ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন


সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন

‎রাঙামাটির সাজেকে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে হেডম্যান ও কারবারিদের সঙ্গে জরুরি সভা করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।
‎
‎সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের নাম আসায় হেডম্যান ও কারবারিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আন্দোলনের শুরু থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করা হচ্ছে।
‎
‎ওয়াদুদ ভূঁইয়া জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য রাঙামাটির তিনজন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কারবারিরাও যুক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।
‎
‎তিনি আরও বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি। শনিবার আন্দোলনকারীদের একটি বিবৃতির মাধ্যমে আলোচনায় বসার আগ্রহের কথা জানা গেছে। এতে সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে।
‎
‎সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে এবং সাজেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রটিতে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক করার পথ তৈরি হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির কারণে জনগণের ব্যয় বাড়ছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


চাঁদাবাজির কারণে জনগণের ব্যয় বাড়ছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, "চাঁদাবাজির কারণে জনগণের ব্যয় বাড়ছে।" তিনি রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের পর সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। এরপর অন্তর্বর্তী সরকার জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশন গঠন করে। বহু আলাপ-আলোচনা শেষে বেশিরভাগ বিষয়ে একমত পোষণ করে একটি সনদ বাস্তবায়ন করা হয়। এর ভিত্তিতে সবাই এই সনদে স্বাক্ষর করেন। জনগণের আকাঙ্ক্ষা হ্যাঁ-এর পক্ষে রায় পেয়েছে।

জামায়াত আমির আরও বলেন, "আমরা আগে গণভোট চেয়েছিলাম, পরে ভোট চেয়েছিলাম। কিন্তু আমাদের শঙ্কা সত্য হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, পরিবর্তনের রাজনীতি ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানো হলেও দেশে বৈষম্য বাড়ছে।

ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, "ফ্যাসিবাদ তাড়াতে পারেননি।" তিনি শেখ হাসিনার ৪১ সালের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে আন্দোলন করে এগিয়ে গেছি।" তিনি প্রশ্ন করেন, "অতীত ভুলে গেলেন?" সংবিধান মানলে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন হত না। তিনি বলেন, "সংবিধানের নেশা থেকে বেরিয়ে আসেন।" তিনি অভিযোগ করেন যে, জাতির সঙ্গে দেয়া কথা তারা রাখেননি এবং জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করেছেন।

জামায়াত আমির বলেন, "তারা নতুন নতুন প্ল্যান করছে।" তিনি অভিযোগ করেন যে, বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে এবং আওয়ামী লীগ বলেছে যে, ৯০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে জিতিয়ে দিয়েছে। তিনি বলেন, "সীমান্তের ওপার থেকে টাকা আসে। আমরা নাকি এই টাকায় দেশে অস্থিরতা করি।"

ডা. শফিকুর রহমান জনগণকে কার্ডের কথা বলেছেন এবং প্রশ্ন করেন, "কতজনকে কার্ড দেবেন?" তিনি অভিযোগ করেন যে, "তার আগেই জনগণের ওপর বোঝা চাপিয়েছেন।" তিনি চাঁদাবাজির কারণে ব্যয় বাড়ার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, "রাড্ডায় হামলা চালিয়েছেন।" এমপিকে পদত্যাগ করানো হলেও তাকে আইনের আওতায় আনা হয়নি। জামায়াত আমির জানান, "চাঁদা চাওয়ার পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, এক সময় তারেক রহমানের কাছে চাইবে।"

তিনি আরও বলেন, "এত তাড়াতাড়ি আমাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলছেন।" তিনি প্রশাসকদের বিভিন্ন স্থানে বসানোর বিষয়টি উল্লেখ করে বলেন, "সালাহউদ্দিন আহমেদ পারদর্শী লোক। সব মন্ত্রণালয় দেখেন।" তিনি অভিযোগ করেন যে, মাদক তার সংসদীয় এলাকা দিয়ে ঢুকে।

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা জনগণের অধিকার আদায়ের দাবি নিয়ে আন্দোলনে নেমেছি।" তিনি জানান, "এখানে আমাদের কিংবা ১১ দলীয় ঐক্যের কোনো দাবি নেই। জনগণের দাবিতেই আমাদের আন্দোলন।"

তিনি ঘোষণা করেন, "আগামী লংমার্চ ঢাকা থেকে কুষ্টিয়ায় শেষ হবে।" তিনি সতর্ক করেন যে, "আগামী ৩১ অক্টোবর লংমার্চে বাধা দিলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।" তিনি বলেন, "কোনো ষড়যন্ত্র আমরা মানবো না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত, সংযোগ স্থাপন হলেই মিলবে সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


