ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

‘ওসি ভুয়া, ওসি ঘুষখোর’ স্লোগানে মুখর মহাসড়ক, রোকন হত্যার বিচারের দাবি


‘ওসি ভুয়া, ওসি ঘুষখোর’ স্লোগানে মুখর মহাসড়ক, রোকন হত্যার বিচারের দাবি

 

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে রোকন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ ৩০ অক্টোবর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন: সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ওসি ভুয়া ভুয়া, ওসি ঘুষখোর ঘুষখোর বলে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রোকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মহাসড়কের ওপর আন্দোলনকারীদের একপর্যায়ে ফুটবল খেলতেও দেখা যায়। এতে সড়কে অবস্থান নেওয়া কর্মসূচিটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আন্দোলনকারীরা জানান, প্রবাসী রোকন হত্যাকাণ্ডের পরদিন ১ অক্টোবর ভৈরব থানায় মামলা করা হয়। হত্যার প্রায় একমাস পেরিয়ে গেলেও পুলিশ হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। গত শুক্রবার স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে ওসি মাহবুবুর রহমান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর সফরের দোহাই দিয়ে মানববন্ধন স্থগিত করেন এবং এক সপ্তাহের মধ্যে খুনের রহস্য উন্মোচন করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। কিন্তু হত্যাকান্ডের বিষয়ে কোন অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। তারা বলেন, ভৈরব থানা পুলিশ ব্যর্থ হওয়ায় গত ২৪ অক্টোবর মামলাটি জেলা পুলিশ ডিবিকে দায়িত্ব দেন। এসময় আন্দোলনকারীরা হত্যার আসামি গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

মানববন্ধন শুরুর প্রায় ১ঘন্টা পর ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান একাধিক পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান। ওসি তখন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন থানা পুলিশ, ডিবি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মামলাটি নিয়ে কাজ করছেন। তিনি তখন আন্দোলনকারীদের সময় দিতে বলেন আসামি গ্রেপ্তারের জন্য। পরে আন্দোলনকারীরা তাদের সড়ক অবরোধ তুলে নিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি লোকজন হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহবায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া, মাওলানা আজিজ মিয়া প্রমুখ।

আরও পড়ুন: হাইকোর্টে রিটের অজুহাতে ঝুলে আছে এলিট টাওয়ারের অবৈধ অংশ অপসারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার দেশে ফিরছে নওগাঁর পাঁচ প্রবাসীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


শনিবার দেশে ফিরছে নওগাঁর পাঁচ প্রবাসীর লাশ

অবশেষে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার প্রহর শেষ হতে চলেছে। সৌদি আরবের রিয়াদে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর লাশ শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া পাঁচ প্রবাসীর লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দেশে ফিরতে যাওয়া পাঁচ প্রবাসী হলেন—নওগাঁ পৌর এলাকার পার-নওগাঁর মজনু রহমানের পুত্র মো. শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের নাজমুল হুদার পুত্র হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের পুত্র মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের পুত্র মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজাহার আলীর পুত্র সাগর আলী।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মোট ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘটে। তাদের মধ্যে নওগাঁর ১২ জন ছিলেন। ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের লাশ দেশে আনা হলেও আইনিপ্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণের জটিলতার কারণে বাকি পাঁচজনের মরদেহ সৌদির হিমঘরে রাখা হয়েছিল।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, আইনিপ্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদ দূতাবাসের সমন্বয়ে দ্রুততম সময়ে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

—এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা বিক্ষোভ

ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।

৩০ অক্টোবর(সকালে) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটিকে স্বাগত জানিয়ে এ মিছিলটি সংগঠনের নেতাকর্মীদের দ্বারা অনুষ্ঠিত হয়।

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশনায় আয়োজিত এই মিছিলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি বিক্ষুব্ধ অবস্থায় ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান জানান দেন।

মিছিলে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি কাজল সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ জয়, সভাপতি মাহফুজ তালুকদার, যুবলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, গত কয়েকদিন পূর্বে নবগঠিত তারাকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে কাজল সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে এসএম জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করে একটি কমিটি গঠনের পর এই প্রথম বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাশিদ বলেন, তারাকান্দা এবং গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঝটিকা মিছিল করার সময় পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা পালিয়ে যায়। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


সায়দাবাদে সড়ক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী যুবক নিহত

রাজধানীর সায়দাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ বছর বয়সী যুবক আরিয়ান। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে তার স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, আরিয়ান গুলিস্তানের ফুটপাতে জুতা বিক্রি করতেন এবং প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরতেন। বৃহস্পতিবার রাত ৩টা পেরিয়ে গেলেও তার বাসায় না ফেরায় সোহাগ তাকে খুঁজতে গুলিস্তানে যান। সেখানে না পেয়ে ফেরার পথে সায়দাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে মানুষের জটলা দেখতে পান। কাছে গিয়ে তিনি আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগ মিয়ার ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, আরিয়ানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদের ভূঁইয়া। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন। এক বছর আগে বিয়ে করেন আরিয়ান। তার স্ত্রী মিম চার মাসের অন্তঃসত্ত্বা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারফেক্ট হ্যাটট্রিক: যেখানে রোনালদোর ধারে কাছেও নেই মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


