০৮:৪৩ এম
নেপাল-তিব্বত সীমান্তের অঞ্চলে ঘটে যাওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬৭৫-এ পৌঁছেছে। এ ঘটনায় অন্তত ২৪০০ জন নিখোঁজ রয়েছেন।
এই দুর্যোগটি নেপাল-তিব্বত সীমান্তের নিকটবর্তী এলাকায় সৃষ্ট হয়েছে, যেখানে কাদা ও ধ্বংসাবশেষ নদীর তীরবর্তী শহর ও গ্রামগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে। ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে ১৫০০০-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারের ব্যবহার অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
এখন পর্যন্ত ৪৪০০-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ১৬৭ জন ভারতীয় এবং ৪০ জন চীনা নাগরিকসহ মোট ২৬১ জন বিদেশি পর্যটক অন্তর্ভুক্ত রয়েছে।
আটটি জেলা থেকে উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে চিতাওয়ানে ২৪৬ জন, পূর্ব নওয়ালপরাসীতে ১৬৫ জন, পশ্চিম নওয়ালপরাসীতে ৬৩ জন, গোর্খায় ৫৭ জন, নুয়াকোটে ৫১ জন, ধাদিঙে ৪৫ জন, তানাহুতে ৩৫ জন এবং রাসুয়ায় ১৩ জন রয়েছেন।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, রাষ্ট্রের সব শক্তি ও ব্যবস্থা কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানো বর্তমান সময়ে সরকারের প্রধান অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের সনাক্তকরণ ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য আন্তর্জাতিক কূটনীতিকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
প্রতিবেশী ভারত এ পর্যন্ত ৫৭.৬ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ভারতীয় একটি ১১ সদস্যের বিশেষজ্ঞ দল উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে এবং জলবিদ্যুৎ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সহায়তা করছে। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে ভারতের এই সহায়তাকে ‘অসাধারণভাবে উদার’ হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, নেপাল সীমান্ত সংলগ্ন চীনের অংশেও ৭ জন নিহত এবং ৫৫০ জন নিখোঁজ রয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নেপালকে বিশেষ সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ভারতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালাতে চায় জাপান
আবহাওয়া বিভাগ বন্যাকবলিত এলাকায় নতুন করে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাশাপাশি, উজানে একটি কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় ভাটি অঞ্চলে পুনরায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পুরো ক্ষতিগ্রস্ত অঞ্চলে বর্তমানে ‘উচ্চ সতর্কতা’ জারি রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন