে।

ইউএনও আসমা উল হুসনা জানান, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে অভিযান চালানো হয়। ব্যবস্থাপত্রে আলীমুল নিজের নামের আগে ‘ডা.’ লিখে চিকিৎসক পরিচয় দিতেন। তবে তিনি এর পক্ষে বৈধ যোগ্যতার কাগজপত্র দেখাতে পারেননি। প্রায় ১৫ বছর ধরে এভাবে প্রতারণা করে আসছেন বলে তিনি স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আলীমুলকে প্রথমবারের মতো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযানে চিকিৎসায় ব্যবহৃত ডিভাইস ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ নাকি দল সামলানোর চেষ্টা?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


মিষ্টির পর ইশরাকের পদত্যাগ: পরিস্থিতি নিয়ন্ত্রণ নাকি দল সামলানোর চেষ্টা?

বিএনপি সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে দলের দুই নেতার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। প্রথমে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় সমালোচনার মুখে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদ ছাড়েন। এরপর অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন, যিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। উভয় ঘটনার পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের কথা আলোচনায় এসেছে। তবে ইশরাক দাবি করেছেন, তিনি নিজেই পদত্যাগের আগ্রহ প্রকাশ করেছিলেন।

দুটি নেতার পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনতে কি প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন? নাকি তিনি বিতর্ক এড়িয়ে সরকার ও দলের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছেন? একই সঙ্গে আলোচনা চলছে, বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিএনপির অভ্যন্তরে কি সবার জন্য একই নীতি অনুসরণ করা হচ্ছে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাবলী সরকারের সামনে দলীয় নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণ, জনআকাঙ্ক্ষা পূরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে এসেছে।

গত ১ অক্টোবর ঢাকার মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং পরিবার পরিকল্পনা কর্মসূচির কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। অভিযোগ ওঠে, ওই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা ছিল। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ সদস্যের পদ ছাড়েন মিষ্টি।

এরপর নতুন করে বিতর্কে জড়ান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গত শনিবার অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারের ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ইশরাকের পদত্যাগের পেছনেও প্রধানমন্ত্রীর নির্দেশের আলোচনা রয়েছে। তবে ইশরাক দাবি করেছেন, তিনি নিজেই পদত্যাগের আগ্রহ প্রকাশ করেছিলেন।

দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান কম হওয়ায় রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছেন প্রধানমন্ত্রী।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠতে থাকে। বিভিন্ন সময়ে দলটি তিন হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পরও দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে বিএনপি কতটা সফল হয়েছে, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

বিরোধী দলগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই বিভিন্ন এলাকায় দখল ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরে স্বল্প আয়ের পরিবারের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠান রাড্ডার কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এর পরপরই ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা আলোচনায় আসে। দুটি ঘটনাতেই দখল ও চাঁদাবাজির অভিযোগ ওঠে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এসব ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অস্ত্র হাতে ইশরাকের অভিযানের ভিডিও নতুন বিতর্কের জন্ম দেয়। মাদকের বিস্তার রোধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

ইশরাক প্রকাশ্যে বলেছেন, মাদক নিয়ে পুলিশকে জানিয়েও তিনি প্রতিকার পাননি। তার বক্তব্যের মধ্য দিয়ে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকারিতা নিয়ে সরকারের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপির এক নেতা বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তার বাস্তবতা এবং এ বিষয়ে ইশরাকের বক্তব্য পুরোপুরি ভুল নয়। তার মতে, পুলিশ ও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে না পারার অভিযোগও উড়িয়ে দেওয়া যায় না। সে ক্ষেত্রে ইশরাককে সরাসরি পদত্যাগের পরিবর্তে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেত।

ওই নেতার ধারণা, অস্ত্র হাতে অভিযান চালিয়ে ব্যক্তিগতভাবে বীরত্ব দেখানোর প্রবণতা যেন দলের অন্য নেতাদের মধ্যেও ছড়িয়ে না পড়ে, সে বিবেচনা থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।

ইশরাক এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানো, জিয়াউর রহমানের মাজারে ঠেলাঠেলি এবং জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনীর প্রধানের সঙ্গে স্যালুট দেওয়ার ঘটনায়ও তাকে নিয়ে আলোচনা হয়েছিল।

সাম্প্রতিক অস্ত্র হাতে অভিযানের ভিডিও সেই বিতর্ককে আরও বাড়িয়ে দেয়। তবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে—এমন প্রশ্নও সামনে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদের মতে, দেশের বিভিন্ন জায়গায় তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে উঠেছে। এ কারণে প্রধানমন্ত্রী হয়তো প্রতীকী পদক্ষেপ হিসেবে দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

তবে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন কি না, সে বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছু জানায়নি বলে উল্লেখ করেন তিনি।

মহিউদ্দিন আহমদ বলেন, দলের কিছু নেতার আচরণ ও পরিমিতিবোধের অভাব দৃষ্টিকটু হয়ে উঠছে। ইশরাক নিজে অবশ্য দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি। এসব ঘটনা বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয়।

তার মতে, ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রাড্ডা ঘটনায় হামলার পক্ষে বক্তব্য দেওয়া মিরপুরের এক সংসদ সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশ্ন উঠছে, দলীয় অভ্যন্তীণ রাজনীতি কি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে?

অর্থাৎ, বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দলের সব নেতার জন্য একই মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

জনআকাঙ্ক্ষার সঙ্গে সরকারের দূরত্ব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্লেষক কামরুল আহসানের মতে, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর পদক্ষেপ থেকে বোঝা যায়, তিনি এসব পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারছেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের সুফলভোগী হিসেবে বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক। ফলে দল ও সরকারকে সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। কিন্তু রাড্ডা ভাঙার মতো ঘটনা মানুষের কাছে ভিন্ন বার্তা দেয়।

কামরুল আহসানের মতে, এ কারণেই প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। এর মাধ্যমে তিনি দল ও সরকারের অভিভাবক হিসেবে সীমা লঙ্ঘন না করার বার্তা দিতে চেয়েছেন।

তবে তাঁর মতে, শুধু প্রধানমন্ত্রীর পদক্ষেপ যথেষ্ট নয়। দল হিসেবে বিএনপি এবং এর নেতাকর্মীরা এই বার্তা কতটা উপলব্ধি করেন এবং মাঠপর্যায়ে আচরণে পরিবর্তন আনেন, সেটিই হবে গুরুত্বপূর্ণ।

‘অন্যায় করলে কেউ রেহাই পাবে না’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মতে, সাম্প্রতিক পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে অন্যায় বা অপরাধ করে কেউ রেহাই পাবেন না।

ইশরাক মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—এটি ইতিবাচক হলেও অস্ত্র হাতে অভিযানের ধরন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রীর পদক্ষেপের মধ্য দিয়ে আইনের চোখে সবার সমান হওয়ার বিষয়টি নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে।

সামনে বড় চ্যালেঞ্জ

ফেরদৌসী আহমেদ মিষ্টি ও ইশরাক হোসেনের পদত্যাগ বিএনপির জন্য একই সঙ্গে সতর্কবার্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে দলীয় নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে সরকারের ভাবমূর্তি ও জনগণের প্রত্যাশার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রীর পদক্ষেপকে কেউ দেখছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে, কেউ মনে করছেন এটি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার কৌশল। আবার দলের ভেতরে সবার ক্ষেত্রে সমান ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও রয়ে গেছে।

শেষ পর্যন্ত এই পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে বিএনপি নেতাকর্মীদের আচরণে বাস্তব পরিবর্তন আসে কি না এবং অভিযোগ ওঠার পর সরকার কতটা নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে পারে, তার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%