পারফেক্ট হ্যাটট্রিক: যেখানে রোনালদোর ধারে কাছেও নেই মেসি

ক্রিস্তিয়ানো রোনালদো হ্যাটট্রিকের সংখ্যায় লিওনেল মেসিকে আরও পিছনে ফেলেছেন। ২৯ অক্টোবর আল-খুলুদের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে তিনি তিন গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক সম্পন্ন করেন। এটির মাধ্যমে তাঁর ১১তম ‘পারফেক্ট হ্যাটট্রিক’ও পূর্ণ হলো। বর্তমানে হ্যাটট্রিকে রোনালদো ৬৭-৬২ ব্যবধানে এগিয়ে আছেন, আর পারফেক্ট হ্যাটট্রিকে ব্যবধান ১১-০।

পারফেক্ট হ্যাটট্রিক বলতে বোঝায় একই ম্যাচে ডান পা, বাঁ পা এবং মাথা দিয়ে একটি করে গোল করা। আল-খুলুদের বিপক্ষে রোনালদোর তিনটি গোলও এই তিন পদ্ধতিতে এসেছে। তিনি ৬৬ মিনিটে ডান পায়ে, ৭২ মিনিটে বাঁ পায়ে এবং ৮১ মিনিটে মাথায় গোল করে ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন। ২০২৪ সালের ৪ মে আল-ওয়াহদার বিপক্ষে হ্যাটট্রিক করার পর ৯০৮ দিনের অপেক্ষার অবসান ঘটে তাঁর।

অন্যদিকে, মেসির ক্যারিয়ারে হ্যাটট্রিকের সংখ্যা ৬২। এর মধ্যে ক্লাবের হয়ে ৫১টি এবং আর্জেন্টিনার হয়ে ১১টি। রোনালদোর ক্লাব হ্যাটট্রিক ৫৭টি, আর পর্তুগালের হয়ে ১০টি। আন্তর্জাতিক হ্যাটট্রিকে মেসি ১১-১০ ব্যবধানে এগিয়ে আছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুজনের হ্যাটট্রিক সমান ৮টি করে।

মেসির ৬২ হ্যাটট্রিকের মধ্যে ২৭টিতে তাঁর দুর্বল পায়ের গোল রয়েছে এবং মাত্র ৩টিতে হেডের গোল এসেছে। প্রচলিত সংজ্ঞা অনুযায়ী, তাই তাঁর কোনো পারফেক্ট হ্যাটট্রিক নেই। বিপরীতে, রোনালদোর ৬৭ হ্যাটট্রিকের মধ্যে ৩০টিতে হেডের গোল এবং ৩৪টিতে দুর্বল পায়ের গোল রয়েছে। এ কারণে পারফেক্ট হ্যাটট্রিকে রোনালদোর আধিপত্য স্পষ্ট।

যদিও হ্যাটট্রিকের সংখ্যায় রোনালদো এগিয়ে আছেন, প্রতি ম্যাচে হ্যাটট্রিকের হিসাব অনুযায়ী মেসি সামান্য এগিয়ে। বর্তমানে মেসি প্রায় প্রতি ১৯.১ ম্যাচে একটি হ্যাটট্রিক করেছেন, যেখানে রোনালদোর হার প্রায় প্রতি ২০ ম্যাচে একটি। মেসির চার গোলের ম্যাচ ৭টি এবং পাঁচ গোলের ম্যাচ ২টি। রোনালদোর চার গোলের ম্যাচ ৯টি এবং পাঁচ গোলের ম্যাচ ২টি।

মেসির প্রথম হ্যাটট্রিক এসেছিল ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সর্বশেষ তালিকাভুক্ত হ্যাটট্রিক ২০২৬ সালের ২৯ আগস্ট মন্ট্রিয়ালের বিরুদ্ধে চার গোলের পারফরম্যান্স। অন্যদিকে, আল-খুলুদের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকই তাঁর সর্বশেষ এবং ৬৭তম।

দুজনের হ্যাটট্রিকের ধরনেও রয়েছে বেশ কিছু ব্যতিক্রম। মেসি ২০১৪ সালে আপোয়েলের বিপক্ষে একই ম্যাচে তিনটি গোলই ডান পায়ে করেছিলেন। ২০১৯ সালে সেল্তা ভিগোর বিপক্ষে তাঁর একটি হ্যাটট্রিকে ছিল দুটি সরাসরি ফ্রি-কিক ও একটি পেনাল্টি। রোনালদো আবার ইংল্যান্ড, স্পেন, ইতালি, সৌদি আরব ও আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিক করেছেন।

সব মিলিয়ে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত হিসাব বলছে, মোট হ্যাটট্রিকে রোনালদো ৬৭-৬২ ব্যবধানে এগিয়ে। পারফেক্ট হ্যাটট্রিকে তাঁর সামনে ১১টি, মেসির শূন্য। তবে আন্তর্জাতিক হ্যাটট্রিক এবং ম্যাচপ্রতি হ্যাটট্রিকের কার্যকারিতায় মেসিরও রয়েছে এগিয়ে থাকার জায়গা। ফলে দুই মহাতারকার হ্যাটট্রিকের লড়াইয়ে সংখ্যার পাশাপাশি গোল করার ধরনও তৈরি করেছে আলাদা এক পরিসংখ্যানের প্রতিদ্বন্দ্বিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%