নরসিংদী জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত, সংযোগ স্থাপন হলেই মিলবে সেবা

নরসিংদী, ২৫ অক্টোবর, ২০২৬ : নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে একটি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে গত ২৫ আগস্ট। তবে, রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য এটি এখনও কার্যকর করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে, সেন্ট্রাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযোগ স্থাপন হলে শুধু নরসিংদী জেলা হাসপাতাল নয়, বরং জেলার অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেনের চাহিদাও এই প্ল্যান্টের মাধ্যমে পূরণ করা যাবে।

দেশের ২২ জেলায় ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যার লক্ষ্য সরকারি হাসপাতালগুলোতে কম খরচে নিরবচ্ছিন্ন মেডিকেল অক্সিজেন সরবরাহ করা।

গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং ইউএনওপিএস বাংলাদেশের তত্ত্বাবধানে এসব প্ল্যান্ট নির্মাণে প্রায় ১৭০ কোটি টাকা ব্যয় হয়েছে।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে স্থাপিত প্ল্যান্টটি অক্সিজেন উৎপাদন এবং সিলিন্ডারে ভরার সক্ষমতা রাখে। কিন্তু হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযোগ না থাকায় উৎপাদিত অক্সিজেন ওয়ার্ডগুলোতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় স্থাপিত এসব প্ল্যান্টে কর্মরত ১৫৩ জনের চাকরির মেয়াদ বাড়ানো ও তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম (৩৩) মন্তব্য করেছেন, "কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ করার পরও যদি প্রয়োজনীয় সংযোগের অভাবে একটি অক্সিজেন প্ল্যান্ট চালু করা না যায়, তাহলে এর মাধ্যমে সরকারের বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত হবে না। আমরা আশা করবো, যাতে সরকার এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন।"

প্ল্যান্টের টেকনিশিয়ান অনিক রায় জানান, "দুই ধাপে আমাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তবে প্ল্যান্ট স্থাপনের কারিগরি কাজ শেষ হয়েছে। সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবে।"

প্ল্যান্টের অপারেটর মো. মুহিবুল্লাহ বলেন, "সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ স্থাপনের পর কোনো কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলেও এই প্ল্যান্টের মাধ্যমে ১৫ থেকে ২০ দিনের জন্য অক্সিজেন সরবরাহের ব্যাকআপ রাখা সম্ভব। এখন সবচেয়ে জরুরি হলো সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ দেওয়া।"

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যান্টটির সঙ্গে সেন্ট্রাল অক্সিজেন লাইনের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী দুই মাসের মধ্যে সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বাসসকে জানান, "আমরা অচিরেই সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সংযোগ স্থাপন করা হলে আমাদের প্ল্যান্ট থেকে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।"

তিনি আরও বলেন, "প্ল্যান্টটি গত ২৫ আগস্ট নির্মাণ শেষ হয়েছে। অচিরেই রোগীরা এর সুফল ভোগ করবেন বলে আমরা আশা করছি।"

প্রকল্প-সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন, পিএসএ প্ল্যান্ট চালু হলে স্থানীয়ভাবে উৎপাদিত অক্সিজেন ব্যবহারের ফলে সরকারের ব্যয় কমবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে হাসপাতালগুলোতে অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

ইউএনওপিএসের সহকারী পরিচালক হাসান আলী বাসসকে জানিয়েছেন, "আমরা অক্সিজেন প্ল্যান্টগুলোকে সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করছি। এ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির সুরক্ষার বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই স্থানে রয়েছে। আজ রোববার সকাল ছয়টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। উপকূলের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও এখনও পর্যন্ত বড় কোনো প্রভাব পড়েনি। তবে, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে দূরবর্তী ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। নিষেধাজ্ঞার শেষ ৫ দিন বাকি থাকতেই আবহাওয়া আবার খারাপ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় শিক্ষককে মক্তব শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ধর্মীয় শিক্ষককে মক্তব শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।

এছাড়াও, আসামির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়ে থাকে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মুছা মিয়া মক্তবটির পরিচালনা করেন।

গত ২০২০ সালের ২৮ নভেম্বর, মক্তবের ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক মুছা মিয়া সকল ছাত্র-ছাত্রীদের ছুটি দেন। কিন্তু ভিকটিম কিশোরীকে (১৫) তিনি পরে বাড়ি যেতে বলেন।

এক পর্যায়ে, মসজিদের ভেতরে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানীর পর ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে, আসামির উপস্থিতিতে রোববার রায় ঘোষণা করা হয়।

এ সময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%