ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৭ ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা, রেখে গেল ‘প্রমাণ’


৭ ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা, রেখে গেল ‘প্রমাণ’

টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। 

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া পড়ে দেখতে পাই। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে গিয়ে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি, ৭টি ঘোড়ার মাংস নিতে পেরেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবো। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা- রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে।

তিনি বলেন, ভোর হয়ে গেছে, এজন্য ৭টি ঘোড়ার মাংস নিতে নিয়ে তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ধারণা করছি- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো.সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিলন উদ্দিনের ছেলে মোঃ মুন্না (২৩)।

রবিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮জন জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর...

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তকে কান্দিপাড়া বাজার থেকে ওইদিন রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। 

প্রস্তাবে রাজি না হওয়ায় ২৫ আগস্ট বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানের কলাবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বৃদ্ধ ছমির উদ্দিন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটি মহল। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:২০ পি.এম


এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী পাস করতে পারেনি কিংবা শিক্ষা স্রোতধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে পড়েছে, তাদের রাষ্ট্র কোনোভাবে বোঝা হিসেবে বিবেচনা করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আগের সরকার এসব অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ভাবেনি। কিন্তু আমরা তাদের জন্য বিশেষ পলিসি তৈরি করছি।’

পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, অনুত্তীর্ণ তরুণদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি বিভিন্ন কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করে দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। এ ছাড়া তাদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের গুণগত মান এবং মূল্যায়নের স্বচ্ছতা বজায় রাখা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিগত সরকারের আমলে পরিসংখ্যানে সফলতা বড় করে দেখানোর জন্য কৃত্রিমভাবে জিপিএ-৫-এর বন্যা ভাসিয়ে দেওয়ার একটি সংস্কৃতি চালু ছিল। এমনকি পরীক্ষা না দিলেও পাস করিয়ে দেওয়ার মতো আত্মঘাতী পথ বেছে নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, এবার সেই পুরোনো চর্চা পুরোপুরি বন্ধ করা হয়েছে। মূল্যায়নে কোনো ধরনের গ্রেস নম্বর দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীরা শতভাগ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রক্রিয়ায় নিজেদের অর্জিত সঠিক ফলাফল হাতে পেয়েছে।

অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে বিকল্প দক্ষতামূলক প্রশিক্ষণে যুক্ত হওয়ার আহ্বান জানান মাহদী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম

মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস)’ নামে নতুন একটি ব্যবস্থা চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ এর সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সিস্টেম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশের প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি, এসসিও জাহাঙ্গীর হোসেন ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সেলর রুবেন গ্রে। স্বাগত বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। আরডিএমএস-এর উদ্দেশ্য ও সুবিধা সম্পর্কে আলোকপাত করেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মানবপাচার প্রতিরোধ ও উদ্ধারকৃতদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া বেগবান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডোমেইনে রেফারাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস) অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন ড. জিয়াউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ফেরত আসা ব্যক্তি ও সারভাইভারদের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণে আরডিএমএস প্ল্যাটফর্মটি ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া, শিশুদের নিখুঁতভাবে শনাক্ত করতে এটিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের পাশাপাশি পাসপোর্ট সেবার সঙ্গে সমন্বিত করার কাজ চলমান রয়েছে। অবৈধ অভিবাসন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখার (এসবি) নিরলস প্রচেষ্টার প্রশংসা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তঃসংস্থার সমন্বিত এ উদ্যোগ সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় আরডিএমএস তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিস্টেমটির উন্নয়ন ও আপগ্রেডেশনে সহায়তা করেছে অস্ট্রেলিয়া সরকার। এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশে থেকে দেশে ফেরানোর সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও সহজ ও কার্যকর হবে।

মানবপাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিসহ বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় একাধিক সরকারি সংস্থার সম্পৃক্ততা থাকে। এ প্রক্রিয়ায় জাতীয়তা যাচাই, পুলিশ রেকর্ড যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। প্রচলিতভাবে এসব কাজের বড় একটি অংশ কাগজপত্র ও চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত হওয়ায় অনেক সময় প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব হয়।

অনুষ্ঠানে আরডিএমএস-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তুলে ধরে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ। উপস্থাপনায় দেখানো হয়, কীভাবে এই সিস্টেমের মাধ্যমে প্রত্যাবাসন-সংক্রান্ত মামলার তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, জাতীয়তা ও পুলিশ রেকর্ড যাচাই আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা এবং তথ্যের নির্ভুলতা, স্বচ্ছতা ও সহজে অনুসরণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। 

একইসঙ্গে সিস্টেমটি প্রত্যাবাসন-সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া এবং রিয়েল-টাইমে অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সুযোগ দেবে।

আরডিএমএস-এর মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও নির্ধারিত ও সমন্বিত পদ্ধতিতে প্রত্যাবাসনের আবেদন করতে পারবে। জাতীয়তা যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানও আরও সহজ হবে। একইসঙ্গে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য নিরাপদভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টিও সিস্টেমে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরডিএমএস চালুর মাধ্যমে তথ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন ঘটেছে। নতুন এই সিস্টেম বিদেশ থেকে দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের জন্য আরও সমন্বিত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরডিএমএস উন্নয়ন ও শক্তিশালী করার ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ, অস্ট্রেলিয়া সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%