০৬:২৯ এম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একইসঙ্গে, তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যাই হোক না কেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তবে, যদি কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হবে না। জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন