প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই দুই দিনের বৈঠকটি গত ফেব্রুয়ারির পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা হিসেবে চিহ্নিত হয়েছে।
দ্য গার্ডিয়ান জানাচ্ছে, আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির কারণে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। তারা ইউরোপকে আলোচনার টেবিলে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করার পাশাপাশি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচিত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলার জন্য নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার বলেছেন, নতুন কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হতে পারে। এতে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও উপস্থিত রয়েছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশের গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও আলোচনায় রাখা হয়েছে।
দখল চার এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ২০২২ সালের সেপ্টেম্বরে অঞ্চল চারটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি মস্কো। পাশাপাশি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বন্ধ, সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ এবং রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি রয়েছে রাশিয়ার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতিকে বৃহত্তর সমঝোতার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত সমঝোতায় ইউক্রেনের বর্তমান ভূখণ্ডের আকার কিছুটা পরিবর্তিত হতে পারে।
যুদ্ধে চার লাখ রুশ সেনা নিহতের তথ্য প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া রুশ সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত চার লাখ ১২ হাজার ৫৭৬ রুশ সেনা নিহত হয়েছেন। দেশটির পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো। তবে তথ্যগুলোর সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ভারতের সহযোগিতার প্রস্তাব এসেছে। আবুধাবি বৈঠকের আগে গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় ভারতের সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি। দুই নেতা যুদ্ধের মানবিক প্রভাব, কৃষ্ণসাগরে খাদ্যশস্য পরিবহন এবং ভারত-ইউক্রেন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। ফার্স্ট পোস্টের খবর অনুযায়ী, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য করিডোর প্রতিষ্ঠায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি।
সাবেক সোভিয়েত বলয়ে রাশিয়ার প্রভাব কমছে। অন্যদিকে, সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ওপর রাশিয়ার প্রভাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। মস্কোয় আজ বুধবার সমষ্টিগত নিরাপত্তাচুক্তি সংস্থার (সিএসটিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আর্মেনিয়া সংস্থাটির কার্যক্রমে অংশ নিচ্ছে না। নাগোরনো-কারাবাখ সংঘাতে সহায়তা না পাওয়ায় সংস্থাটির ওপর আস্থা হারিয়েছে দেশটি।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সিএসটিওতে তাদের আগ্রহের অবসান ঘটেছে। এদিকে মধ্য এশিয়ার দেশগুলোও তুরস্কের নেতৃত্বাধীন সংস্থাসহ বিকল্প নিরাপত্তা সহযোগিতার দিকে ঝুঁকছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন